
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে’ কবিতাটি শিক্ষিত বাঙালিমাত্রই পড়েছেন। মৃত্যু অপ্রিয় হলেও তা অবশ্যম্ভাবী। তবু তাকে সহজভাবে নিতে পারার মতো আত্মিক শক্তি কজনের আছে? অস্কার অ্যান্ড দ্য লেডি ইন পিংক দেখতে দেখতে মনে হলো, এই নাটক যঁারা দেখেছেন, তাঁরা পথের দিশা পেলেও পেতে পারেন। ১৬ ও ১৭ নভেম্বর নগরের আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে মঞ্চস্থ এই নাটক দর্শকদের হৃদয় স্পর্শ করেছে।
২০০২ সালে প্রকাশিত হয়েছিল ফরাসি কথাশিল্পী এরিক ইমানুয়েল স্মিতের উপন্যাস অস্কার অ্যান্ড দ্য লেডি ইন পিংক। প্রকাশের সঙ্গে সঙ্গে সারা বিশ্বের একাধিক ভাষায় অনূদিত হয় এই উপন্যাস। উপন্যাসটি অবলম্বনে তৈরি নাটক ও চলচ্চিত্রও সমান প্রশংসিত হয়। এবার এর বাংলা রূপান্তরও চট্টগ্রামের দর্শকদের মন জয় করে নিল।
নাটকের অস্কার চরিত্রটি রবীন্দ্রনাথের ডাকঘর–এর শিশু অমলের মতোই মরণরোগে আক্রান্ত। পার্থক্য, অমল রাজার কাছে আর অস্কার ঈশ্বরের কাছে চিঠি লেখে। হাসপাতালের নিরানন্দ পরিবেশে ক্যানসারে আক্রান্ত অস্কারের মনে একটাই প্রশ্ন, সে সুস্থ হবে তো? এই প্রশ্নের উত্তর তাকে কেউ দেয় না। নির্মম সত্য প্রকাশের ভয়ে তার মা–বাবাও দেখতে আসেন না তাকে। কিন্তু গোলাপি গাউনের নার্স ম্যামি রোজ এসে সত্যটা জানিয়ে দেন তাকে। ছোট্ট অস্কার আর মাত্র বারো দিন বাঁচবে। এই তথ্য দেওয়ার পাশাপাশি ম্যামি রোজ অস্কারের সঙ্গে শুরু করেন এক মজার খেলা। তার জীবনের একেকটি দিনকে ১০ বছরের সমান বলে ভাবতে বলেন। এভাবে বালক অস্কার আরও ১২০ বছর আয়ু পেয়ে যাবে অনায়াসে।
ম্যামির ধরে দেওয়া সময় অনুযায়ী প্রতিদিন ১০ বছর করে বয়স বাড়ে অস্কারের। সে বয়ঃসন্ধি, যৌবন আর বার্ধক্য—সবই উপলব্ধি করে। সবকিছুর ভেতর দিয়েই যায়। কাল্পনিক বিয়ে, দাম্পত্য ও দাম্পত্যের ঝগড়াঝঁাটির অভিজ্ঞতাও হয় তার। তার শেষ ইচ্ছে ঈশ্বরের দেখা পাওয়া। অন্তিম, অর্থাৎ বারোতম দিনে অস্কার ঠিকই ঈশ্বরকে দেখতে পায়। এভাবে মৃত্যু শেষ পর্যন্ত সুন্দর হয়ে ওঠে তার কাছে।
যুক্তরাজ্যপ্রবাসী নাট্যকার মুকুল আহমেদের নির্দেশনায় এই নাটকে অস্কার চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন মোহাম্মদ ওমর আয়াজ। কখনো শিশুর সারল্য, কখনো অভিমান, কখনোবা যন্ত্রণার অভিব্যক্তি নিয়ে সংলাপ বলেছেন তিনি। ম্যামি রোজের চরিত্রে সংগীতা চৌধুরীর অভিনয়ও দর্শকের নজর কেড়েছে।