সরেজমিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অক্সিজেন মোড় ও সিটিগেটসরেজমিনে গিয়ে দেখা যায়, হাটহাজারী সড়ক সম্প্রসারণের জন্য সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ অক্সিজেন মোড়ের উত্তর পাশের রাস্তা খুঁড়ে রেখেছে। তাই এ জায়গায় আগেই গড়ে ওঠা উত্তর চট্টগ্রামগামী বাসস্টেশনে গাড়ি দাঁড়াতে পারছে না। চালকেরা এলোমেলোভাবে কিছু গাড়ি রেখেছেন, যাতে যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছে। মণিস্বপন চাকমা নামের এক যাত্রী ১৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় রাঙামাটি যাচ্ছিলেন। নির্দিষ্ট স্থানে গাড়ি না পাওয়ার কষ্টের কথা বললেন এভাবে, ‘সপ্তাহে এক দিন বাড়ি যাই। কিন্তু এখানে (অক্সিজেন) এসে গাড়িতে ওঠার জন্য শুধু দৌড়ঝাঁপ করতে হয়। কারণ একদিকে মার্কেট নির্মাণের কাজ চলছে, অন্যদিকে সড়কের কাজও অসমাপ্ত। গাড়িগুলো অন্যান্য সড়কে ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয়েছে।’ একই রকম ভোগান্তির কথা বললেন রাউজানের ডাবুয়া এলাকার বাসিন্দা রকিবুল হক। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বপন কুমার নাথ ভোগান্তির কথা স্বীকার করে বলেন, ‘ওই এলাকায় নানামুখী সমস্যা রয়েছে। এ কারণে আমরা কাজ শেষ করতে পারছি না।’ তবে সমস্যাগুলো কী, তা জানাতে অস্বীকৃতি জানান তিনি। স্থানীয় সূত্র জানায়, প্রায় পাঁচ মাস আগে অক্সিজেন মোড়ে সরকারি জায়গায় জেলা পরিষদ বিপণিকেন্দ্র নির্মাণকাজ (২০-২২টি দোকানঘর) শুরু করে। মাঝখানে স্থানীয় নারী কাউন্সিলর ফেরদৌস বেগম ও জেলা পরিষদের মধ্যে দ্বন্দ্ব শুরু হলে তা আদালত পর্যন্ত গড়ায়। শেষ পর্যন্ত বিপণিকেন্দ্রটি অসমাপ্ত অবস্থায় পড়ে থাকে। চট্টগ্রাম-নাজিরহাট খাগড়াছড়ি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম বলেন, ‘অক্সিজেন মোড়ের সংস্কারকাজ শেষ না হওয়ায় বাসগুলো ছত্রভঙ্গ অবস্থায় রাখা হচ্ছে। এতে মানুষের সীমাহীন কষ্ট হচ্ছে।’ এদিকে, বায়েজিদ সড়কের কাজ শেষ হলেও অক্সিজেন মোড়সংলগ্ন কেডিএস পোশাক কারখানার মূল ফটকের সামনে সড়ক দখল করে সিটি বাসের যাত্রী ওঠা-নামা এখনো চলছে। বায়েজিদ সড়কের একপাশ দখল করে সিটিবাসগুলো যাত্রীর জন্য দাঁড়িয়ে থাকে। সামান্য দূরে কর্তব্যরত ট্রাফিক পুলিশ থাকেন নীরব দর্শকের ভূমিকায়। এ ছাড়া মোড়ের দক্ষিণ ও উত্তর পাশে গড়ে উঠেছে অবৈধ সিএনজি ও টেম্পো স্টেশন। ট্যাক্সিচালক মিয়া মনসুর বলেন, ‘পুলিশকে আমরা বকশিশ দিই। তাই তারা বাধা দেয় না।’ স্থানীয় ব্যবসায়ী রায়হান চৌধুরী বলেন, ‘একদিকে রাস্তা খোঁড়াখুঁড়ি, অন্যদিকে সিএনজি ও টেম্পোর স্টেশন, এর ওপর রাস্তায় দাঁড়িয়ে সিটি বাস চালকদের খোশগল্প—এ যেন মগের মুল্লুক।’ এ বিষয়ে (১৬ ফেব্রুয়ারি দুপুর ১২টা) কর্তব্যরত ট্রাফিক পুলিশ সার্জেন্ট আবুল কাসেম বলেন, ‘যতক্ষণ এখানে ডিউটি করি ততক্ষণ তাঁরা এই জায়গায় দাঁড়ায় না। আমরা চলে গেলে আবার এসে যায়।’