সরে গেছে মাটি, বিপজ্জনক ছয় সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাটি সরে যাওয়ায় বিপজ্জনক হয়ে উঠেছে আনোয়ারার ছয়টি সড়ক। গত বর্ষায় সড়কগুলোর পাশের মাটি সরে যাওয়ার পর প্রায় বছর গড়ালেও মেরামত হয়নি। এখন সামনের বর্ষা মৌসুমে সড়কগুলো ভেঙে যেতে পারে, এমন আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। তবে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) বলেছে বর্ষার আগেই সমস্যার সমাধান হবে।

সরেজমিনে দেখা যায়, আনোয়ারা উপজেলার প্রায় সব কটি সড়কের মাটি সরে গেছে। গত বর্ষায় তীব্র বৃষ্টির কারণে এমনটা ঘটেছে বলে স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকেরা জানান। এবার বর্ষার আগে এসব সড়কে মাটি দিয়ে ভরাট করা না গেলে কিংবা ইট বিছানো না গেলে দুর্ঘটনার আশঙ্কা করছেন চালক ও যাত্রীরা।

সরেজমিন চোখে পড়ে, আনোয়ারা উপজেলার উপর দিয়ে যাওয়া পটিয়া-আনোয়ারা-বাঁশখালী সড়ক (পিএবি সড়ক), চট্টগ্রাম-আনোয়ারা সড়ক, আনোয়ারা-বরকল সড়ক, আনোয়ারা-রুস্তমহাট সড়ক, বটতলী-জুঁইদন্ডী সড়ক ও মুরালী-ছত্তারহাট সড়কের বিভিন্ন স্থানে দুপাশে মাটি ক্ষয়ে গেছে। দুপাশের মাটি সরে যাওয়ায় বর্তমানে সড়কগুলো নিচু হয়ে পড়েছে। ফলে একটি গাড়ি আরেকটিকে পাশ কাটাতে গেলে দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়।

উপজেলার বরুমচড়া গ্রামের বাসিন্দা সাইফুল আনোয়ার প্রথম আলোকে বলেন, ‘প্রতিদিন গ্রাম থেকে শহরে যাতায়াত করি। কিন্তু সড়কের দশা দেখলে ভয়ে থাকি কখন দুর্ঘটনায় পড়ি।’

বাস চালক আবদু শুক্কুর বলেন, ‘সড়কের মাটি সরে যাওয়ায় কোনো গাড়িকে পাশ কাটাতে গেলে ভয়ে বুক কাঁপে। সব সময় রাস্তার পাশে গাড়ি উল্টে পড়ায় ভয় থাকে।’

এ ব্যাপারে জানতে চাইলে পিএবি যান যানবাহন মালিক সমিতির সভাপতি জাফর উদ্দিন চৌধুরী বলেন, ‘উপজেলার প্রায় সব সড়কের মাটি সরে যাওয়ায় চালকেরা ভয়ে ভয়ে গাড়ি চালান।’

জানতে চাইলে সওজের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, আনোয়ারার সবকটি সড়কই এখন বিপজ্জনক হয়ে পড়েছে। বর্ষার আগেই এ সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হবে।