সরেজমিনে একদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বৃহস্পতিবার সকালে কক্সবাজার সদর হাসপাতালে দেখা গেছে, বহির্বিভাগে ছয় শতাধিক মানুষের লাইন। এঁদের ৮০ শতাংশ নারী, প্রায় প্রত্যেকের কোলে শিশু। সকাল সাড়ে ১০টায় মহেশখালীর নয়াপাড়া থেকে আসা গৃহিণী সোনা মেহের (৩৭), উখিয়ার রাজাপালং থেকে আসা কুলসুমা বেগম ও সদর উপজেলার খুরুশকুলের পালপাড়ার শিউলী রানী পাল বলেন, ‘সকাল সাড়ে নয়টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি। ১২টার পর নাকি রোগী দেখা বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত ডাক্তার দেখাতে না পারলে এত দূর থেকে টাকা খরচ করে আসা সব বৃথা হয়ে যাবে।’ হাসপাতালের ৩০ শয্যার শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে ৮৮ জনকে। অনেক শিশুকে মেঝেতে রেখে সেবা দেওয়া হচ্ছে। ১০ শয্যার ডায়রিয়া ও গাইনি ওয়ার্ডে ভর্তি আছেন ৩০ জনের বেশি। রাতে এসব ওয়ার্ডে সেবিকা ছাড়া চিকিৎসকের দেখা পাওয়া যায় না বলে অভিযোগ করেন আরেক রোগী। নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের বহির্বিভাগে কর্মরত এক চিকিৎসক জানান, ‘প্রতিদিন গড়ে এক হাজারের বেশি রোগী বহির্বিভাগে ভিড় জমান। এসব রোগী দেখার জন্য ২২ জন চিকিৎসকের দরকার, অথচ আছেন ছয়-আটজন। সকালে লাইনে দাঁড়িয়ে যাঁরা টিকিট সংগ্রহ করেন, আমরা তাঁদের দুপুর ১২টা পর্যন্ত সেবা দিই। অন্যদের বেসরকারি ক্লিনিকে গিয়ে চিকিৎসা নিতে হয়।’