তখন একটা না-শিশু না-কিশোরবেলা ছিল। ১৮ বছর আগের কথা। আমার লম্বা ঝুলের ফ্রক ছেড়ে কামিজ পরা উচিত কি না, তা-ই নিয়ে নিশ্চয়ই তখন আমার মা সবে ভাবা শুরু করেছিলেন। দাঁত দিয়ে নখ কাটা, কুঁজো হয়ে বসা, বেলা করে ওঠা, অন্যদের বাসার দাওয়াতে গেলে হ্যাংলার মতো খাওয়া—এসব তখন কড়া নিষেধ। জীবনের সূর্য তখনো রোদ ঝরানো শুরু করেনি; সে সবে ঘুম থেকে উঠে হাই তুলছে। নতুন কিছুর সঙ্গে আজীবনের সূত্র বাঁধার অনুকূল সময়।তাই আমি তাঁর কাছে গান শিখব বলে গেলাম। মা সঙ্গে গেলেন যথারীতি।প্রতি মঙ্গলবার যেতাম। দেয়ালে টাঙানো দেখতাম সাদাকালো পাগড়ি পরা ওস্তাদ আর স্যুট পরা ওস্তাদকে। আবদুল করিম খাঁ সাহেব আর আমির খাঁ সাহেবকে চিনতাম না তখন। এক পাশে আমার গুরুর বাবা, পণ্ডিত মিথুন দের পোর্ট্রেট। তাতে গাঁদা ফুলের লম্বা মালার তিনটি লহর ঝোলানো। নিচু কাঠের তক্তপোশ; ঘরের অনেকখানি জায়গাজুড়ে; লাল কাঁথাস্টিচের কাজ করা সুজনির মতো দেখতে বেডকভার দিয়ে ঢাকা। দেয়ালের গায়ে সারিবদ্ধ নিখুঁত শৃঙ্খলায় সমান দূরত্বে ঠেস দিয়ে রাখা গোটা পাঁচেক তানপুরা। ওদের দেখতে লাগত সমকোণী ত্রিভুজের মহিম অতিভুজের মতো। প্রথম সেদিন তাঁর নির্দেশে বিশাল তানপুরাগুলোর একটাকে হাতে তুলে নিয়ে আহাম্মক বনে গেলাম; এত ভয়াল ভারী জিনিসগুলো আসলে এত হালকা! দর্শককে বোকা বানানো জাদুকরের মতো তিনি হাসলেন দেখে লজ্জায় মনে হলো, তক্তপোশের নিচে ঢুকে যাই। সহজ অঙ্কের উত্তর না পারলে স্কুলে আমার এমন অবস্থা হতো।নীল রঙের শক্ত বাইন্ডিংয়ের গানের খাতা ছিল আমার। ঝটপট গুরুর নিজের হাতের মুক্তাক্ষরে লেখা গোটা দশেক বন্দিশের সঙ্গে শ খানেক তানের পাহাড় জমল।একদিন খুব রাগলেন আমার ওপর। বাগেশ্রীর ‘মা’ সুরে লাগছিল না কিছুতেই। (আমি যদিও ওপর-চালাকি করে ম্যানেজ করে নিচ্ছিলাম)। খাতা তাচ্ছিল্যে ছুড়ে দিলেন। মায়ের সামনেই। ধপ করে পড়ে রইল অপোগণ্ড নীল খাতাটা। বললেন, ‘খাতা ভরে কী হবে, হ্যাঁ? রেওয়াজ না করলে খাতা ভরে কী হবে? ফাঁকিবাজি দিয়ে গান হয়?’খুব গায়ে লাগল কথাটা। কিন্তু বেখাপ্পা অন্তর্মুখী কিশোরীদের অপমান প্রকাশের ভাষা নেই। মাথা গোঁজ করে সামনে রাখার হারমোনিয়ামের খাঁজে খাঁজে আঙুল ঘোরাতে লাগলাম। গোলক ধাঁধায় আজীবন চরকি পাক খাবে, তবু অহংয়ে লাগবে দেখে অন্যের শরণ নেবে না—এমন একটা মূঢ় দিগ্ভ্রান্ত ন্যুব্জ মানুষের মতো ঘুরছিল আঙুলটা।সেই সময় আমি ক্লাস এইটে কি নাইনে উঠেছি। দাঁত দিয়ে আর নখ কাটি না। মা-মেয়েতে কথায় কথায় ঝগড়া লাগে। গীতবিতান-এর রস নেওয়া শেষে তখন ‘জীবনমুখী গান’ শুনতাম।প্রতি মঙ্গলবার সন্ধ্যায় যথারীতি যেতাম। আমার গলা চলত। মন তার থেকেও দ্রুত চলত। গাইতাম ‘আঁখিয়া লাগি রহাতা নিশাদিন, পেয়ারে তেহারে দেখনে কা হি।’ কিসের কী আঁখিয়া লাগি? ‘লগান’ ছিল না কোনো কিছুরই।গান থামত। তিনি কিছু বলতেন না অনেক সময়। তানপুরা থেমে গেলে কোনো রেশ থাকত না। সুরগুলো লাগত ঠিকঠাক যান্ত্রিক। শুধু দরদ নেই। প্রেম নেই। আবেগ নেই। কেন নেই? রাগ হতো। তিনি মঝেমধ্যে বলতেন, ‘বর্ণালী, তোমার তানকারি ভালো। দ্রুতলয়ে তোমার গলাও ভালো চলে। কিন্তু তুমি বড় অস্থির!’তিনি টের পাননি। তবু টের পেয়েছিলেন ঠিক। দুটো দুনিয়াকে আমি আলাদা রাখতাম। বাণীর দুনিয়া ছিল বুদ্ধির দুনিয়া। সুরের দুনিয়া ছিল হূদয়ের দুনিয়া। দুইয়ের অমীমাংসিত অস্থিরতা গানে প্রকাশ পেয়ে যেত।একদিন কী যে হলো! সব বিরোধ মিটমাট হয়ে গেল। যেদিন তিনি আপন মনে গাইছিলেন রাগ চারুকেশী, আর আমি সেই গানের বাণীর একটা অক্ষরও না বুঝে, শুধু সুর শুনে, হাপুস নয়নে কাঁদলাম। তিনি টেকনিক নিয়ে বাড়াবাড়ি করেননি শেখাতে গিয়ে। কখনো শুকনো আইন-কানুন শেখাননি। বাবা যেমন বাড়ন্ত ছেলেকে সাঁতার শেখান, সেইভাবে সুরের সাগরে প্রথমে নির্ভার ভাসতে, তারপর হাত-পা ছুড়তে, তারপর আত্ম ভুলে জলকেলি করতে শিখিয়েছেন। নিজে সাঁতারু হলেন না। আজীবন শুধু সাঁতার শিখিয়ে গেলেন সফল সাঁতারুদের।গেল ১৪ আগস্ট ছিল আমার গানের গুরু শ্রী সঞ্জীব দের জন্মদিন। কততম জানি না। জিজ্ঞেস করলে নিশ্চয়ই বলবেন ২৫!বর্ণালী সাহা, ঢাকা