সহজ প্রশ্নের জটিল উত্তর
প্রশ্ন: কীভাবে একটি মশা মারতে হয়? [মান-১০]উত্তর: প্রথমে রুমটা ঝাড়ু দেওয়া বন্ধ করতে হবে। তাহলে সপ্তাহ খানেকের মধ্যেই দেয়ালে মাকড়সা এসে জাল বুনবে। তারপর জালটির ঠিক ওপরেই একটা ১০০ ওয়াটের বাতি লাগাতে হবে। সন্ধ্যা হলেই বাতিটি জ্বালিয়ে মশারি টানিয়ে খাটের নিচে লুকিয়ে পড়তে হবে। মশাটি এসে মশারির ভেতর কাউকে না দেখে হতাশ হয়ে শীত তাড়ানোর জন্য বাতিটির কাছে উড়ে যাওয়ার সময় একটু অসতর্কতায় মাকড়সার জালে আটকা পড়বে। ব্যাপারটা দেখে একসঙ্গে টিকটিকি আর মাকড়সা ছুটে এসে দুই দিক থেকে মশাটি নিয়ে টানাটানি শুরু করবে। শুরু হয়ে যাবে দেয়ালযুদ্ধ। মাঝখান থেকে মশা নিজের হাত-পা হারিয়ে ওদের মুখ থেকে ছিটকে পড়বে নিচে। ফ্লোরের পিঁপড়েগুলো মেঘ না চাইতেই বৃষ্টি পাওয়ার মতো মুমূর্ষু মশাটিকে পেয়ে কাঁধে চড়িয়ে দলবেঁধে বাসার দিকে হাঁটা দেবে। এ সুযোগেই খাটের নিচ থেকে বের হয়ে কামান নিয়ে পিঁপড়ের দল বরাবর গোলা মারলেই মরে যাবে মশাটি।