সহজ প্রশ্নে খুশি শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষার প্রথম দিনে গণিত পরীক্ষার প্রশ্নপত্র সহজ হয়েছে। ফলে খুদে পরীক্ষার্থীদের মধ্যে প্রথম দিনেই স্বতঃস্ফূর্তভাব দেখা যায়। সবাই এক বাক্যে বলেছে ‘প্রশ্নপত্র সহজ হয়েছে। এতে আমরা খুশি।’ নগরের বিভিন্ন পরীক্ষাকেন্দ্র ঘুরে শিক্ষক-শিক্ষার্থী-পরীক্ষকদের সঙ্গে কথা বলে এমন প্রতিক্রিয়া পাওয়া যায়। খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক আনোয়ার হোসেন সরকার প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা দিচ্ছে। কোনো সমস্যা হচ্ছে না।’ এ কেন্দ্রে এক হাজার ৪৮৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এখানে ইংরেজি মাধ্যমে পরীক্ষা দিচ্ছে তিনজন। গতকাল বুধবার থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে বাংলা পরীক্ষা। প্রতিদিন বেলা ১১টা থেকে একটা পর্যন্ত একটি করে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা শেষ হবে ৩০ নভেম্বর। জেলার ১৪ উপজেলা ও মহনগরের ছয়টি থানার মোট তিন হাজার ২৫৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবারের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (পঞ্চম শ্রেণীর) পরীক্ষায় অংশ নিচ্ছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সরকারি ও রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা। জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের সুবিধার্থে বাংলা ও ইংরেজি দুই ভাষায় পরীক্ষার প্রশ্নপত্র তৈরি হয়েছে। এ বছর চট্টগ্রাম জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের এক লাখ ২১ হাজার ৭৯৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। তাদের মধ্যে ৫৫ হাজার ৫৮২ জন ছাত্র এবং ৬৬ হাজার ২১৭ জন ছাত্রী। অন্যদিকে জেলার বিভিন্ন ইবতেদায়ী মাদ্রাসার ২৩ হাজার ৫১০ জন শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে। তাদের মধ্যে ছাত্রের সংখ্যা ১১ হাজার ৭৬২ এবং ছাত্রী ১১ হাজার ৭৪৮ জন।মহানগরের ছয়টি থানার প্রাথমিক বিদ্যালয়ের মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ হাজার ৪২৪। এগুলো হচ্ছে: পাহাড়তলী, চান্দগাঁও, পাঁচলাইশ, কোতোয়ালি, বন্দর ও ডবলমুরিং থানা। মহানগরে ইবতেদায়ী পরীক্ষার্থীর সংখ্যা দুই হাজার ৫২৮। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিলকিস আরা বেগম প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সব প্রস্তুতি রয়েছে আমাদের। উপজেলা পর্যায়ে সার্বিক কার্যক্রম তদারকি করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তারা।’ তিনি জানান, শিক্ষার্থীদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য মহানগরে সিভিল সার্জন ও সিটি করপোরেশনের একজন করে চিকিৎসক প্রতিটি পরীক্ষাকেন্দ্রে সার্বক্ষণিকভাবে অবস্থান করবেন। উপজেলা পর্যায়ে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকেরা এ দায়িত্ব পালন করবেন।