‘সর্বজয়া’য় অর্ধশত নারীর জয়গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজ নিজ পেশায় স্বাবলম্বী ও সফল ৫০ নারীকে স্বীকৃতি দিল পপ অফ কালার। নারী দিবস উদ্‌যাপন উপলক্ষে মার্চ মাসজুড়েই বিভিন্ন কর্মসূচির আয়োজন করে নারীদের নিয়ে কাজ করা এই কমিউনিটি। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘সর্বজয়া’ নামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কথা বলছেন নিজ পেশায় স্বাবলম্বী ও সফল এক নারী
ছবি: সংগৃহীত

অনুষ্ঠানে স্বীকৃতিপ্রাপ্ত সফল নারীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন পপ অফ কালারের প্রতিষ্ঠাতা টিঙ্কার জান্নাত। এ আয়োজনে অতিথি ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার ফরিদা ইয়াসমিন, প্রথম আলোর হেড অব ইয়ুথ প্রোগ্রাম অ্যান্ড ইভেন্ট মুনির হাসান, ব্র্যাক ব্যাংক-তারা বিভাগের ভাইস প্রেসিডেন্ট মেহরুবা রেজা প্রমুখ।

অনুষ্ঠানে নারীদের ব্যবসার প্রসার, ব্র্যান্ডিং, হেলথকেয়ার, বিউটি-স্কিল ডেভেলপমেন্ট ইত্যাদি বিষয়ে আলোচনা করেন অতিথি ও বক্তারা। সর্বশেষ ৫০ জন সফল নারীকে স্মারক প্রদানের মাধ্যমে শেষ হয় ‘সর্বজয়া’।

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘সর্বজয়া’ নামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়
ছবি: সংগৃহীত

‘সর্বজয়া’ সম্পর্কে পপ অফ কালারের প্রতিষ্ঠাতা টিঙ্কার জান্নাত বলেন, ‘নারীদের চলার পথ সহজ নয়। সেসব প্রতিকূলতা অতিক্রম করে স্বাবলম্বী হওয়া ৫০ জন মেয়েকে আমরা সাধুবাদ জানাই। আমরা কোনো অ্যাওয়ার্ড বা পুরস্কার দিচ্ছি না। আমরা কঠোর পরিশ্রম করে এগিয়ে যাওয়া এই মেয়েদের স্বীকৃতি দিচ্ছি। যাতে তাঁদের দেখে আমাদের কমিউনিটির অন্য নারীরাও উৎসাহ-অনুপ্রেরণা পান। আমরা কেবল এই ৫০ নারীকে সামনে তুলে ধরছি।’

পপ অফ কালার নারীদের নিয়ে কাজ করা একটি নিবন্ধিত কমিউনিটি। ২০১৪ সাল থেকে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য হলো শারীরিক, মানসিক ও অর্থনৈতিকভাবে মেয়েদের স্বাবলম্বী করতে বিনা মূল্যে সাহায্য করা। গত আট বছরে ১৫ হাজারের বেশি মেয়েকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করেছে পপ অফ কালার। ২০২১ সালে প্রথমবারের মতো সর্বজয়া অনুষ্ঠানের আয়োজন করে পপ অফ কালার।

২০২১ সালে প্রথমবারের মতো সর্বজয়া অনুষ্ঠানের আয়োজন করে পপ অফ কালার
ছবি: সংগৃহীত