সর্বরোগের ওষুধে সর্বনাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ির হারুয়ালছড়ির বাসিন্দা মোহাম্মদ হোসেনের (ছদ্মনাম) ইচ্ছা ছিল মোটা হবেন। চিকন স্বাস্থ্য মোটা করার বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে ২০০৮ সালে হামজারবাগের একটি হারবাল সেন্টারে (ভেষজ চিকিৎসাকেন্দ্র) গিয়েছিলেন তিনি। চিকিৎসকের দেওয়া ওষুধ সেবন করে তিনি এক মাসের মধ্যে অস্বাভাবিক মোটা হন। কিন্তু তাঁর কিডনি ক্ষতিগ্রস্ত হয়। পরে বিদেশে চিকিৎসা করে সুস্থ হন।জানা গেছে, মোহাম্মদ হোসেনের মতো অনেকেই চটকদার বিজ্ঞাপনের প্রলোভনে রাতারাতি স্বাস্থ্য ফেরাতে গিয়ে উল্টো অসুস্থ হয়ে পড়েছেন। ওষুধ প্রশাসনের বিধান অনুযায়ী নিরাময়ের নিশ্চয়তা (গ্যারান্টি) দিয়ে বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ। কিন্তু তা মানা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।অনুসন্ধানে দেখা গেছে, নগরের মুরাদপুর, দেওয়ানহাট, ষোলশহর, ২ নম্বর গেট, বহদ্দারহাট, বন্দর ও হালিশহর এলাকায় প্রায় অর্ধশত হারবাল সেন্টার ‘গ্যারান্টিসহ’ বিভিন্ন রোগ নিরাময়ের প্রতিশ্রুতি দিচ্ছে।এসব প্রতিষ্ঠানের কয়েকটিতে গিয়ে দেখা গেছে, সনদপ্রাপ্ত প্রশিক্ষিত চিকিৎসক ছাড়াই রোগীকে ওষুধ দেওয়া হচ্ছে।সর্বরোগের নিরাময়ের দাবিদার এসব প্রতিষ্ঠান ওষুধ প্রশাসনের ছাড়পত্র ছাড়াই বাজারে ওষুধ বিপণন করছে। চিকন স্বাস্থ্য মোটা করা, মোটা স্বাস্থ্য চিকন করা, মেদ, ভুঁড়ি ও শারীরিক দুর্বলতা কমানোর প্রতিশ্রুতি দিয়ে চটকদার বিজ্ঞাপন প্রচার করছে বলেও অভিযোগ আছে।ওষুধ প্রশাসনের কার্যালয় সূত্রে জানা গেছে, এসব বিজ্ঞাপন প্রচারকারী কোনো প্রতিষ্ঠানেরই ওষুধ বিক্রির অনুমতিপত্র (ড্রাগ লাইসেন্স) নেই।বিশেষজ্ঞ চিকিৎসক মুলকুতুর রহমান এ প্রসঙ্গে বলেন, হারবাল সেন্টারগুলোতে ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া ও গুণগতমান পরীক্ষা-নিরীক্ষা না করে ওষুধ দেওয়া হয়। স্বাস্থ্যের জন্য এটা মারাত্মক ক্ষতিকর। এসব ওষুধ সেবনে মানবদেহের কিডনি (বৃক্ক), লিভার (যকৃৎ) অকেজো হয়ে যেতে পারে।প্রথম আলোর অনুসন্ধানে আরও জানা গেছে, হারবাল সেন্টারগুলোতে চিকিৎসক হিসেবে যাঁরা সেবা দিচ্ছেন, তাঁদের অধিকাংশেরই বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক বোর্ডের নিবন্ধন নেই। স্বীকৃত চিকিৎসাপ্রতিষ্ঠানের কোনো ডিগ্রিও তাঁদের নেই।চট্টগ্রামের ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক মো. আকতার হোসেন চিকিৎসার নামে প্রতারণার বিষয়টি স্বীকার করেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘ওষুধ প্রশাসনের উচ্চপর্যায়ে হারবাল সেন্টারগুলোর অপচিকিৎসার বিষয়ে আলোচনা চলছে। এগুলো বন্ধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’ নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (উত্তর) আবদুল্লাহ আল মাহমুদ এ প্রসঙ্গে বলেন, ‘নিবন্ধন কিংবা লাইসেন্স ছাড়া যাঁরা চিকিৎসা করছেন, তাঁদের ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।’