সরে পড়ছেন বিনিয়োগকারীরা, সংকটে ব্রোকারেজ হাউস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজার কিছুতেই স্থিতিশীল হচ্ছে না। ফলে আতঙ্ক কাটছে না সাধারণ বিনিয়োগকারীদের। গত কয়েক দিনের ক্রমাগত দরপতন তাঁদের আরও বেশি আশাহত করেছে। ইতিমধ্যে ক্ষুদ্র বিনিয়োগকারীদের অনেকে তাঁদের বিনিয়োগ তুলে নিচ্ছেন। কারণ তাঁরা ঋণের বোঝা বহন আর লোকসান গোনার চেয়ে বাজার থেকে সরে পড়াটাই ভালো মনে করছেন। এদিকে, বিনিয়োগের পরিমাণ কমে যাওয়া এবং ব্যাংকের তারল্যসংকটের কারণে ব্রোকারেজ হাউসগুলোও স্থবির হয়ে পড়েছে। এ অবস্থায় ব্যবসা গুটিয়ে নেওয়ার চিন্তা করছে কিছু প্রতিষ্ঠান। কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও আনুষঙ্গিক খরচ মেটানো কঠিন হয়ে পড়েছে তাদের জন্য। বিনিয়োগকারী ও বিভিন্ন ব্রোকারেজ হাউস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পুঁজিবাজারের সাম্প্রতিক এ চিত্র ধরা পড়ে। সংশ্লিষ্ট ব্যক্তিদের কথা—বাজার স্থিতিশীল করতে সরকারকেই এগিয়ে আসতে হবে, নয়তো পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হবে। এ নিয়ে নানা বিভ্রান্তি ও গুজব বিনিয়োগকারীদের আরও বেশি বাজারবিমুখ করে তুলবে। ব্রোকারেজ হাউস বি রিচের বিজনেস ডেভেলপমেন্ট প্রধান মুনিজা আহমেদ বলেন, ‘আমরা জেনেছি, ইতিমধ্যে অনেক ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগকারী পুঁজিবাজার থেকে তাঁদের টাকা তুলে নিয়েছেন। কারণ তাঁরা আর ভরসা পাচ্ছেন না। এটা পুঁজিবাজারের জন্য শুভ লক্ষণ নয়। বিনিয়োগকারীদের স্বার্থে সরকারকে এগিয়ে আসতে হবে। তা না হলে বাজার আরও অস্থিতিশীল হবে।’বাজার বিশ্লেষক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘বাজারে এখনো স্থিতিশীলতা আসেনি। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসির) পুনর্গঠন ছাড়া এ ক্ষেত্রে খুব একটা সুফল পাওয়া যাবে বলে মনে হয় না।’ নাম প্রকাশে অনিচ্ছুক একটি ব্রোকারেজ হাউসের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ‘একসময় বিও অ্যাকাউন্ট খোলার যে চাপ ছিল এখন তা নেই। আবার ব্যাংকগুলোতেও তারল্য-সংকট চলছে। এ অবস্থায় আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখাটাই কঠিন হয়ে পড়েছে। কয়েকটি প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পথে।’ এদিকে বাজারে বাংলাদেশ ফান্ডের কোনো ইতিবাচক প্রভাব না দেখেও অনেক বিনিয়োগকারী হতাশ হয়েছেন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সভাপতি ফখর উদ্দিন আলী আহমেদ বলেন, ‘বাংলাদেশ ফান্ড পুঁজিবাজার চাঙা করবে, এ ধারণা সঠিক নয়। আমাদের বিনিয়োগের পরিমাণ বাড়াতে হবে। এখন বিনিয়োগকারীরা নানা নিয়মের বেড়াজালে আটকা পড়ে সামনে এগোতে পারছেন না। এ জন্য সুনির্দিষ্ট নীতিমালা ও আইন প্রণয়ন করতে হবে। আগামী বাজেটে পুঁজিবাজারের জন্য বিশেষ প্রণোদনা প্যাকেজ রাখার বিষয়টিও বিবেচনা করা দরকার।’