সর্বোচ্চ বরাদ্দ বেতন-ভাতায় সর্বনিম্ন গবেষণা খাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) বরাবরের মতো এবারও গবেষণা খাতে সর্বনিম্ন বরাদ্দ রাখা হয়েছে। কর্তৃপক্ষের দাবি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসিসি) কাছ থেকে চাহিদামতো বরাদ্দ না পাওয়ায় গবেষণা খাতে বেশি বরাদ্দ রাখা যাচ্ছে না।জানা যায়, চুয়েটে চলতি ২০১২-১৩ অর্থবছরে বাজেটে সর্বোচ্চ ১২ কোটি ৭৬ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে শিক্ষক ও কর্মকর্তাদের বেতন-ভাতা খাতে। গতবার এ খাতে বাজেট ছিল ১২ কোটি টাকা। আর সর্বনিম্ন ২০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে গবেষণা খাতে।এ প্রসঙ্গে চুয়েটের হিসাব নিয়ামক (কন্ট্রোলার) মো. মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘চুয়েটের জন্য যে বাজেট ঘোষণা করা হয়েছে তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। বিশেষ করে শিক্ষা ও গবেষণা খাতে বরাদ্দ বাড়ানো দরকার। কিন্তু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছ থেকে পর্যাপ্ত বরাদ্দ না পাওয়ায় শিক্ষা ও গবেষণা খাতে বরাদ্দ বাড়ানো সম্ভব হচ্ছে না।’ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, চুয়েটে চলতি ২০১২-১৩ অর্থবছরে ২৫ কোটি ৪৭ লাখ ৭৫ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসিসি) মোট বাজেটের ১৯ কোটি ৫৫ লাখ টাকা দেবে এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ধরা হয়েছে এক কোটি ৫৫ লাখ টাকা। এ ছাড়া ঘাটতি বাজেট হিসেবে থাকছে চার কোটি ৩৭ লাখ ৭৫ হাজার টাকা। ২০১১-১২ অর্থবছরে বরাদ্দ করা বাজেট ছিল ২২ কোটি তিন লাখ ২০ হাজার টাকা।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, চলতি অর্থবছরে শিক্ষা খাতে দুই কোটি ৪৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। গত বছর এ খাতে বরাদ্দ ছিল এক কোটি ৬৭ লাখ টাকা। গত বছর পেনশন খাতে বরাদ্দ ছিল এক কোটি ৫৩ লাখ টাকা। এবার তা এক কোটি ৫৯ লাখ টাকা। আর মেরামত ও সংস্কার খাতে এক কোটি ৩৬ লাখ টাকা বেড়ে দাঁড়িয়েছে এক কোটি ৬৩ লাখ টাকা। আর সরবরাহ খাতে গত বছর ছিল তিন কোটি ৬২ লাখ ২৫ হাজার টাকা। এবার চার কোটি ৪০ লাখ ৭৫ হাজার টাকা।বাজেট প্রসঙ্গে চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, যে বাজেট ঘোষণা করা হয়েছে তা প্রয়োজনের তুলনায় খুবই কম। নগর ও অঞ্চল পরিকল্পনা এবং স্থাপত্য বিভাগের জন্য শ্রেণীকক্ষ, আসবাবপত্র, পরীক্ষাগারের যন্ত্রপাতি ইত্যাদির জন্য ১৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প পরিকল্পনা কমিশনের বিবেচনাধীন। অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো নির্মাণ ও অন্যান্য উন্নয়নকাজের জন্য ১৫ কোটি ৬০ লাখ টাকার উন্নয়ন প্রকল্প বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বিবেচনাধীন।