সরেজমিন: শহরতলির বড় দীঘিরপাড়ের হক শপিং সেন্টারের দোতলায় রয়েছে একটি হারবাল সেন্টার। গত শুক্রবার সন্ধ্যা ছয়টায় এ প্রতিষ্ঠানে দেখা যায়, যৌন অক্ষমতা সারাতে নাজিরহাট থেকে আসা এক রোগী ৯০০ টাকা দিয়ে ওষুধ কিনছেন। সেখানে উপস্থিত চিকিৎসক জানালেন ওষুধের নাম ‘মণিরাজ’। চিকিৎসক হিসেবে বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক বোর্ডের নিবন্ধন সনদ আছে কি না, প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার কোনো নিবন্ধন নেই।’ তবে তিনি একজন মূল চিকিৎসকের নাম বলেন। ২৮ মে সেই মূল চিকিৎসকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, তাঁরও সনদ নেই। এমনকি হারবাল ওষুধ বিপণনের কোনো অনুমতিপত্রও (ড্রাগ লাইসেন্স) তাঁর কাছে নেই।২৬ মে বিকেল পাঁচটায় দেওয়ানহাটের আরেকটি হারবাল সেন্টারে গিয়ে দেখা যায়, একটি কক্ষে রোগীদের পরামর্শ দিচ্ছেন এক ব্যক্তি। এরপর তিনি নানা ধরনের ওষুধ বিক্রি করছেন রোগীদের কাছে। তিনি নিজেকে চিকিৎসক দাবি করে বলেন, এখানে সব রোগের চিকিৎসা করা হয়। ওষুধ বিক্রির জন্য অনুমতিপত্র আছে কি না জানতে চাইলে তিনি ‘হ্যাঁ’ সূচক উত্তর দিয়ে বলেন, ‘আছে কিন্তু দেখানো যাবে না।’ ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক আকতার হোসেন এ প্রসঙ্গে বলেন, ‘চটকদার বিজ্ঞাপন প্রচার করে এমন কোনো প্রতিষ্ঠানের ড্রাগ লাইসেন্স নেই।’বাহারি ওষুধ: ইউনানি ও আয়ুর্বেদিক ওষুধের নামে হারবাল সেন্টারগুলোতে যেসব ওষুধ রোগীদের দেওয়া হচ্ছে তা হলো এক সপ্তাহের মধ্যে মোটা হওয়ার জন্য স্টেরয়েড ট্যাবলেট, দৈহিক শক্তি বাড়ানোর জন্য পাওয়ার অব ফাইটার্স ক্যাপসুল, শরীরের ওজন কমানোর জন্য ফ্যাট মাইনাস, মাইনাস-৯, হর্সপাওয়ার, নিগ্রো, মরদে জুয়ানি, লঘুত কবীর, তেলায়ে কৈতুন, জিনস্যাং, কোস্তা মারওয়ারি, কাশ্মিরী হালুয়া, এসপি-থ্রিএন, ফ্যাট রিডিসার, পধ্যায়ভু, লানৌতি, হরমোন পাউডারসহ আরও প্রায় ১৮-২০ ধরনের ওষুধ। সংশ্লিষ্ট রোগীদের কাছ থেকে ফাইল হিসেবে এসব ওষুদের দাম নেওয়া হয় সর্বনিম্ন ৫০০ টাকা থেকে পাঁচ হাজার টাকা। এসব ওষুধের উপাদান কতটা স্বাস্থ্যসম্মত সেটাও ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হয়নি বলে অভিযোগ আছে। আকর্ষণীয় প্রচারপত্র: মুরাদপুর, বহদ্দারহাট, অক্সিজেন, নিউমার্কেট, দুই নম্বর গেট এলাকায় হারবাল সেন্টারগুলোর প্রচারপত্র (লিফলেট) ব্যাপকভাবে বিতরণ করতে দেখা গেছে। বিভিন্ন বাড়ির দেয়াল, যাত্রীছাউনি, বাস টার্মিনালে সাঁটানো হয়েছে রঙিন সচিত্র পোস্টার। কেবল টিভি অপারেটরদের নিজস্ব দুটি চ্যানেলেও নিয়মিত প্রচার করা হচ্ছে এসব উদ্ভট ওষুধের বিজ্ঞাপন।এ ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রাম সিভিল সার্জন মো. আবু তৈয়ব প্রথম আলোকে বলেন, ‘ইউনানি আয়ুর্বেদিক প্রতিষ্ঠানের মালিক বা চিকিৎসক গ্যারান্টিতে বিভিন্ন রোগের চিকিৎসার নামে প্রতারণা ও কুরুচিপূর্ণ প্রচারণা চালাচ্ছে।’ বাংলাদেশ ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম ওসমান সরওয়ার ২৬ মে প্রথম আলোকে বলেন, ‘কথিত হারবাল সেন্টারের অনৈতিক কার্যকলাপের কারণে ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা ও সেবা সম্পর্কে জনমনে ভুল ধারণার সৃষ্টি হচ্ছে।’ বাংলাদেশ বোর্ড অব ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেমস অব মেডিসিনের রেজিস্ট্রার এ কে এম হারুনুর রশীদ বলেন, যেকোনো চিকিৎসাপদ্ধতির কোনো ওষুধের কার্যকারিতা নিয়ে বিজ্ঞাপন প্রচার ১৯৮২ সালের ওষুধ অধ্যাদেশ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।