
মুক্তিযুদ্ধের সময় যেসব বিশ্ববরেণ্য বুদ্ধিজীবী বাংলাদেশকে সমর্থন দিয়েছিলেন, তাঁদের মধ্যে একজন ফরাসি লেখক ও দার্শনিক অঁদ্রে মালরো। দেশ স্বাধীন হওয়ার পর তিনি বাংলাদেশে এসেছিলেন। বিমানবন্দরে নেমে সাংবাদিকদের বলেছিলেন, ‘সবাইকে বুকে টেনে নেওয়ার সামর্থ্য আমার নেই। আমি পুরো বাংলাদেশকে আমার বুকে জড়িয়ে ধরছি।’ সেবার ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রামে বক্তব্য দিয়েছিলেন তিনি। সফলদের স্বপ্নগাথায় আজ তিনটি বক্তব্যই থাকল স্বপ্ন নিয়ের পাঠকদের জন্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবৃন্দ, আজ আমি প্রথমবারের মতো কথা বলছি পৃথিবীর একমাত্র বিশ্ববিদ্যালয়ে, যেখানে জীবিত মানুষের সংখ্যা নিহত মানুষের চেয়ে কম। ফ্রান্সের সব ছাত্রছাত্রী জানেন যে আপনাদের বহু শিক্ষক ও সহপাঠী স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন। তাঁরা এও জানেন, কখনো কোথাও কোনো ছাত্র-শিক্ষক স্বাধীনতার জন্য এত কঠিন ত্যাগ স্বীকার করেননি। তাঁরা আরও জানেন, এত ছাত্রের মধ্যে যাঁরা যুদ্ধ করেছেন, তাঁরা ভবিষ্যতে আগত ছাত্রদের উদ্দেশ্যে এটা বলার অধিকার রাখেন—‘আমরা খালি হাতে যুদ্ধ করেছি।’
নেহরুর সঙ্গে সর্বশেষ সাক্ষাতে তিনি আমাকে বলেছিলেন, ‘সবাই ভারতকে কোনো রাজকুমারী ভাবে, কিন্তু ভারত আসলে এক দরিদ্র দুঃখিনী মা। যে বাঁচার জন্য নির্ভর করে শুধু তাদের ওপর, যারা তার দিকে হাত বাড়িয়ে দিয়েছে।’ আপনারা ভারতের দিকে হাত বাড়িয়ে দিয়েছেন। এবং সে অসংখ্য উঁচু করা হাতে ছিল বিজয়ী অস্ত্র।
আপনাদের সব শহীদের আত্মদানেই আজকের বাংলাদেশ। আজ জাতি গঠনের দায়িত্ব আপনাদের।
২.
জনাব রাষ্ট্রপতি এবং চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর ও অতিথিরা, বিরাট পারস্যবাহিনী যখন গ্রিস আক্রমণ করেছিল, থারমোপাইলে নামক স্থানে মাত্র ৩০০ লোক তাদের পথরোধ করেছিল। তারা সবাই সে যুদ্ধে মৃত্যুবরণ করেছিল। যে স্থানটিতে তারা শহীদ হয়েছিল, সেখানে গ্রিসের এবং সম্ভবত প্রাচীন গ্রিস ও রোমের সবচেয়ে বিখ্যাত লিপিটি খোদাই করা আছে—‘তুমি যে যাচ্ছ এ পথ দিয়ে, দেশকে গিয়ে বলো, যারা এখানে শুয়ে আছে, তারা তাদের কর্তব্য সম্পন্ন করেছে।’
আপনাদের যেকোনো সংগ্রামীর কবরের ওপর, বুদ্ধিজীবীদের শবদেহ ভরা কোনো গর্তের ওপর বড় বড় অক্ষরে লিখে দিন—‘তুমি যে এ পথ দিয়ে যাচ্ছ, সবাইকে গিয়ে বলো, যারা এখানে শুয়ে আছে, নিদারুণ কষ্টে ভরা নয়টি মাস তারা খালি হাতে যুদ্ধ করতে একটুও দ্বিধা করেনি।’
আমাদের চারপাশের সব শহীদকে সালাম।
আপনারা পৃথিবীকে দেখালেন, যে জাতি হার মানে না, তার আত্মাকে কখনোই হত্যা করা যায় না। দুই ধরনের জাতি প্রকৃতিতে আছে। যারা নিজের জন্য যুদ্ধ করেছে, যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির সঙ্গে ব্রিটেনের যুদ্ধ এবং যারা সবার জন্য যুদ্ধ করেছে, যেমন ক্রুসেডে ফ্রান্স রিপাবলিক। প্রাচ্য ও পাশ্চাত্যের পথে পথে ফ্রান্স রিপাবলিকের সৈন্যদের সমাধি আছে। বাংলাদেশের বীর শহীদদের সমাধিতে যে মুক্তির আহ্বান নিহিত আছে, হয়তো সে একই আহ্বানে সাড়া দিয়ে ইউরোপে ফরাসি বিপ্লবের আগুন জ্বলেছিল।
জনাব রাষ্ট্রপতি, আপনার আহত যোদ্ধা, যাঁদের সঙ্গে গতকাল দেখা হয়েছে, তাঁদের ও বাংলার আদি সভ্যতার পক্ষ থেকে আমাকে বরণ করার সঙ্গে সঙ্গে বরণ করে নিলেন আমার দেশের সভ্যতাকেও। আপনার কাছ থেকে এই উপাধি গ্রহণ করার মাধ্যমে আমি বাংলাদেশকে বলতে চাই, এখানে এসে আমি সম্মানিত বোধ করছি।

৩.
