সর্তা খালে সেতু চান স্থানীয়রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ি ও রাউজানের সংযোগ স্থাপনে সর্তা খালের ধর্মপুর কমিটি বাজারঘাটে সেতু চান দুই পাড়ের কয়েক লাখ শ্রমজীবী মানুষ। এখানে সেতু হলে দুই উপজেলার মানুষের ব্যবসা-বাণিজ্য, শিক্ষা-স্বাস্থ্য ও যাতায়াতব্যবস্থার উন্নতি ঘটবে এলাকার মানুষ আশা করেন। সরেজমিন পরিদর্শনে জানা যায়, দক্ষিণ ফটিকছড়ি ও উত্তর রাউজানের মানুষের দীর্ঘদিনের ব্যবসা-বাণিজ্য, শিক্ষা চিকিৎসা ও যোগাযোগের একমাত্র মাধ্যম সর্তা নদীর কমিটি বাজারঘাট। ফটিকছড়ির কমিটি বাজার, ধর্মপুর, বখ্তপুর, আজাদী বাজার, রমজু মুন্সীরহাট এলাকার মানুষ দীর্ঘদিন থেকে রাউজানের হলদিয়া, সিরনি বটতল, ফকিরটিলা, ডাবুয়া, এয়াছিননগর এলাকার মানুষ বর্ষায় নৌকায় করে এবং শুষ্ক মৌসুমে পায়ে হেঁটে পারাপার হয়ে আসছেন। স্থানীয় লোকজন সম্প্রতি বাঁশের সাঁকো তৈরি করে যাওয়া-আসা করছেন। বর্ষায় সর্তার ভাঙন, দুই উপজেলার রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের খামখেয়ালিপনার কারণে দীর্ঘদিন এখানে কোনো সেতু তৈরি হয়নি।ধর্মপুর কমিটি বাজারের ব্যবসায়ী ফারুক আহমেদ, আজিজুল হক, আব্দুল মাবুদ, আনোয়ার হোসেন ও বদিউল আলম বলেন, ‘দিন বদলায় কিন্তু সর্তাপাড়ের মানুষের ভাগ্য বদলায় না। এখানে সেতু হলে দুই পাড়ের মানুষের ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও যাতায়াত সহজ হবে। প্রতিবছর দুই পাড়ের শত শত কোমলমতি শিশু প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হয় শুধু যাতায়াতের কারণে।’প্রাথমিক শিক্ষক সমিতির নেতা নজরুল ইসলাম, কমিটি বাজার এ সামাদ প্রাথমিক বিদ্যালয়ের পৃষ্ঠপোষক আবু জাফর আলম ও ফটিকছড়ি ছাত্রপরিষদের নেতা মুহাম্মদ মুহসিন বলেন, রাউজান অংশের সর্তা খালের ওপর পাঁচটি সেতু নির্মিত হয়েছে। ফটিকছড়ি অংশে একটিও হয়নি। রাউজান হলদিয়া রাবারবাগান থেকে কমিটি বাজার, আজাদী বাজার-কাটিরহাট হয়ে চট্টগ্রাম শহরে পৌঁছানোর সহজ পথ হবে সর্তা খালের কমিটি বাজার ঘাটে একটি সেতু নির্মাণ করলে। সাংবাদিক এম বেলাল উদ্দিন, হলদিয়ার আবুল কাসেম সিকদার, আমিরহাটের মোহাম্মদ আলী সওদাগর বলেন, কমিটি বাজার ঘাটে একটি সেতু হলে দুই পাড়ের মানুষের হূদয়ের সেতুবন্ধন বাস্তবে রূপ নেবে। ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, ফটিকছড়ি ও রাউজানবাসীর ভাগ্য বদলাতে শিগগির সেতু নির্মাণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, দুই পাড়ের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি ও তাঁদের দুঃখ লাঘবে এখানে সেতু নির্মাণে দ্রুত উদ্যোগ নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গাউছুল আজম বলেন, এলাকার সর্তায় সেতু নির্মাণের জন্য পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।