সশস্ত্র পুলিশ ও নিয়মিত টহল বাড়াতে পুলিশ কমিশনারকে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত ভবনের প্রবেশপথে পুলিশের তল্লাশি। ছবিটি গতকাল বেলা ১১ টায় তোলা l প্রথম আলো
আদালত ভবনের প্রবেশপথে পুলিশের তল্লাশি। ছবিটি গতকাল বেলা ১১ টায় তোলা l প্রথম আলো

চট্টগ্রাম আদালত ভবনে সীমানাদেয়াল নেই। ভবনের উত্তর পাশে টিনশেডের জহুর হকার্স মার্কেট। পশ্চিম ও দক্ষিণ পাশে নিউমার্কেট এলাকা। এসব স্থান দিয়ে যে কেউ অবাধে ঢুকে যাচ্ছে। দিনের বেলায় প্রবেশপথে পুলিশের একটি তল্লাশিচৌকি বসানো হলেও তাঁদের হাতে কোনো মেটাল ডিটেক্টর নেই। শুধু কাউকে সন্দেহ হলেই তাঁরা তল্লাশি করছে। গত রবি ও সোমবার সরেজমিনে এই চিত্র দেখা যায়।
নতুন আদালত ভবন ও টিনশেড ভবনের বিচারিক হাকিম আদালত প্রাঙ্গণে দেখা গেছে, ভিক্ষুক থেকে শুরু করে ভ্রাম্যমাণ দোকানদারেরা অবাধে ঘোরাফেরা করছেন।
দেশে সাম্প্রতিক সম​েয় সংঘটিত সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে আদালত ভবনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন আইনজীবী ও বিচারপ্রার্থীরা। আদালত ভবনে সার্বক্ষণিক নিরাপত্তার জন্য সশস্ত্র পুলিশ ও নিয়মিত টহল বাড়াতে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ফরিদ আলম গত ২৯ অক্টোবর নগর পুলিশ কমিশনার মো. আবদুল জলিল মণ্ডলের কাছে চিঠি দেন।
চিঠিতে বিচারক উল্লেখ করেন, সাম্প্রতিক কালে দেশব্যাপী বিভিন্ন ধরনের সহিংসতার কারণে সরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার করা আবশ্যক হয়ে পড়েছে। চট্টগ্রাম আদালতে অনেক চাঞ্চল্যকর মামলা বিচারাধীন থাকায় আদালত ভবনে কোনোরূপ হামলা হওয়ার আশঙ্কার বাইরে নয়। জরুরি ভিত্তিতে আদালত ভবনে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা জরুরি। চিঠিতে বিচারকদের নিরাপত্তাসহ আদালত ভবনের নিরাপত্তা জোরদারে সশস্ত্র পুলিশ বৃদ্ধি ও নিয়মিত পুলিশি টহল বাড়ানোর অনুরোধ করা হয়।
বিচারকের পাশাপাশি পুলিশের প্রসিকিউশন শাখা থেকেও আদালত ভবনের নিরাপত্তা জোরদার করতে চিঠি দেওয়া হয়। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান ২ নভেম্বর এ চিঠি দেন নগর পুলিশের বিশেষ শাখায়।

 তবে সপ্তাহ পেরিয়ে গেলেও আদালতপাড়ায় সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়নি। এখন দিনের বেলায় তল্লাশিচৌকিতে সশস্ত্র পুলিশ থাকলে রাতে আদালতের মালখানার নিরাপত্তায় মাত্র চারজন নিরস্ত্র পুলিশ সদস্য ছাড়া কোনো পাহারা থাকে না।

আইনজীবীরা জানান, চট্টগ্রাম আদালত ভবন ও বিচারকের এজলাসে জঙ্গিরা দফায় দফায় বোমা হামলা চালিয়েছিল। সেই মামলাগুলোর বিচার এখনো শেষ হয়নি। পলাতক রয়েছে এসব মামলার আসামি জঙ্গিরা। এ ছাড়া চাঞ্চল্যকর মামলাগুলো বিচারাধীন রয়েছে আদালতে।

