সেতুর প্রস্থ মাত্র ১২ ফুট। পাশাপাশি একসঙ্গে দুটি গাড়ি চলাচল করতে পারে না। এক পাশের যানবাহন পারাপারের সময় বন্ধ থাকে আরেক পাশ। পারাপারের সময় কোনো গাড়ি আটকে গেলে তো আর রক্ষা নেই। সড়কের উভয় পাশে লেগে যায় যানজট। ভোগান্তি বাড়ে যাত্রীদের। এ ছাড়া ওই সেতু পাড়ি দিতে গিয়ে প্রায় সময় ঘটছে দুর্ঘটনা। চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের ফটিকছড়ি উপজেলার কুম্ভারপাড়া-সংলগ্ন সেতুটি এখন দুর্ভোগের অন্যতম কারণ।নাজিরহাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. রফিক উদ্দিন জানান, সেতুটি সরু হওয়ায় ১ জুলাই একটি যাত্রীবাহী অটোরিকশা পার্শ্ববর্তী গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে এক ব্যক্তি নিহত এবং অপর তিন যাত্রী আহত হন। এ ছাড়া ১২ জুলাই সেতু থেকে নামার সময় একটি মিনিবাস ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এতে মিনিবাসের ১৩ যাত্রী আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়। পরে পুলিশ গাড়ি দুটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। থানা সূত্র ও যানবাহন চালকদের সঙ্গে আলাপ করে জানা যায়, এ সড়ক দিয়ে প্রতিদিন দূরপাল্লার কমপক্ষে পাঁচ হাজার ছোট-বড় গাড়ি চলাচল করে। বৃহত্তর চট্টগ্রামের খাগড়াছড়িসহ উত্তর চট্টগ্রামের সঙ্গে যোগাযোগের এটিই একমাত্র মাধ্যম। এ ছাড়া পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি থেকে পণ্য আনা-নেওয়া করা হয় এ সড়ক দিয়ে।ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ বেপারী বলেন, কুম্ভারপাড়া-সংলগ্ন এই সরু সেতু দিয়ে যাতায়াতের সময় গাড়ি পাশ কাটাতে গিয়ে প্রায় সময় বিভিন্ন যানবাহন দুর্ঘটনায় পড়ে। এ ছাড়া যানজট লেগেই থাকে। স্থানীয় বাসিন্দা মো. সিরাজুদ্দৌলাহ বলেন, সেতুটি বেশি সরু হওয়ায় গত এক বছরে কমপক্ষে ২০টি দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয় ব্যক্তি নিহত এবং অর্ধ-শতাধিক ব্যক্তি পঙ্গু হয়েছেন।নাজিরহাট-ফটিকছড়ি সড়কের মিনিবাসচালক মো. আজম উদ্দিন বলেন, আল্লাহর নাম নিয়ে ভয়ে ভয়ে সরু সেতুটি পার হই। দুই দিক থেকে আসা যানবাহনকে দিক নির্দেশনা দেওয়ার কোনো ব্যবস্থা না থাকায় অনেক সময় সেতুতে উঠে আটকে থাকতে হয়। কারণ, তখন বিপরীত দিকের গাড়িও সেতুতে উঠে যায়। ওই সড়কে চলাচলকারী নাজিরহাট বাজারের ব্যবসায়ী মুহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে কুম্ভারপাড়া-সংলগ্ন সরু সেতুটি দ্রুত সংস্কার করে সেখানে আরেকটি নতুন সেতু স্থাপন জরুরি হয়ে পড়েছে। এ প্রসঙ্গে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. শফিউল্লাহ খান প্রথম আলোকে বলেন, কুম্ভারপাড়া-সংলগ্ন সরু সেতুটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। তবে চলতি বছর পর্যাপ্ত অর্থ নেই। অর্থ বরাদ্দ পেলে সেতুটির সংস্কার করা হবে। আপাতত দুর্ঘটনা এড়াতে ওই স্থানে ‘ঝুঁকিপূর্ণ সরু সেতু’ লেখা সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে।