সহকারী জজ নিয়োগ পেতে হলে...

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের নবম সহকারী জজ নিয়োগ প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল সম্প্রতি প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন এক হাজার ৪৯৬ জন। এখন প্রস্তুত হতে হবে লিখিত পরীক্ষার জন্য। আইন মন্ত্রণালয় থেকে জানা গেছে, শিগগির লিখিত পরীক্ষার তারিখ চূড়ান্ত হবে। এই সময়টুকুর সর্বোচ্চ ব্যবহার করতে পারলে আপনিও হতে পারেন একজন সহকারী জজ।
লিখিত পরীক্ষা: লিখিত পরীক্ষা প্রসঙ্গে এ বছর নিয়োগ পাওয়া পঞ্চগড় জেলার সহকারী জজ মো. আরিফুল ইসলাম জানান, লিখিত পরীক্ষা হয় এক হাজার নম্বরে। যার মধ্যে বাংলা বিষয়ে থাকে ১০০ নম্বর, ইংরেজিতে ১০০, গণিতে ৫০, দৈনন্দিন বিজ্ঞানে ৫০, বাংলাদেশ বিষয়াবলিতে ৫০ ও আন্তর্জাতিক বিষয়ে ৫০ নম্বর। বাকি ৬০০ নম্বর থাকে আইন-সংক্রান্ত বিষয়াবলিতে। এই আইন সংক্রান্ত বিষয়াবলির মধ্যে আবার কিছু ভাগ আছে। দেওয়ানি-সংক্রান্ত আইন বিষয়ে ১০০ নম্বর, ফৌজদারি-সংক্রান্ত বিষয়ে ১০০, সংবিধান-সংক্রান্ত বিষয়ে ১০০, মুসলিম ও পারিবারিক আইন-সংক্রান্ত বিষয়ে ১০০ ও প্রার্থীর ঐচ্ছিক বিষয়ে থাকবে ২০০ নম্বর।
লিখিত পরীক্ষায় ভালো করতে হলে প্রার্থীকে অবশ্যই আইন-সংক্রান্ত বিষয়গুলো মনোযোগ সহকারে পড়তে হবে। আরিফুল ইসলাম জানান, সহকারী জজ হিসেবে নিয়োগ পেতে চাইলে প্রার্থীকে ভালো করে গণিত চর্চা করতে হবে। গণিত অংশে ১০টি প্রশ্ন থাকবে। দৈনন্দিন বিজ্ঞান থেকে ২০ থেকে ২৫টি প্রশ্ন থাকতে পারে। আর বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলির ওপর পাঁচটি করে মোট ১০টি প্রশ্ন থাকবে।
বাংলা, ইংরেজি, গণিত বিষয়ে ভালো করতে হলে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির পাঠ্যবইগুলো পড়তে হবে। বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয় ও দৈনন্দিন বিজ্ঞানে ভালো করতে হলে পাঠ্যবইয়ের পাশাপাশি পড়তে হবে বিভিন্ন জাতীয় পত্রিকা। পরীক্ষায় আইন অংশে ভালো করতে হলে পড়তে হবে সম্মান শ্রেণির আইন-সম্পর্কিত বই। এ ছাড়া বারবার চর্চা করতে হবে গত বছরগুলোর সহকারী জজ নিয়োগ পরীক্ষার প্রশ্ন।
পড়তে পারেন যেসব বই: সহকারী জজ নিয়োগ পরীক্ষায় ভালো করতে পাঠ্যবইয়ের পাশাপাশি বাজারে রয়েছে বিভিন্ন প্রকাশনীর সহকারী জজ নিয়োগ গাইড বই।
লিখিত পরীক্ষার তারিখ ও নিয়োগ-সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ভিজিট করতে পারেন www.jscbd.org.bd এই ঠিকানায়।