সরোদের সুর ও তবলার বোলে মাতোয়ারা হলো নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তন। পিনপতন নীরবতায় প্রায় দেড় ঘণ্টা অর্ণব ভট্টাচার্যের সরোদ ও সুদীপ কুমার চ্যাটার্জির তবলার যুগলবন্দী পরিবেশনা উপভোগ করলেন শ্রোতারা। ২১ এপ্রিল সন্ধ্যায় নগরের যন্ত্রসংগীত বোদ্ধাদের জন্য যৌথভাবে এই আয়োজন করে চট্টগ্রামের ভারতীয় সহকারী হাইকমিশন ও ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার। এই যন্ত্রসংগীত সন্ধ্যার নাম দেওয়া হয় ‘সরোদ রিসাইটল’।
সন্ধ্যা সাতটায় মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে যন্ত্রসংগীত সন্ধ্যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপমহাদেশের খ্যাতিমান বংশীবাদক ক্যাপ্টেন আজিজুল ইসলাম। এ সময় তিনি বলেন, ‘আমাদের দেশে শাস্ত্রীয় সংগীত অবহেলিত। গুটিকয়েক সংগঠন এ ধরনের অনুষ্ঠান আয়োজন করে। ভারত থেকে নামীদামি শিল্পীরা এখানে আসছেন, অনুষ্ঠান করছেন এটি আমাদের জন্য ভালো খবর।’
অনুষ্ঠানের শুরুতে ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার বলেন, ‘সরোদ শব্দটির অর্থ সুন্দর সুর ছন্দ বা সুরের মেলোডি। পারস্যে এ বাদ্যযন্ত্রের জন্ম। আফগানিস্তান হয়ে ভারতে আসে এটি। এরপর বিবর্তন ঘটে। প্রথম বিবর্তন আনেন লক্ষ্ণৌ ঘরানার ওস্তাদ নেয়ামত উল্লাহ খান। এরপর বাংলাদেশের মাইহার ঘরানার ওস্তাদ আলাউদ্দিন খাঁর হাত ধরে আসে বিবর্তন। বর্তমানে ওস্তাদ আমজাদ আলী খান ও বুদ্ধদেব দাশ গুপ্তের হাতে সরোদের অনেক বিবর্তন ঘটেছে। পরিবেশনায়ও উৎকর্ষও এসেছে। শিল্পী অর্ণব ভট্টাচার্য বুদ্ধদেবেরই শিষ্য।
ভারতের উদীয়মান সরোদবাদক অর্ণব ভট্টাচার্য ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার সম্মিলন ঘটিয়ে সরোদে সুর তোলেন। শুরুতেই ছিল আলাপের মধ্য দিয়ে রাগ নায়কি কানাড়ার পরিবেশনা। সুদীপ কুমার চ্যাটার্জি তবলায় তোলেন ত্রিতালের বোল। এই দুই শিল্পীর সুন্দর বোঝাপড়ায় পরিবেশনাটি উপভোগ্য হয়ে ওঠে শ্রোতাদের কাছে। এরপর শিল্পী ‘বিলম্বিত’ বাজিয়ে জমিয়ে তোলেন আসর। অর্ণবের জোড় ও ঝালার পরিবেশনায় এক মোহনীয় আবেশ ছড়িয়ে পড়ে পুরো মিলনায়তনে। রাগ নায়কি কানাড়ার জলসায় কেটে যায় প্রায় পৌনে এক ঘণ্টা। শিল্পীর দ্বিতীয় পরিবেশনাটি ছিল রাগ তিলক-কামোদ। এটির স্থায়িত্ব ছিল প্রায় বিশ মিনিট। এই পরিবেশনার মাধ্যমে শেষ হয় যন্ত্রসংগীত সন্ধ্যার আয়োজন।