ইউরোপের রাজার বিরুদ্ধে ফরাসি বিপ্লবের সেনাবাহিনী, রেড আর্মি, লং মার্চের সময় মাওয়ের সেনাবাহিনী—ছিন্নবস্ত্র সেনাবাহিনীর একটি দীর্ঘ কিন্তু মহিমান্বিত ঐতিহ্য আছে। চীন যদি সত্যিই পাকিস্তানকে সহায়তা দিয়ে থাকে, তবে যাদের সঙ্গে চীনের সৈনিকদের মিল আছে, চীন সেটা তাদের বিরুদ্ধে করেছে। লেনিনের সময় থেকে যাদের ডাকা হয় পার্টিজান বলে। আমরা আপনাদের পক্ষ নিয়েছি কেননা আপনারা ছিলেন নিষ্ঠুরভাবে নিপীড়িত ও হুমকিপ্রাপ্ত এবং আপনাদের আছে তিন হাজার বছর ধরে আত্মার মাঝে লালিত সভ্যতা।
আমাদের সময়ে গান্ধী হলেন একমাত্র মুক্তিদাতা, যিনি লড়াই করেছেন মানুষের আত্মার পক্ষে। এই পৃথিবীতে মানুষের পরস্পরের সেবার প্রয়োজন হয়, এ ছাড়া তার আত্মাকে কাজে লাগাতে হয়। আপনাদের বিপ্লব, বাংলার সঙ্গে আমাদের বিপ্লবকে একাত্ম করেছে। পৃথিবী মনে হয় বুঝতে চায় না যে ভারতসহ আপনাদের বিপ্লবই একমাত্র, যেটা সমগ্রতাবাদী বিপ্লব নয়। না স্তালিন, না হিটলার, না মাও। গান্ধী ও শেখ মুজিবুর রহমান। বিশ্ব এখনো বিষয়টি বুঝে ওঠেনি কিন্তু এখনই সময় জেগে ওঠার। আমাদের অবশ্যই বিজয়ের প্রয়োজন ছিল। আজ বাংলাদেশ শান্তি চায় এবং সেটা সবার সঙ্গে। আপনাদের দ্বিতীয় বিজয়ের জন্য কাজ করতে হবে রাষ্ট্র গঠনের মাধ্যমে। সশস্ত্র যুদ্ধের পরেই শুরু হয় শান্তির যুদ্ধ।
নগর কর্তৃপক্ষের সঙ্গে আজ আমার দেখা হবে। আপনাদের প্রয়োজনগুলো নিয়ে সিদ্ধান্ত হবে এবং আমি ফেরত যাওয়ার পরপরই প্রাথমিক প্রয়োজনগুলো মেটানোর কাজ শুরু হবে। যেহেতু যুদ্ধের সময় আমরা একত্রে লড়তে পারিনি, এবার আমরা একসঙ্গে লড়ব। চট্টগ্রাম দীর্ঘজীবী হোক, বাংলাদেশ দীর্ঘজীবী হোক।
আলিয়ঁস ফ্রঁসেজ নিবেদিত, ফিলিপ হ্যালফেন পরিচালিত তথ্যচিত্র ‘বাংলাদেশ ইয়ার ওয়ান: ফ্রম ডিসপায়ার টু হোপ’ থেকে সংগৃহীত