
দুনিয়ার কত কিসিমের মানুষেরই দেখা মেলে! আর তাদের ইচ্ছারও যে কত রকমফের। যেমন সলেহীন ইসলাম। তাঁর নাকি, কারও মন ভার দেখলেই ইচ্ছা হয় হাসাতে! শুধু কি তা, স্বেচ্ছায় পাশে বসেন তা প্রমাণ করতেও। তাঁর স্বভাবসুলভ এমন আচরণেই নাকি বন্ধুরা হেসে কুটিকুটি। সেই হাসির মাত্রা কতটা বাড়ে, সলেহীন যখন হাজির হন নাটকের মঞ্চে। সলেহীনের মুখেই শোনা যাক সে কথা, ‘আমি অভিনয়ের মাধ্যমে মানুষকে হাসাতে ভালোবাসি। তাই অধিকাংশ সময় কৌতুকপূর্ণ চরিত্রে অভিনয় করি। বন্ধুরা খুব উপভোগ করে।’ সলেহীন কিন্তু নিকটজনদের কাছে সাগর নামে পরিচিত। তিনি পড়ছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিষয়ে। নাটকের মঞ্চ, ক্যাম্পাসকেন্দ্রিক সংগঠনগুলোর সাংগঠনিক কাজ কিংবা অ্যাপস তৈরির প্রতিযোগিতা—কোথায় নেই তিনি। শেষ বর্ষের ছাত্র সলেহীন দশ দিক সামলে চলেন সমানতালে। আর তাঁর সামলে চলার সম্মান হিসেবে সিএসই বিভাগ থেকে জুটেছে ২০১৩ সালের সেরা নৈপুণ্য প্রদর্শনকারীর পুরস্কার—‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’।
তাঁর এই প্রতিভার প্রতাপ কিন্তু সেই সিরাজগঞ্জ বিএল সরকারি স্কুল থেকেই। স্কুলের সেই ধারা বহাল রইল তারপর নটর ডেম কলেজেও। তিনি যেমনটি বলেছিলেন, ‘সভাপতির অর্থ তখনো পরিষ্কার বুঝি না, হয়ে গেলাম নটর ডেম কলেজ নাট্য ক্লাবের সভাপতি। সেই ২০০৮ সালে আন্তকলেজ নাট্য প্রতিযোগিতায় সেরা অভিনেতার খেতাব জিতেছিলাম। ওই প্রতিযোগিতায় দেশের ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিয়েছিল।’
নাটক নিয়ে যাঁর এত নাচানাচি! তিনি কিন্তু স্বপ্ন দেখেন একজন উদ্যোক্তা হওয়ার। তিনি বলেন, ‘চাকরি করব না চাকরি দেব—আমি এই নীতিতে বিশ্বাসী। তাই বিভিন্ন সমস্যার প্রযুক্তিনির্ভর সমাধান করার জন্য নতুন প্রযুক্তি ও সফটওয়্যার তৈরি করতে চাই। কর্মসংস্থান করে দিতে চাই অনেক মানুষের।’ এই পথেও সাফল্য দেখিয়ে চলেছেন তিনি। ২০১৩ (জানুয়ারি-জুন) সালে ইটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতায় ‘রুয়েট অ্যাস্যাসিনস’ গ্রুপটির দলনেতা ছিল সে। তাঁর চিন্তাপ্রসূত ‘অ্যান্ড্র ফার্ম’ নামে অ্যাপ, প্রতিযোগিতায় সেরা দশে জায়গা করে নিয়েছিল। আবার ২০১১ সালে রাজশাহী বিভাগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলায় ‘সেরা উদ্যোগ’ বিভাগে দ্বিতীয় হয়েছিল তাঁর ‘শব্দনিয়ন্ত্রিত কম্পিউটার ব্যবস্থাপনা’। প্রযুক্তি নিয়ে যদিও তাঁর যুক্তির শেষ নেই, তবু অভিনয়ও করে যেতে চান পাশাপাশি, ‘অভিনয় আমার মনের খোরাক, আমি অভিনয়ও চালিয়ে যেতে চাই সমানতালে।’