
তুরস্কে অজনপ্রিয় খাবারের তালিকা করলে মাছ প্রথম স্থান অধিকার করবে! যা আমাদের জাতীয় উদ্যাপনের প্রধান অনুষঙ্গ। ধর্ম এক হলেও তুর্কিদের সঙ্গে খাবার থেকে শুরু করে জীবনাচার, সংস্কৃতি সবকিছুতেই আমাদের যোজন যোজন পার্থক্য। এখানে ঈদ উপলক্ষেও তেমন কোনো উৎসব হয় না। তবু পয়লা বৈশাখ তুরস্কের ইস্তাম্বুলে ভাত আর মাছ দিয়েই উদ্যাপন করি আমরা। গত বছর যেমন ডর্মের ম্যানেজারের চোখ এড়িয়ে লুকিয়ে লুকিয়ে পাহলামুত নামে একটা সামুদ্রিক মাছ রান্না করেছিলাম। যেটার স্বাদ খানিকটা ইলিশের কাছাকাছি। সঙ্গে ছিল আলু ভর্তা, আর পেঁয়াজ ভাজা। দীর্ঘদিন পর বাংলাদেশি খাবার মুখে দেওয়ায় ঠিক রান্নাটা কেমন হলো সে প্রশ্ন পেছনে ঠেলে স্বাদ বেড়ে যায় হু হু করে। ডর্মে রান্না নিষিদ্ধ, ফলে আমাদের বিশেষ দিনে রান্না করতে হয় লুকিয়ে। ধরা পড়লে একদিকে যেমন প্রেশার কুকার বাজেয়াপ্ত হবে, জরিমানাও গোনা লাগতে পারে। গোপন উৎসবের ভিন্ন একটা মাত্রা আছে, যেখানে ভয় ও আনন্দ পাশাপাশি চলে!
প্রতিবছর বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিস, ইস্তাম্বুল পয়লা বৈশাখে বিশেষ অনুষ্ঠান করে। এখানে যাঁরা পরিবারসহ থাকেন, তাঁরা নানা পদ রান্না করে নিয়ে আসেন। আমরা ছাত্ররা সদলবলে যোগ দিই। খাবারের সঙ্গে জমে ওঠে মায়ের ভাষায় আড্ডা।
ঈদ যে একটা উৎসবের বিষয় এটা বোধ হয় তুর্কিরা আমাদের দেখেই শিখেছে। তাই বাংলাদেশের যেকোনো দিবসে যেতে ওদের প্রচুর আগ্রহ। এবার যেমন আমার সঙ্গে রোমানিয়ার মেয়ে লাওরা, তুর্কি তরুণী হুলিয়া, আবদি পয়লা বৈশাখ উদ্যাপন করবে। ক্ষণিকের জন্য ওরাও না হয় বাঙালি হলো!