
আট ঘণ্টা অফিস, আট ঘণ্টা বাড়ি, আট ঘণ্টা ঘুম। কর্মজীবীদের এই তো ২৪ ঘণ্টার রুটিন। বাড়ি আর অফিসে প্রায় সমান সমান সময় কাটাতে হয় তাঁদের। নিজের কর্মক্ষেত্র একসময় আরেকটি পরিবারের মতোই হয়ে ওঠে। আর পৃথিবীতে নতুন অতিথি আগমনের খবর তো যেকোনো পরিবারের জন্যই আনন্দের। কর্মক্ষেত্রে পাশের ডেস্কে বসা যে নারী সহকর্মীটি মাতৃত্বকালীন প্রতিদিন কষ্ট করে এসে অফিস করছেন, তাঁকে কাজের ফাঁকে একটু আনন্দ দিতে পারলে কেমন হয়? আগে শুধু বাড়িতে বেবি শাওয়ার বা সাতশার আয়োজন করতেন কাছের মানুষেরা। এ আয়োজনটি সাধ নামেই বেশি পরিচিত। আজকাল অফিসে এমন আয়োজন করে থাকেন অনেকে। হবু মাকে কিছুক্ষণের জন্য আনন্দ দিতে সহকর্মীদের মধ্যে স্বতঃস্ফূর্ততা দেখা যায়।
সুহাসিনী আহমেদ (ছদ্মনাম) কাজ করেন একটি পত্রিকা অফিসে, তাঁর বিভাগের একমাত্র নারী সহকর্মীর গর্ভাবস্থায় সাত মাসের সময়ে তিনি অফিসেই ছোট পরিসরে এক আনন্দ আয়োজন করে অবাক করে দেন হবু মাকে। সহকর্মীর প্রথম সন্তান। তাঁর সাত মাসের সময় সহকর্মীরা কিছু একটা করতে চাইলেন।
তখন সুহাসিনী তাঁর জন্য নিজে হাতে ৫০টি কাপ কেক বানিয়ে আনেন। ২৫টি নীল রং, ২৫টি গোলাপি। ‘আয়োজন অল্প হলেও আমার সহকর্মী কিন্তু খুশি হয়েছিলেন ষোলো আনাই। অফিসে এই ছোট পরিসরে সাতশা আয়োজন করে তাঁকে খুশি করাই ছিল মূল উদ্দেশ্য। সবাই মিলে তাঁকে শুভেচ্ছা জানালাম, একসঙ্গে খেলাম। কিছুটা সময় মেয়েটাকে আনন্দ দিলাম। এতে আমাদেরও ভালো লাগল আর আমাদের সহকর্মীটিও বুঝলেন, তাঁর সন্তান আগমনের কারণে আমরা সবাই কত খুশি, একজন হবু মায়ের জন্য এটাই তো বড় পাওয়া,’ বললেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সামিয়া রহমান। তিনিও তাঁর এক সহকর্মীর সাতশা আয়োজন করেছিলেন। সামিয়া রহমান বলেন, ‘অনেক দিন ধরেই সহকর্মীরা একসঙ্গে হতে চাইছিলাম। এর মধ্যে আমার এক সহকর্মীর সন্তান ধারণের সাত মাস চলে এল, ভাবলাম এই উপলক্ষেই খাওয়াদাওয়া, আড্ডা হয়ে যাক। আমার বাড়িতে আমার সব সহকর্মীকে একদিন ডাকলাম। ওয়ান ডিশ পার্টির মতো একেকজন একেক পদ তৈরি করে নিয়ে এসেছিলেন সেদিন। সবাই চাঁদা তুলে যাঁর সাতশা, তাঁর জন্য কিছু উপহারও কিনেছিলাম। সবাই তো ব্যস্ত থাকি, তাই একসঙ্গে সময় বের করতে পারাটাও মুশকিল। এমন সুযোগ পেয়ে তাই সবাই ইচ্ছেমতো মজা করলাম, ছবি তুললাম আর সব আনন্দই ছিল সেই হবু মা-টিকে ঘিরেই।’
তওহিদা হক একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। তাঁর দ্বিতীয় সন্তান আগমনের আগে কর্মক্ষেত্র থেকে যেদিন ছুটি নেবেন, সেদিন সহকর্মীদের কাছ থেকে পেয়েছিলেন এক বিশাল চমক। তাঁদের অফিসে মাতৃত্বকালীন ছুটি ছয় মাস। ছুটিতে যাওয়ার আগে কয়েকটা মিটিং সেরে সেদিন তিনি বেশ ক্লান্ত ছিলেন। জানানো হলো, আরও একটি মিটিংয়ে যেতে হবে। মিটিং রুমে ঢুকতেই তাঁর সব সহকর্মী একসঙ্গে চিৎকার করে বলে উঠলেন, ‘ইট’স আ বয়’। তাওহিদা বলেন, ‘সবাই আগে থেকেই জানতেন এবার আমার ছেলেসন্তান হচ্ছে। তাঁরা আমাকে চমকে দেওয়ার জন্যই মিটিংয়ের নামে এই আয়োজনটি করেছেন। চমৎকার আয়োজনটি করেছিলেন আমার অগোচরে। সেই মুহূর্তে আমি খুব খুশি হয়েছিলাম। অসাধারণ অনুভূতি। আমার ও আমার বাচ্চার জন্য ছিল বেশ কিছু উপহার। ছিল খাবারের আয়োজন। নিজেদের তৈরি “উইশ বোর্ড”-এ হবু মা ও অনাগত সন্তানের জন্য তাঁরা লিখে রেখেছিলেন সুন্দর সুন্দর সব শুভেচ্ছাবার্তা।’
অফিসে সহকর্মীর সাতশা আয়োজন করলে সবাই মিলে তাঁর ও তাঁর অনাগত সন্তানের জন্য সুন্দর কোনো উপহার কিনে দিতে পারেন। দেওয়া যেতে পারে প্রসূতি মায়ের পরার উপযোগী পোশাক, সন্তান লালন-পালনের ওপর কোনো বই, শিশুদের প্রয়োজনীয় জিনিসপত্র ইত্যাদি। অফিসের বাইরে কোনো সহকর্মীর বাড়ি কিংবা রেস্তোরাঁতেও এই আয়োজনটি করা যেতে পারে।