চট্টগ্রাম সিটি আউটার রিং রোড প্রকল্পের সর্বশেষ বাধাও দূর হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্রের জন্য এক বছর ধরে আটকে ছিল এই প্রকল্পের একটি সংযোগ সড়কের জমি অধিগ্রহণ। অবশেষে বিসিবির কাছ থেকে মিলেছে সেই অনাপত্তিপত্র। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) মতে, এই সড়ক নির্মাণে আর কোনো বাধা নেই।
সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম প্রথম আলোকে বলেন, প্রকল্পের আওতায় অন্যান্য জমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হলেও স্টেডিয়ামের সামনের অংশের জায়গা অধিগ্রহণে একটু জটিলতা ছিল। স্টেডিয়ামের সামনে হওয়ায় নিরাপত্তার বিষয়টি বেশি প্রাধান্য পায়। এখন সব জটিলতা দূর হয়েছে। বিসিবিও অনাপত্তিপত্র দিয়েছে। এই সড়ক নির্মাণে স্টেডিয়ামের যেসব স্থাপনা ক্ষতিগ্রস্ত হবে তা সিডিএর অর্থায়নে করে দেওয়া হবে।
সিডিএ সূত্র জানায়, পতেঙ্গা বেড়িবাঁধের ওপর দিয়ে ১৫ দশমিক ২ কিলোমিটার দৈর্ঘ্যের মূল সড়ক নির্মাণ করা হবে। মূল সড়কের সঙ্গে নির্মাণ করা হবে দুটি সংযোগ সড়কও। এর মধ্যে এক কিলোমিটার দৈর্ঘ্যের একটি সংযোগ সড়ক নির্মিত হবে মূল সড়ক থেকে সাগরিকা পর্যন্ত। এই সড়কের একটি অংশ যাবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সামনে দিয়ে। সংযোগ সড়কটির জন্য মোট ৭ দশমিক ৬ একর জমি অধিগ্রহণ করতে হবে। এর মধ্যে স্টেডিয়াম-সংলগ্ন জায়গা থেকে অধিগ্রহণ করতে হবে এক একর জমি। এ ছাড়া আরেকটি সংযোগ সড়ক নির্মিত হবে বেড়িবাঁধের ওপর নির্মিত মূল সড়কের খেজুরতলা এলাকা থেকে বিমানবন্দর সড়ক পর্যন্ত। এই সড়কের দৈর্ঘ্য ১ দশমিক ২ কিলোমিটার ও প্রস্থ ২৪ দশমিক ৪৫ মিটার।
সিটি আউটার রিং রোড নিয়ে করা সিডিএর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বর্তমানে প্রকল্পকাজের আর্থিক অগ্রগতি হয়েছে ৪১ দশমিক ৮৪ শতাংশ এবং ভৌত অগ্রগতি হয়েছে ৫২ দশমিক ৬৫ শতাংশ। প্রকল্প বাস্তবায়নের মেয়াদ ধরা হয়েছে ২০১৭–এর জুন পর্যন্ত। এই প্রকল্পের মোট ব্যয় হবে ১ হাজার ৪৯৬ কোটি টাকা। গত ১৯ মার্চ ঠিকাদারি প্রতিষ্ঠান স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেডকে (এসইএল) প্রকল্পের কার্যাদেশ দেওয়া হয়। গত নভেম্বরে মূল সড়কের নির্মাণকাজ শুরু হয়।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, প্রকল্পের কাজের জন্য আনন্দবাজার এলাকায় একটি কার্যালয় (সাইট অফিস) নির্মাণ করা হয়েছে। বর্তমানে ৬ থেকে ১১ কিলোমিটার পর্যন্ত অংশে সড়কের নির্মাণকাজ চলছে। মাটি ভরাটসহ বিভিন্ন কাজে নিয়োজিত রয়েছেন শতাধিক শ্রমিক। সিডিএ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলীদের প্রকল্পের কাজ তদারকি করতে দেখা যায়।
সিডিএর প্রকৌশলীরা জানান, এই সংযোগ সড়ক নির্মিত হলে নগরের খুলশী, পাহাড়তলী, সাগরিকা ও হালিশহরের বাসিন্দারা অল্প সময়ের মধ্যে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, পতেঙ্গা সমুদ্রসৈকত ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আসা-যাওয়া করতে পারবেন। সীতাকুণ্ড ও ফৌজদারহাটের বাসিন্দারাও অল্প সময়ের মধ্যে নগরে চলে আসতে পারবেন। এ ছাড়া জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা দেখতে আসা দর্শকেরা খুব সহজেই স্টেডিয়াম এলাকা ত্যাগ করতে পারবেন।
সিডিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও সিটি আউটার রিং রোডের প্রকল্প পরিচালক কাজী হাসান বিন শামস প্রথম আলোকে বলেন, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সামনে দিয়ে সড়ক নির্মাণের ব্যাপারে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) মতামতের প্রয়োজন ছিল। এ নিয়ে আইসিসির প্রতিনিধি ও বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে ১ ডিসেম্বর সিডিএর বৈঠক হয়। ওই বৈঠকে জমি অধিগ্রহণে অনাপত্তি দেওয়ার ব্যাপারে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়। কিছু শর্ত উল্লেখ করে গত ১৪ ডিসেম্বর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব বরাবর অনাপত্তির ব্যাপারে চিঠি দেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা। এর অনুলিপি দেওয়া হয় সিডিএ চেয়ারম্যানকে।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ভেন্যু ব্যবস্থাপক ফজলে বারী খান প্রথম আলোকে বলেন, সংযোগ সড়ক নির্মাণে বিসিবি ও সিডিএর মধ্যে সমঝোতা হয়েছে।
কাজী হাসান বিন শামস জানান, জমি অধিগ্রহণের জন্য জেলা প্রশাসনকে আনুষ্ঠানিক প্রস্তাবনা দেওয়া হয়েছে। ছয় মাসের মধ্যে এই প্রক্রিয়া শেষ হবে।