সর্বোচ্চ বেতনের চাকুরে নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সময়ে সব ক্ষেত্রেই এগিয়ে চলেছেন নারীরা। পিছিয়ে নেই চাকরির ক্ষেত্রেও। নিজের যোগ্যতা আর দক্ষতায় প্রতিষ্ঠানের শীর্ষস্থানেও কাজ করছেন অনেকে। আর নারীদের মধ্যে সর্বোচ্চ বেতনের চাকুরে যিনি করেন তিনি কম্পিউটার সফটওয়্যার নির্মাতা ওরাকল করপোরেশনের কো-প্রেসিডেন্ট ও প্রধান আর্থিক কর্মকর্তা স্যাফরা এ ক্যাটজ। পুরো নাম স্যাফরা অ্যাডা ক্যাটজ। ১৯৬১ সালে জন্মগ্রহণ করেন স্যাফরা। ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া ওয়ার্থন স্কুল থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক এবং ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৯৯ সালে ওরাকলে যোগ দেন নির্বাহী হিসেবে। ২০১১ সাল থেকে কো-প্রেসিডেন্ট এবং প্রধান আর্থিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১১ সালের হিসাব অনুযায়ী স্যাফরার বেতন বার্ষিক পাঁচ কোটি ১৭ লাখ ডলার। ১৯৯৯ সালে ওরাকলে যোগ দেওয়ার আগে ব্যাংকিং খাতেও কাজ করেোর অভিজ্ঞতা রয়েছে স্যাফরার। ডোনাল্ডসন ও লুফকিন অ্যান্ড জ্যানেরেটে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকেরও দায়িত্ব পালন করেন তিনি। এ ছাড়া এইচএসবিসি গ্রুপের পরিচালক হিসেবেও কাজ করেছেন স্যাফরা। ২০১১ সালের ফরচুন সাময়িকীর তালিকায় সেরা এক হাজার প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি বেতনের চাকুরে নারী হিসেবে শীর্ষে ছিল স্যাফরার নাম। এছাড়াও ফরচুন-এর ব্যবসা খাতে সেরা ১২ প্রভাবশালী নারীর তালিকা ও ফোর্বস-এর ব্যবসা খাতে ১৬ প্রভাবশালী নারীর তালিকায় রয়েছে তাঁর নাম। ব্যক্তিগত জীবনে দুই সন্তানের মা স্যাফরা ওরাকলের সাফল্যের ক্ষেত্রে আরও বেশি দায়িত্বশীল হয়ে কাজ করে যেতে চান। গ্রন্থনা: নুরুন্নবী চৌধুরীতথ্যসূত্র: ওয়েবসাইট