নগরের অন্যতম প্রবেশদ্বার উত্তর পাহাড়তলী এলাকায় সিটিগেট। এ গেটে নাগরিক ভোগান্তির চিত্র তেমন একটা চোখে না পড়লেও গেটের উত্তর পাশে সড়ক দখল করে যাত্রীর জন্য দাঁড়িয়ে থাকা সিএনজি ট্যাক্সির চিত্রটিতে কিছুটা দীনতা ফুটে উঠেছে। দেখা গেছে, এই গেটওয়েটি নিরাপদ, নান্দনিক ও যানজটমুক্ত। এখানে দায়িত্বপালনকারী টহল পুলিশের সহকারী উপপরিদর্শক মো. মওদুদ বলেন, ‘শহরের অন্যান্য প্রবেশদ্বারের চেয়ে সিটিগেটটিই বরং নান্দনিক এবং উপভোগ্য।’শাহ আমানত সেতুশাহ আমানত সেতু এলাকায় নাগরিক ভোগান্তির চিত্রটা সবচেয়ে ভয়াবহ। সেতুর মোড়ে (নদীর উত্তর পাশে) গড়ে উঠেছে অবৈধ সিএনজিচালিত ট্যাক্সি, টেম্পো ও বাসস্ট্যান্ড। মোড়ের চারদিকে গড়ে ওঠা এসব স্ট্যান্ডের কারণে নান্দনিক গোলচত্বরটি দূর থেকে দেখা মুশকিল। রিকশাচালক রহিম মিয়া জানান, সারাক্ষণ এই মোড়ে যানজট লেগে থাকে। এ কারণে অন্যান্য যানবাহন স্বাভাবিক গতিতে এগিয়ে যেতে পারে না। দিলওয়ার হোসেন নামের এক ফল ব্যবসায়ী জানান, সেতু চালু হওয়ার পর থেকে রাস্তায় গাড়ি দাঁড়িয়ে থাকার কারণে দুর্ঘটনায় প্রাণ গেছে চার-পাঁচজনের। তবু হুঁশ হয় না যেন কর্তৃপক্ষের।দেখা গেছে, গোলচত্বরটির চারপাশে বিভিন্ন গাড়ি সড়কের মাঝখানে দাঁড়িয়ে যাত্রী ওঠা-নামা করাচ্ছে। দক্ষিণ চট্টগ্রামের অসংখ্য যাত্রী শুধু ছোটাছুটি করছে। একজন টেম্পোচালক অভিযোগ করে বলেন, ‘পুলিশ তো প্রতিটি গাড়ি থেকে ৫০ টাকা পায়। তাই তারা বাধা দেয় না।’ অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে ট্রাফিক পুলিশের কর্তব্যরত সদস্য এম সামাদ তাঁর হাতে রাখা লাঠির দিকে ইশারা করে বলেন, ‘ভাই, এদের মারতে মারতে লাঠি ভেঙে গেলেও তারা সরে না।’ টাকা নেওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন। পটিয়া এয়াকুবদণ্ডীর বাসিন্দা রহিমা আকতার বলেন, ‘ভাবছিলাম অত্যাধুনিক সেতু চালু হয়েছে। এ সেতুর উভয় পাশের অবকাঠামোগত পরিবেশও সে রকম থাকবে। কিন্তু পরিস্থিতি তো বদলায়নি।’ কাপ্তাই রাস্তার মাথা ও কালুরঘাটচট্টগ্রাম শহরের অন্যতম প্রবেশদ্বার কাপ্তাই রাস্তার মাথা। সেখানেও দেখা যায় ভোগান্তির একই চিত্র। মোড়ের পশ্চিম পাশে গড়ে উঠেছে সিএনজি অটোরিকশার অবৈধ স্ট্যান্ড। সড়কের একপাশ দখল করে যাত্রী ওঠা-নামা করছে বিভিন্ন যানবাহনে। রাস্তাজুড়ে ময়লা-আবর্জনার ভাগাড়। উড়ছে ধুলোবালু। পশ্চিম পাশে রয়েছে বেশ কিছু ঝুপড়ি দোকান। অটোরিকশাচালক (চট্টমেট্টো-ল-১১-৩২৮৮) আবু তৈয়ব বলেন, ‘পুলিশ কিছু বলে না। তাই দাঁড়িয়ে থাকি যাত্রীর জন্য।’ মোড়ে কোনো ট্রাফিক পুলিশ চোখে পড়েনি। কিছুটা দূরে কর্তব্যরত টহল পুলিশ মো. সহিদকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘ওরা (অটোরিকশাচালক) কচুরিপানার মতো। ঢিল ছুড়লে যেমন কচুরিপানা সরে গিয়ে পরে আবার মিলে যায়, ঠিক তেমনি। বারবার নিষেধ করেও এদের ঠেকানো যাচ্ছে না।’