সহজ ভর্তিপদ্ধতি চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয়গুলো সরব হয়ে উঠেছে নবীনদের স্বাগত জানাতে। ভর্তিযুদ্ধের তোড়জোড় পড়ে গেছে দেশের উচ্চশিক্ষা-প্রতিষ্ঠানগুলোতে। সময়টা ২০০৮-এর ডিসেম্বর। অন্যদের মতো রাজশাহীর কাঞ্চনও অংশ নেবেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়। কাঞ্চনের স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনে পড়ার। রাজশাহী থেকে ঢাকা এসে কষ্ট করে খ এবং ঘ ইউনিটের ফরম তুলেছিলেন। কিন্তু বাদ সাধল তাঁর থাকার জায়গা নিয়ে। শেষমেশ ঢাকায় পড়ার স্বপ্নটা বিসর্জন দিতে হয় তাঁকে। ভর্তি পরীক্ষা দিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সেখানেও নানা বিপত্তি। প্রতিটি বিষয়ের জন্য আলাদা ভর্তি ফরম সংগ্রহ করতে হতো সেখানে। এমনই আরেকজন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থী সোমা। তিনি বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিষয়ভিত্তিক ভর্তি ফরম সংগ্রহ করে পরীক্ষা দিতে হয় বলে ইচ্ছে থাকা সত্ত্বেও কিছু বিষয়ে পরীক্ষা দিতে পারিনি।’ এই পদ্ধতিটা অনেক ব্যয়বহুল বলে মনে করেন তিনি। প্রধান প্রধান বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফরম কেনার মতো বিড়ম্বনা আর কিছুতে নেই। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফরম সংগ্রহ করতে গলদঘর্ম হতে হয় শিক্ষার্থীদের। তবে এর ঠিক বিপরীত অন্য চিত্র শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। ২০০৯-২০১০ শিক্ষাবর্ষে এই বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল স্টাডিজ বিভাগে ভর্তি হয়েছেন ইকবাল। ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরম পূরণ করেন তিনি। এ পদ্ধতিতে খুব সহজেই একজন শিক্ষার্থী ঘরে বসে তার প্রিপেইড টেলিটক মোবাইল ফোন দিয়ে এসএমএসের মাধ্যমে ফরমটি পূরণ করে জমা দিতে পারবে। এ জন্য প্রার্থী যে বোর্ড থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছে সেই বোর্ডের নাম, রোল নম্বর, কোন সালে এইচএসসি পাস করেছে এবং কোন ইউনিটের ভর্তি ফরম সংগ্রহ করতে চায় তা উল্লেখ করে একটা এসএমএস পাঠাতে হবে ৭৮৭ নম্বরে। ফিরতি এসএমএসে একটা পিন নম্বর দেওয়া হবে। প্রার্থী ইয়েস লিখে ওই নম্বরে পুনরায় এসএমএস পাঠালে তার মোবাইল অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে ফরমের মূল্য। এর ফলে শিক্ষার্থীদের অহেতুক কোনো ঝক্কি পোহাতে হবে না বলেও মনে করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফরম সংগ্রহের প্রক্রিয়াকে আধুনিক প্রযুক্তির আওতায় আনা যায় কি না এ বিষয়ে কথা হয় উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে। তিনি বলেন, ‘আমরা শিক্ষার্থীদের সুবিধার্থে অনলাইনে ফরম সংগ্রহ করে তা পূরণ এবং নির্ধারিত কিছু ব্যাংকে টাকা জমা নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি।’এ তো গেল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফরম সংগ্রহ আর ইউনিটভিত্তিক পরীক্ষার হালচাল। এবার আসা যাক ভর্তিযুদ্ধের পদ্ধতিগত বিষয় নিয়ে। ইন্টারনেটের চেয়ে মোবাইল ফোন যেহেতু সহজলভ্য, তাই মোবাইল ফোনের মাধ্যমে ভর্তি ফরম সংগ্রহ এবং গুচ্ছ পদ্ধতি অর্থাৎ সবার জন্য একটি মাত্র ভর্তি পদ্ধতি নেওয়ার প্রস্তাব করেন বিশিষ্ট শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল। গুচ্ছ পদ্ধতি এখন মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় চালু রয়েছে। তিনি বলেন, এই দুই পদ্ধতি শিক্ষার্থীদের জন্য খুবই উপযোগী। শিক্ষার্থীদের সময়, শ্রম ও অর্থের অপচয় হয় না।এ বছর মে মাসের প্রথম সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে একমত হয়েছিল দেশের ২৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়। তবে তা বাস্তবায়নের কথা ছিল স্ব স্ব বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত আনুযায়ী। তবে সবাই এবারই এ পদ্ধতির বাস্তবায়ন করতে পারছে না।গুচ্ছ পদ্ধতি নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম বলেন, এই পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার ব্যাপারে কিছু বিশ্ববিদ্যালয় একমত হয়েছে। তবে ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বুয়েট এখনই এই পদ্ধতিতে পরীক্ষা নিচ্ছে না। তবে আশার কথা হলো, ২০১০-১১ শিক্ষাবর্ষ থেকে জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয় বিষয়ভিত্তিক পরীক্ষা পদ্ধতির পরিবর্তে ইউনিটভিত্তিক পরীক্ষা পদ্ধতি শুরু করতে যাচ্ছে বলেও জানান তিনি। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম বলেন, গুচ্ছ পদ্ধতি নিঃসন্দেহে শিক্ষার্থীদের জন্য ইতিবাচক একটি পদ্ধতি। তবে এই পদ্ধতি চালু করার জন্য সময় লাগবে। কারণ প্রস্তুতির দরকার আছে। গুচ্ছ পদ্ধতির ব্যাপারে ২৩টি বিশ্ববিদ্যালয়ের নেওয়া সিদ্ধান্ত এ বছর বাস্তবায়ন না হলেও কৃষি বিশ্ববিদ্যালয়গুলো এবং বুয়েট বাদে অন্যান্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শিক্ষার্থীবান্ধব গুচ্ছ পদ্ধতি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়গুলোর এগিয়ে আসা উচিত বলে মনে করেন সংশ্লিষ্ট সবাই। কারণ এর ফলে প্রকৃত অর্থে লাভবান হবেন শিক্ষার্থীরা।