সশস্ত্র বাহিনীর বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামরিক বাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠান প্রকৌশল, চিকিৎসা ও সাধারণ শিক্ষায় স্নাতক পর্যায়ে ১১ ধরনের ডিগ্রি এবং সমরবিদ্যা, যুদ্ধকৌশল ও চিকিৎসাশাস্ত্রে স্নাতকোত্তর পর্যায়ে আট ধরনের ডিগ্রি ও চিকিৎসাশাস্ত্রে সাত ধরনের ডিপ্লোমা কোর্স পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানগুলো তাদের স্নাতক কোর্সের কোনোটি ঢাকা বিশ্ববিদ্যালয়, কোনোটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং কোনোটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠান হিসেবে নানা কোর্স পরিচালনা করত। এসব প্রতিষ্ঠানকে বিশ্বের অন্যান্য দেশের মতো একটি বিশ্ববিদ্যালয়ের অধীনে এনে তার শিক্ষা কার্যক্রমের মধ্যে সমন্বয় করার উদ্যোগ নেওয়া হয়। ২০০৮ সালের ৫ জুন একটি অধ্যাদেশের মাধ্যমে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির উপাচার্য মেজর জেনারেল মো. সফিকুল ইসলাম বলেন, ‘জ্ঞানের মাধ্যমে উৎকর্ষ সাধন’—এই ব্রত নিয়ে জাতীয় নিরাপত্তা, যুদ্ধকৌশল, চিকিৎসা, প্রকৌশল ও প্রযুক্তিসহ সশস্ত্র বাহিনীর বিভিন্ন উচ্চশিক্ষার ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সমন্বয়ের জন্য এ বিশ্ববিদ্যালয়ের জন্ম।যেসব অনুষদ আছেবাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের অঙ্গীভূত পাঁচটি অনুষদ রয়েছে। অনুষদগুলো হচ্ছে—ব্যবসায় শিক্ষা অনুষদ, নিরাপত্তা ও কৌশল শিক্ষা অনুষদ, কারিগরি ও প্রকৌশল শিক্ষা অনুষদ, চিকিৎসা শিক্ষা অনুষদ এবং সাধারণ শিক্ষা অনুষদ। বিইউপির রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুর রহমান কামাল জানান, পাঁচটি অনুষদের মাধ্যমে স্নাতক পর্যায়ে ১১টি, স্নাতকোত্তর পর্যায়ে আটটি এবং সাতটি ডিপ্লোমা প্রোগ্রাম পরিচালিত হচ্ছে। আর বিউইপি অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ১০টি।স্নাতক কোর্স: স্নাতক পর্যায়ে বিইউপির কোর্সগুলো হলো: পুরকৌশল, যন্ত্রপ্রকৌশল, তড়িৎ ইলেকট্রনিকস ও যোগাযোগ প্রকৌশল, উড়োজাহাজ প্রকৌশল, এমবিবিএস, বিএসসি ইন নার্সিং, বিএসসি (পাস), বিএ (পাস), বিবিএস (পাস), বিবিএ এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল।স্নাতকোত্তর ডিগ্রি: স্নাতকোত্তর পর্যায়ে এই বিশ্ববিদ্যালয়ে আটটি বিষয়ে পড়াশোনা করার সুযোগ রয়েছে। কোর্সগুলো হলো—এমফিল, যুদ্ধ কৌশল, মিলিটারি শিক্ষা, কারিগরি শিক্ষা, হাসপাতাল ব্যবস্থাপনা, জনস্বাস্থ্য প্রশাসন, এমবিএ/ইএমবিএ।ডিপ্লোমা শিক্ষা: বিইউপি অধিভুক্ত কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে সাতটি বিষয়ে ডিপ্লোমা করার সুযোগ রয়েছে। এগুলো হলো—অ্যানেসথেসিওলজি ডার্মাটোলজি ও ভেনেরিওলজি, অফতালমোলজি, গাইনি ও অবস, ক্লিনিক্যাল প্যাথলজি, অটোল্যারিংগোলজি এবং চাইল্ড হেলথ।অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান: মেজর জেনারেল সফিকুল ইসলাম জানান, বিইউপি অধিভুক্ত ইনস্টিটিউট, কলেজ, একাডেমি ও স্কুলের সংখ্যা হচ্ছে ১০টি। অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হচ্ছে—ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি), ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি), মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি), আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি, আর্মড ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউট, বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ), বাংলাদেশ নেভাল একাডেমি (বিএনএ), বাংলাদেশ এয়ারফোর্স একাডেমি (বিএএফএ), আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুল। ব্যবসায় শিক্ষা অনুষদ: বিইউপির পাঁচটি অনুষদের মধ্যে ব্যবসায় শিক্ষা অনুষদ এই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষা কার্যক্রম। বিইউপির ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন লে. কর্নেল মো. ফরিদ আলম জানান, বিইউপির ব্যবসায় অনুষদের অধীনে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ), মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) এবং ইএমবিএ প্রোগ্রাম চালু আছে। বিভাগগুলো হচ্ছে—হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি, ব্যবস্থাপনা, ফিন্যান্স ও ব্যাংকিং, মার্কেটিং এবং হোটেল ব্যবস্থাপনা ও ট্যুরিজম। এসব প্রোগ্রামে সামরিক ও বেসামরিক শিক্ষার্থীদের ভর্তির সুযোগ রয়েছে। বিবিএ: পাঁচটি বিষয়ের ওপর শিক্ষার্থীরা বিইউপিতে বিবিএ পড়তে পারবেন। চার বছর মেয়াদি এই কোর্সে আটটি সেমিস্টারে শেষ হবে। মোট ৪০টি কোর্স অন্তর্ভুক্ত আছে এতে। বিবিএ প্রোগ্রামটি মোট ১২৩ ক্রেডিট। ৪০টি কোর্স জেনারেল এডুকেশন, অ্যালাইড, কোর এবং ইলেকটিভ কোর্সের আওতায় সাজানো হয়েছে। বর্তমানে বিবিএ প্রোগ্রামে ৫৫টি আসন রয়েছে।বিবিএ ভর্তির যোগ্যতা: আগ্রহী প্রার্থীকে এসএসসিতে ন্যূনতম জিপিএ-৩.৫০ এবং এইচএসসিতে-৩.২৫ থাকতে হবে। এসএসসি এবং এইচএসসির জিপিএর প্রাপ্ত যোগফল অবশ্যই ন্যূনতম ৭ হতে হবে। যোগ্যতাসম্পন্ন আবেদনকারীর প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে। ১৮০ নম্বরের লিখিত পরীক্ষার জন্য সময় দেওয়া হয় ১০০ মিনিট। লিখিত পরীক্ষায় গণিত ৪০, ইংরেজি ৩০ এবং সাধারণ দক্ষতা/বিশ্লেষণ দক্ষতা ৩০ সর্বমোট ১০০ নম্বরের প্রশ্ন হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, কাগজপত্র যাচাই শেষে নির্বাচিতদের স্বাস্থ্য পরীক্ষা করে চূড়ান্ত ভর্তির জন্য মনোনীত করা হয়।এমবিএ/ইএমবিএ: বিইউপিতে দুই বছরের এমবিএ এবং ১.৮ বছরের ইএমবিএ প্রোগ্রাম রয়েছে। এমবিএ প্রোগ্রামে ২০টি কোর্স মোট চারটি সেমিস্টারে পড়তে হবে। সর্বমোট ক্রেডিট হচ্ছে ৬৬। আর ইএমবিএ প্রোগ্রামে ১৫টি কোর্স, ক্রেডিট হচ্ছে ৪৫। ইএমবিএতে চার মাসে একটি সেমিস্টার।এমবিএ/ইএমবিএ ভর্তি: বেসামরিক শিক্ষার্থীরা এমবিএ/ইএমবিএ ভর্তি হতে চাইলে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। আর ইএমবিএর ক্ষেত্রে ন্যূনতম তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এমবিএর জন্য ৮ পয়েন্ট এবং ইএমবিএর জন্য ৭ পয়েন্ট থাকতে হবে। তবে সামরিক বাহিনীর সদস্যদের জন্য আবার শিথিলযোগ্য।ভর্তি-প্রক্রিয়া: শিক্ষাগত যোগ্যতা, ভর্তি পরীক্ষা, মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত তালিকা তৈরি করা হয়। ইংরেজি ভাষা ও যোগাযোগ, গণিত এবং সাধারণ দক্ষতা বিষয়ে মোট ১০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। সময় দেওয়া হয় ১০০ মিনিট। লিখিত পরীক্ষায় ন্যূনতম ৪৫ নম্বর পেলেই কেবল উত্তীর্ণ বলে বিবেচিত হবেন।বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস সশস্ত্র বাহিনী পরিচালিত একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়। এখানে সামরিক বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যদের সঙ্গে বেসামরিক লোকজন বিভিন্ন কোর্সে ভর্তি হতে পারেন।বিইউপির শিক্ষা কার্যক্রম, ভর্তির যোগ্যতা, ভর্তি-প্রক্রিয়া, খরচাপাতি ইত্যাদি তথ্য জানতে আগ্রহী যে কেউ যোগাযোগ করতে পারেন—বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, মিরপুর সেনানিবাস, ঢাকা-১২১৬। ফোন-৮০৩৫৯৯৭। ই-মেইল: [email protected]ওয়েবসাইট: www.bup.edu.bd