এদিকে কাপ্তাই রাস্তার মাথা থেকে কালুরঘাট সেতু পর্যন্ত দীর্ঘ দুই কিলোমিটারজুড়ে আরাকান সড়কের উভয় পাশের বিশাল একটি অংশ দখল করে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট। সড়কটি সম্প্রসারণের জন্য চার বছর আগে উভয় পাশের বেশ কিছু অবৈধ স্থাপনা ভাঙা হলেও এখনো সম্প্রসারণের কাজ শুরু করেনি সিটি করপোরেশন। সড়কটির কালুরঘাট সেতু পর্যন্ত ফিরে গেছে পুরোনো চেহারায়। স্থানীয় ব্যবসায়ী সোহরাব হোসেন বলেন, ‘শুক্রবার ও মঙ্গলবার এলে কাজিরহাট, কামালবাজারসহ একেবারে কালুরঘাট পর্যন্ত সৃষ্টি হয় দীর্ঘ যানজট। এ সময় মানুষের কষ্টের সীমা থাকে না।’কালুরঘাট রেলওয়ে সেতুর দ্বারপ্রহরী (গেটম্যান) আবুল হাসেম বলেন, ‘ব্রিটিশআমল থেকে চট্টগ্রাম শহরের অন্যতম গেটওয়ে এটি। কিন্তু সেতুটি সরু হওয়ায় মানুষের ভোগান্তি কমছে না।’ কালুরঘাট সেতুর বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। কার্পেটিং উঠে গেছে। সেতুর লোহার পাতগুলোতে মরচে ধরেছে। সেতুটি সরু হওয়ায় শুধু একমুখী হয়ে যানবাহন চলাচল করছে। বোয়ালখালীর গোমদণ্ডীর বাসিন্দা দিলওয়ার হোসেন সেতু পার হওয়ার সময় এ প্রতিবেদককে বলেন, ‘বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে চট্টগ্রামেও অনেক দেশি-বিদেশি পর্যটক আসবেন। তাঁরা তো শুধু হোটেল আর স্টেডিয়ামে বসে থাকবেন না। এ পথে যেতে পারেন কক্সবাজার-বান্দরবানে। কিন্তু এই সরু সেতুর কাছে এলেই তাঁরা চট্টগ্রামের কী রূপ দেখতে পাবেন!’শহরের প্রবেশদ্বারে অবৈধ গাড়ির স্ট্যান্ড, পুলিশের বখরা নেওয়া ও নাগরিক ভোগান্তি বিষয়ে প্রশ্ন করলে নগর পুলিশের উপকমিশনার (যানবাহন) ফারুক আহমেদ বলেন, ‘অধিকাংশ গেটওয়েতে ট্রাফিকের লোক নেই। এ ছাড়া যানবাহন বেড়েছে, সড়ক বাড়েনি। তার ওপর দূরপাল্লার অসংখ্য বাস-ট্রাক প্রতিদিন শহরে ঢুকলেও এসবের জন্য নির্দিষ্ট টার্মিনাল নেই। অটোরিকশা, টেম্পো কিংবা সিটি বাসের জন্যও আলাদা টার্মিনাল নেই। ফলে ভোগান্তি দিন দিন বাড়ছে।’ এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বিশ্বকাপ উপলক্ষে সৌন্দর্যবর্ধনের জন্য নির্দিষ্ট কিছু সড়ক ও জায়গাকে উন্নয়নের আওতায় আনা হলেও প্রবেশদ্বার কিংবা অন্য স্পটগুলোকে এর আওতায় রাখা হয়নি। আর অবৈধ কাঁচাবাজার, হকার উচ্ছেদের দায়িত্ব সিটি করপোরেশনের।’ ট্রাফিক পুলিশ চাঁদা নেওয়ার বিষয় সম্পর্কে তিনি বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেব।’ অবৈধ কাঁচাবাজার ও হকার উচ্ছেদের ব্যাপারে সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী বলেন, ‘ম্যাজিস্ট্রেট না থাকায় নগরে অবৈধ হাটবাজার ও হকার উচ্ছেদ করা যাচ্ছে না। তবে জেলা প্রশাসকের কাছে ম্যাজিস্ট্রেট চেয়েছি। শিগগির আমরা ম্যাজিস্ট্রেট নিয়ে অভিযানে নামব।’