শুক্রবার দিনটা একটু ঘুমিয়ে কাটাতেই পছন্দ করি আমি। কিন্তু দেখা যায় প্রতি শুক্রবারই অন্যান্য দিন থেকে বেশি বাইরে বাইরে থাকতে হয়। এই দাওয়াত সেই দাওয়াত। গত শুক্রবার মানে ১৯ তারিখ সকাল নয়টা বাজতেই খালার ফোন। আমার এক আত্মীয় অসুস্থ। খালার বাসায় আছেন। উনাকে দেখতে আসা নাকি আমার পারিবারিক দায়িত্ব। এক্ষুনি যেন চলে আসি। খালার বাসায় এসেই যেন নাশতা খাই। ভালো খাওয়া-দাওয়ার প্রতি আমার একটা লোভ আছে, সেটা খালা জানেন। তাই ফোন রাখার আগে বললেন, ‘অনেক রান্নাবান্না করেছি, আয়।’আমার এই খালাটা আবার একটু পাগলা কিসিমের। আমি ‘অবশ্যই আসছি’ না বললে ফোন রাখবেন না কখনো। তাই এই তো উঠেই রওনা দিচ্ছি বলে তাঁকে শান্ত করে আবার একটা ঘুম দিলাম। ২০ মিনিট পর খালার আবার ফোন, ‘তুই কই? এখনো রওনা দিস নাই?’ যাই হোক সাড়ে ১০টার মধ্যে খালা আরও তিনবার ফোন করলেন। বাধ্য হয়েই আমাকে উঠে রওনা দিতে হলো। গন্তব্য বেইলি রোড। বেলা ১১টা। বেইলি রোড বেশ খালি খালিই লাগছে। খালার বাসায় ঢুকলে আর চা-টা খেতে পারব না। তাই তার আগেই এক কাপ চা খেয়ে যেতে হবে, চায়ের দোকান খুঁজছি। ভিকারুননিসা স্কুল পার হলাম, ডানে-বাঁয়ে কোনো চায়ের দোকান নেই। এগোতে এগোতে একদম মাঝামাঝি চলে এলাম। পেয়েছি একটা চায়ের দোকান, পিৎজা হাটের আগে আগে হাতের ডানে। চায়ের দোকানে বেজায় ভিড়। চাওয়ালাকে কোনো রকমে বললাম আদা-লেবু দিয়ে একটা চা দিতে। আমি ফুটপাতে বসে চায়ের জন্য অপেক্ষা করতে করতে রাস্তার মানুষজন দেখছি বসে বসে। প্রচুর বাচ্চা মায়ের হাত ধরে নাচ-গান-ছবি আঁকা শিখে বাসায় ফিরছে, হাতে আইসক্রিম, নানান খাবার-দাবার। হঠাৎ দেখি ফুটপাতে আমার পাশে দাঁড়িয়ে এক লোক বেজায় চিৎকার-চেঁচামেচি করছে, ‘আরে আরও ভালো কইরা লেখতে কইলাম, এইটা কেমন লাগতেছে এখন দেখতে। এক এত থেবড়া হইছে কেন। শ্লা, ঠিকমতো লেখতেও পারে না।’আমি ঘটনা কী দেখার জন্য উঠে দাঁড়ালাম। একটা মস্ত ১৬ তলা বিল্ডিংয়ে পেছনের দিকে এক লোক রং করার বাঁশ ঝুলিয়ে ১৬, ১৫, ১৪...৯ পর্যন্ত লিখেছে। আমার মাথায় ঢুকছে না এটা কেন? এই বিল্ডিংয়ে কি কোনো লিফট বা সিঁড়ি নেই নাকি? সবাই পেছনের দিক বেয়ে ওঠে, সে জন্য যাতে নিজের তালা চিনতে ভুল না হয় এ জন্য লিখেছে? নাকি বাইরে থেকে নিজের বাসা চেনানোর জন্য এ ব্যবস্থা? ব্যাপারটা ইন্টারেস্টিং। লোকটাকেই জিজ্ঞেস করলাম। কী ভাই, ঘটনা কী? এই নাম্বার লেখছে কেন?লোকটার মুখে একরাশ বিরক্তি, ‘আর বইলেন না ভাই, ওই বিল্ডিংয়ের অনেকেই পেছন দিক দিয়ে বাসার সব ময়লা ফেলে। কিন্তু কেউই স্বীকার করে না কে ফেলে। সামনে আরও আসতেছে কোরবানি। নাড়িভুঁড়ি সব ফালাবে এই দিক দিয়ে। সারা দিন তো তাকায়ে থাকা যায় না কে কয় তলা থেকে ফেলল। আর সব ময়লা এসে পড়ে আমাদের এই ফ্ল্যাটের সামনে, গন্ধে টেকা যায় না। অনেক বলেও লাভ হয় নাই। তাই এইবার প্রত্যেক তালার নাম্বারিং করে এই দিক দিয়ে দুইটা সিসি টিভি ক্যামেরা বসানো হয়েছে ২৪ ঘণ্টার জন্য। এইবার যাবে কই। যে যখনই ময়লা ফেলবে, সব রেকর্ড হয়ে থাকবে। তারপর ক্যাক করে ধরে ফেলব।’আমি হাসতে হাসতে স্ট্রেইট রাস্তায় বসে পড়লাম। এই না হলে যেমন কুকুর তেমন মুগুর। এই প্রতিবেদন থেকে আমরা কী শিখলাম ঈদে কোরবানির বর্জ্য ও অন্যান্য ময়লা যেখানে-সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলুন। আপনার শহর পরিচ্ছন্ন রাখুন।