এদিকে গত মাসে নগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র, গ্রেনেডসহ জেএমবির পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার ওই সময় জানান, হকার ও দিনমজুরের ছদ্মবেশে জঙ্গিরা ঘোরাফেরা কথা স্বীকার করেছে পুলিশের কাছে।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক প্রথম আলোকে বলেন, সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বেশির ভাগ আইনজীবী আদালত ভবনে নিজস্ব চেম্বারে বিচারপ্রার্থীদের সঙ্গে মামলা নিয়ে আলাপ করেন। সন্ধ্যার পরও জবানবন্দিসহ নানা কাজ করেন বিচারকেরা। কিন্তু আদালত ভবনের নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ নেই। দিনে আসামি আনা-নেওয়ার কাজে পুলিশ থাকলেও রাতে কোনো পুলিশ পাহারায় থাকে না। শুধু মালখানার পাহারায় নিরস্ত্র কয়েকজন পুলিশ সদস্য থাকেন। এ কারণে আদালতের নিরাপত্তা নিয়ে আইনজীবী ও বিচারপ্রার্থীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। বিচারকেরাও নিরাপত্তা জোরদার করতে পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছেন। আইনজীবী সমিতির পক্ষ থেকেও পুলিশকে নিরাপত্তা বাড়াতে বলা হয়েছে।

এনামুল হক জানান, চট্টগ্রাম আদালতে বর্তমানে প্রায় ১ লাখ ৩০ হাজারের বেশি মামলা বিচারাধীন রয়েছে। আইনজীবী রয়েছেন ৪ হাজার ৬০০ জন। আর প্রতিদিন গড়ে ১০ হাজারের বেশি বিচারপ্রার্থী আদালত ভবনে আসেন।

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য বলেন, আদালত ভবনের নিরাপত্তায় পুলিশি টহল বাড়ানো হয়েছে। প্রবেশপথে তল্লাশিচৌকি বসানো হয়েছে। নিরাপত্তা জোরদারে সশস্ত্র পুলিশ মোতায়েনসহ যা যা দরকার, পুলিশ তা-ই করবে। সশস্ত্র পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত এখনো হয়নি।

 গত সোমবার বিকেল পাঁচটার দিকে প্রবেশপথে গিয়ে তল্লাশিচৌকিতে কোনো পুলিশ সদস্যকে দেখা যায়নি। খোঁজ নিয়ে জানা গেল কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. বদরুদ্দোজা দায়িত্বে ছিলেন। জানতে চাইলে তিনি বলেন, ‘পাঁচ পুলিশ সদস্য একটু আগে চলে গেছেন। আমিও চলে যাচ্ছি। সকাল সাড়ে সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত থাকেন পুলিশ সদস্যরা। এক প্রশ্নের উত্তরে বলেন, দায়িত্বরত পুলিশ সদস্যদের কোনো মেটাল ডিটেক্টর নেই। কাউকে সন্দেহ হলেই তল্লাশি চালানো হয়।

আইনজীবীরা জানান, ২০০৫ সালের ১৭ আগস্ট, ৩ অক্টোবর এবং ২৯ নভেম্বর আদালত ভবনে বোমা হামলা চালায় জঙ্গিরা। এর মধ্যে ৩ অক্টোবর দুই বিচারকের এজলাসে ও ২৯ নভেম্বর প্রবেশপথে আত্মঘাতী বোমা হামলা মামলার বিচার এখনো শেষ হয়নি। এসব মামলার পলাতক আসামি জেএমবির বোমা তৈরির কারিগর জাহিদুল ইসলাম ওরফে সুমন ২০১৪ সালের ২৩ ফেব্রুয়ারি ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যান থেকে পালিয়ে যান। তাঁকে এখনো ধরতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সর্বশেষ গত বছরের ২৭ জানুয়ারি আদালত ভবনের দ্বিতীয় তলায় মালখানার সামনে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। পরে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে।