সহকর্মীকে ‘শিক্ষা’ দিতে খুন!
‘রাত ১১টার দিকে গার্মেন্টস ছুটি হয়। হেঁটে বাসার দিকে যাচ্ছিল পারভেজ। দেওয়ানহাট মোড় থেকে দুটি রিকশা নিয়ে তাকে অনুসরণ করি। ওয়াপদা গেট এলাকায় পৌঁছালে তাকে থামাই। এরপর কিল-ঘুষি মারতে শুরু করে হানিফ ও স্বপন। একপর্যায়ে পারভেজের পেটে ছুরি মেরে দেয় ওরা দুজন।’১১ এপ্রিল রাতে নগরের ডবলমুরিং থানায় এভাবেই প্রথম আলোর কাছে সহকর্মী পারভেজ হোসেনকে (২২) খুনের ঘটনা বর্ণনা করেন গ্রেপ্তার হওয়া মঞ্জুরুল ইসলাম (১৮)। ঝগড়া ও মারধরের ‘প্রতিশোধ’ নিতে চেয়েছিলেন মঞ্জুরুল। তাই পারভেজকে ‘শিক্ষা’ দিতে দুই সহকর্মীকে ৫০০ টাকা দেন মঞ্জুরুল। গ্রেপ্তার হওয়ার পর এসব কথা অকপটে স্বীকার করেন তিনি। নগরের ডবলমুরিং থানার ওয়াপদা গেট এলাকায় ১০ এপ্রিল রাতে সহকর্মীরা দেওয়ানহাটের টেকনো গার্মেন্টসের আয়রনম্যান পারভেজ হোসেনকে ছুরিকাঘাত করেন। রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পারভেজ মারা যান। নিহত পারভেজ লক্ষ্মীপুর সদর থানার রশীদপুর এলাকার আবুল কালামের ছেলে। তিনি নগরের পূর্ব রামপুরা এলাকায় পরিবারের সদস্যদের সঙ্গে থাকতেন।ঘটনার পরের দিনই (১১ এপ্রিল) গার্মেন্টসে কর্মরত অবস্থায় পারভেজের পাঁচ সহকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া পাঁচজন হলেন: মঞ্জুরুল ইসলাম (১৮), হানিফ (৩০), স্বপন (২৬), নুরুন্নবী (২৬) ও শাহজাহান (২০)।ঘটনার বর্ণনা দিয়ে মঞ্জুরুল ইসলাম বলেন, ‘তিন দিন আগে (৮ এপ্রিল) পারভেজ কারখানার ৪০টি শার্ট চুরি করে। তাকে টি-শার্ট নিতে নিষেধ করায় সে আমাকে গালি দেয় ও মারধর করে। তখন সহকর্মীরা আমাদের মধ্যে মিটমাট করে দেয়। পরের দিন রোববার সে আবার আমাকে মারধর করার হুমকি দেয়। এরপর হানিফ ও স্বপনের সঙ্গে কথা বলি। পারভেজকে মারধর করতে ওই দুজনকে ৫০০ টাকা দিই। ওই দুজন নুরন্নবী ও শাহজাহানকে নিয়ে আসে। এর আগেও কয়েক দিন পারভেজ আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল। তাই তাঁকে শিক্ষা দিতে চেয়েছিলাম।’খুনের ঘটনায় ডবলমুরিং থানায় গ্রেপ্তার হওয়া পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন নিহত পারভেজের পিতা আবুল কালাম। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) প্রীতম সরকার প্রথম আলোকে বলেন, ‘পারভেজের সঙ্গে সহকর্মী মঞ্জুরুলের ঝগড়া হয়। মঞ্জুরুল কয়েকজন সহকর্মীর সহযোগিতায় ওই ঘটনার প্রতিশোধ নিতে চেয়েছিল। গত মঙ্গলবার রাতে কর্মস্থল থেকে ফেরার পথে পারভেজের ওপর হামলা চালায় গ্রেপ্তার হওয়া পাঁচজন। এ পাঁচজনের কেউই পেশাদার অপরাধী নয়। পেটে ছুরিকাঘাত করায় অতিরিক্ত রক্তক্ষরণে পারভেজের মৃত্যু হয়। তাঁর পেটে ছুরিকাঘাতের দুটি চিহ্ন ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে।’ পারভেজের বড় বোন শিমু বেগম প্রথম আলোকে বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার ভাই খুন হয়েছে। আমরা শুনেছি, ঘটনার দিন সকালে মোবাইলের (মুঠোফোন) গান নিয়ে নুরুন্নবীর সঙ্গে পারভেজের ঝগড়া হয়। আমার মা অসুস্থ। মঞ্জুরুলের সঙ্গে ঝগড়ার বিষয়ে তাই ঘরে কিছু বলেনি পারভেজ। পরে এটা শুনেছি।’ভাই হত্যার বিচার চেয়ে শিমু বেগম বলেন, ‘আমরা খুনিদের বিচার চাই। যারা আমার ভাইকে খুন করেছে, তাদের যেন ফাঁসি হয়।’