সর্বোচ্চ সাজার আশা রাষ্ট্রপক্ষের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঞ্চল্যকর ১০ ট্রাক অস্ত্র আটক ও চোরাচালান মামলার রায় ঘোষণা করা হচ্ছে আজ। ২০০৪ সালের ১ এপ্রিল নগরের সিইউএফএল (কর্ণফুলী ইউরিয়া সার কারখানা) জেটিঘাটে অস্ত্র উদ্ধারের সাড়ে নয় বছর পর এ রায় ঘোষণা করা হচ্ছে। চট্টগ্রাম বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমান এ রায় ঘোষণা করবেন বলে জানা গেছে।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) উর্ধ্বতন কর্মকর্তা এবং কর্ণফুলী ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) কর্মকর্তারা। প্রধান আসামির মধ্যে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া ও সাবেক শিল্পসচিব নুরুল আমিন ঘটনার পর থেকে পলাতক।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) কামাল উদ্দিন আহাম্মদ প্রথম আলোকে জানান, দুই মামলায় আসামিদের বিরুদ্ধে ৫৬ জন সাক্ষী দিয়েছেন আদালতে। সাক্ষী ও আসামিদের ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দিও নেওয়া হয়েছে। সাক্ষ্যে উঠে এসেছে, আসামিরা পরস্পর যোগসাজশে উলফার জন্য বাংলাদেশের জলসীমা ব্যবহার করে অস্ত্রগুলো এনেছেন। তিনি বলেন, অস্ত্র চোরাচালান আইনে আসামিদের বিরুদ্ধে সর্বোচ্চ মৃত্যুদণ্ড এবং সর্বনিম্ন দুই বছর এবং অস্ত্র আটক আইনে সর্বোচ্চ যাবজ্জীবন এবং সর্বনিম্ন ১০ বছরের সাজা দেওয়ার বিধান রয়েছে। রাষ্ট্রপক্ষ আশাবাদী, আসামিদের সর্বোচ্চ সাজা দেবেন আদালত—যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের ঘটনা ঘটাতে না পারে।

অবশ্য এ ব্যাপারে আসামিপক্ষের আইনজীবী কামরুল ইসলামের বক্তব্য ভিন্ন। তাঁর মতে, রাজনৈতিকভাবে হয়রানি করতে সরকার আসামিদের এ মামলায় জড়িয়েছে। রিমান্ডে নির্যাতন করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়েছে। তৎকালীন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসামি করা হয়েছে এ মামলায়। কিন্তু আন্তর্জাতিক কোন মহল এ অস্ত্র আনার সঙ্গে জড়িত তা চিহ্নিত করেনি সরকার।

এদিকে রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত ভবন, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারসহ নগরজুড়ে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মুহাম্মদ রেজাউল মাসুদ প্রথম আলোকে জানান, মামলার রায়কে ঘিরে আদালতপাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি বিচারকের বাসভবনেও নিরাপত্তা বাড়ানো হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৪ সালের ১ এপ্রিল সিইউএফএল জেটিঘাটে অস্ত্র উদ্ধারের পর ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (বি) ধারায় একটি এবং ১৮৭৮ সালের ১৯ (এ) ধারায় অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয় কর্ণফুলী থানায়। থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাদুর রহমান বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।

মামলা দুটির ব্যাপারে ২০০৪ সালের ১১ জুন প্রথম দফা অভিযোগপত্র দাখিল করে সিআইডি। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে একই বছরের ২৫ আগস্ট সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হয়। এতে হাফিজুর রহমান ও দ্বীন মোহাম্মদসহ ৪১ জনকে আসামি করা হয়। তাঁদের বেশির ভাগই ছিলেন শ্রমিক-মাঝিমাল্লা। পরে মামলা দুটির বিচার কার্যক্রম শুরু হয়।

২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলির আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মামলায় সাতটি ত্রুটি চিহ্নিত করে অধিকতর তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে ২০১১ সালের ২৬ জুন সিআইডি দুই মামলায় নতুন করে বাবর, নিজামীসহ ১১ জনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দাখিল করে। এতে অস্ত্র আটক মামলায় ৫০ জনকে এবং চোরাচালান আইনে ৫২ জনকে আসামি করা হয়। একই বছরের ১৫ নভেম্বর নতুন ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। সব মিলিয়ে অস্ত্র আটক মামলায় ৫৬ জন এবং চোরাচালান আইনে ৫৩ জন সাক্ষী সাক্ষ্য দেন আদালতে।

মামলার আসামিদের মধ্যে বর্তমানে ১২ জন জেলহাজতে ও ১২ জন পলাতক আছেন। মারা গেছেন চার জন।