সলিল চৌধুরীর স্মরণানুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সলিল চৌধুরী বাংলা গানের নতুন ধারার স্রষ্টা। তিনি সংগীতে পাশ্চাত্যের সঙ্গে পুবের মেল বন্ধন ঘটিয়েছেন। তবে সব কিছুর কেন্দ্রে ছিল মানুষ। গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করেছিল সলিলের গান। ১৯ নভেম্বর সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে চিটাগাং কালচারাল একাডেমি আয়োজিত সলিল চৌধুরীর স্মরণানুষ্ঠানে এ কথা বলেন, অধ্যাপক মাহবুবুল হক। গান, নাচ, আবৃত্তি আর আলোচনার মাধ্যমে সুরস্রষ্টা সলিল চৌধুরীর ৯০তম জন্মদিন পালিত হয়। এ উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন, কলেজ জীবনে সলিল চৌধুরী ব্রিটিশ বিরোধী আন্দোলনের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেন এবং রচনা করেন অনেক কালজয়ী গান। নতুনধারার গণনাট্য আন্দোলনের পুরধা ব্যক্তিত্ব ছিলেন তিনি। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী শাহরিয়ার খালেদ। তিনি মালায়লাম, হিন্দি, তামিল, জাপানি, পোলিশ ও বাংলায় প্রায় ২৫টি গান পরিবেশন করেন। দর্শকদের ভালো লেগেছে, ‘আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা’, ‘রানার চলেছে’, ‘পথে এবার নামো সাথি’, ‘কোনো এক গাঁয়ের বধূ’, ‘পথ হারাব বলে এবার,’ ‘মনের জানালা ধরে,’ গানগুলো।এরপর শিল্পী শুভ্রা সেনগুপ্তার পরিচালনায় নাচ পরিবেশন করে স্কুল অব ওরিয়েন্টাল ড্যান্সের সদস্যরা। কবিতা আবৃত্তি করেন রণজিৎ রক্ষিত, উপস্থাপনায় ছিলেন কামরুল হাসান বাদল ।