সর্দি-গর্মি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয়-জীবনের শেষ বর্ষের পরীক্ষার যখন আর মাত্র কিছুদিন বাকি, তখন হঠাৎ করেই আমার মধ্যে বিরাট একটা পরিবর্তন এল। অবশ্য প্রতিটি পরীক্ষার আগেই এই পরিবর্তনটা আমার আসে। আগে কোনো দিন পত্রিকা ভালো করে পড়ার সময় পেতাম না। কিন্তু এ সময়টাতে পত্রিকাটা আতিপাতি করে পড়ার পর, শেয়ারবাজারের খবরও যখন প্রায় মুখস্থ করে ফেলেছি, তখন আমার মনে হতে থাকে, ‘ইস্, এত দিন এসব গুরুত্বপূর্ণ জিনিসকে আমি একদমই পাত্তা দিইনি!’ সময় পাইনি বলে এফ এম বেতার শোনা হয়নি কখনো। অথচ পরীক্ষার আগে এফ এম আমার কানে যেন মধুবর্ষণ করতে লাগল। কথা-বন্ধুরা কত মজা করে কথা বলে, আর কী সুন্দর সুন্দর গান চলতে থাকে সব সময়। তবে আমি সবচেয়ে বেশি উপভোগ করতে লাগলাম ঘুম। সারা বছরের ঘুম এই কয়েক দিনেই উসুল করে ফেললাম এবং নিজেকে মোটামুটি তিরস্কার করলাম, আমি সারা বছর ঘুমটাকে কত অবহেলাই না করেছি। তবে আসল কাজ যেটা, সেটা শিকেয় উঠে বসে ছিল। ইয়া মোটা মোটা বইয়ের দিকে তাকিয়ে আমি সব সময় ভাবতাম, ‘পরীক্ষাগুলো যদি না থাকত, কী একখান মধুর জীবনই না পেতাম!’আমাদের সবচেয়ে বড় বিভীষিকা কোম্পানি ও শ্রম আইন পরীক্ষার আর মাত্র দুই দিন বাকি। পড়তে পড়তে মাথাটা গরম হয়ে গেল। ভাবলাম, দোকানে গিয়ে আইসক্রিম খেয়ে আসি। মাথাটা যদি একটু ঠান্ডা হয়। এমন সময় মারুফ আমাকে ফোন করল, ‘দোস্ত, কী করিস?’ ‘মাথা গরম হয়ে গেছে, আমি আইসক্রিম খেতে যাচ্ছি। চাইলে তুইও আইসক্রিম খেতে আসতে পারিস।’মারুফ আমার কথা পাত্তাই দিল না, উল্টো ঝাড়ি লাগাল—‘খাও চান্দু, ভালো করে খাও। পরীক্ষার দিন বুঝতে পারবা মজা।’ আমি ভয় পেলাম না।পরীক্ষার দিন আমরা ট্রেনে করে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলাম। ট্রেনে সবাই যখন পড়তে ব্যস্ত, আমি তখন শার্টের হাতা দিয়ে নাকের পানি-চোখের পানি মোছার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছিলাম। মারুফ আমাকে ছাড় দিল না, ‘তখন তো আইসক্রিম খেতে মানা করেছিলাম, এখন বুঝছ মামা আইসক্রিম খাওয়ার মজা। আইসক্রিম নাক দিয়ে, চোখ দিয়ে বের হচ্ছে।’ আমি কাঁদো কাঁদো হয়ে গেলাম, ‘আমি তো আইসক্রিম খেয়েছিলাম তিন দিন আগে।’মারুফ মুখটাকে চার্লি চ্যাপলিনের মতো করে বলল, ‘তিন দিন আগে কেন, তিন মাস আগে খেলেও সর্দি অবশ্য আজকেই হবে। তিন বছর আগে খেলেও আজকেই হতো। অবশ্য পরীক্ষার পরে দেখবি, সর্দি একদম ভালো হয়ে গেছে। এটাই বাঙালির ধর্ম।’পরীক্ষা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নতুন উপসর্গ যুক্ত হলো হাঁচি। প্রশ্ন পাওয়ার সঙ্গে সঙ্গে প্রতিদিনের মতো পরীক্ষার হল নীরব হয়ে গেল না। নিয়মিত বিরতিতে শোনা যেতে লাগল আমার হাঁচির শব্দ। হাঁচি একবার শুরু হলে পনেরো-বিশটার আগে থামেই না। পরীক্ষার হলের শান্তি ভঙ্গ করার জন্য স্যারেরা চোখ গরম করে আমার দিকে তাকিয়ে ছিলেন। আমি ভীষণ বিব্রত। চার ঘণ্টার পরীক্ষায় মোটামুটি শ খানেক হাঁচি দিয়ে কোনো রকমে পরীক্ষা শেষ করে ভাবলাম, তাড়াতাড়ি চিকিৎসকের কাছে যেতে হবে। পরের পরীক্ষাগুলোর আগেই সম্পূর্ণ সুস্থ হতে হবে। ওমা! পরীক্ষার হল থেকে বের হওয়া মাত্র কোথায় সর্দি, কোথায় কী! আমি দিব্যি সুস্থ হয়ে গেলাম।জুয়েল দেবআইন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।