সহজ সুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়িগঙ্গা পার হলেই কেরানীগঞ্জ। আহা! বর্ষায় বুড়িগঙ্গা কী অপরূপ হয়ে উঠেছে! বহুদূর থেকে পচা জলের যে দুর্গন্ধ পাওয়া যায় অন্য ঋতুতে, তা আজ উধাও। নতুন জলে নদী টইটম্বুর।পোস্তগোলার প্রথম সেতু কিংবা বাবুবাজারের দ্বিতীয় সেতু দিয়ে নদী পার হওয়ার সময় সারি সারি লঞ্চ দেখে ভ্রমণের ইচ্ছে জাগতেই পারে মনে। কিন্তু কার অত সময় আছে ঘুরে বেড়ানোর? তাই একটি লক্ষ্য নিয়েই কেরানীগঞ্জের দিকে এগোই আমরা। গন্তব্য, ইকুরিয়ার বিআরটিএ, যেখানে যান চালনার পরীক্ষা দেওয়া হয়। আশপাশের প্রকৃতি দেখতে দেখতে সেখানেই একসময় পৌঁছে যাই আমরা। বিআরটিএ ভবনের বাইরে বেশ কিছু দোকান। দুটো ফটোস্ট্যাটের দোকানে ভিড় বেশি। গাড়ি-সংক্রান্ত নানা ধরনের ফরম বিক্রি হয় সেখানে। আছে দুটো চায়ের দোকানও। তারই একটিতে অপ্রাপ্তবয়স্ক এক দোকানির মুখোমুখি হই আমরা। ‘তোমার নাম কী?’‘আমার নাম মোহাম্মদ আরফিন।’‘কোন ক্লাস পর্যন্ত পড়েছ?’‘ক্লাস সেভেন।’‘তারপর আর পড়াশোনা করো নাই?’‘জি না।’‘কেন?’‘এমনেই।’‘এমনেই’ শব্দটি এমন অবলীলায় বলে সে, যেন মনে হয় পড়াশোনা ছেড়ে দেওয়ার মতো আনন্দের বিষয় আর কিছু হয় না। বিষয়টি লক্ষ করে প্রশ্ন করি, ‘এমনি মানে কী? পড়াশোনা করতে ইচ্ছা করে নাই?’‘জি না।’অগত্যা প্রসঙ্গ পাল্টাতে হয়।‘এই দোকান কার?’‘দোকান আঙ্গোরই (আমাদেরই)।’‘আঙ্গোর মানে?’‘আমরা চাইর ভাই।’‘চার ভাই দোকানে বসো?’‘জি।’‘বাবা-মা আছেন?’‘জি।’‘বাবা কী করেন?’‘বাবায় মাদ্রাসায় চাকরি করে।’‘মা?’‘মায় ঘরে কাজ করে।’‘এই দোকানে কী বিক্রি করো?’‘চা-সিগ্রেট, রুটি-কলা।’‘লাভ হয়?’‘লাভ হয়। সংসার চইলা যায়।’‘সকালে উঠে কী করো?’‘সকালে মক্তবে যাই। আরবি পড়ি।’‘তারপর?’‘তারপর দোকান। তারপর বিকেলে বাংলা পড়ি। আরবি পড়ি হাফেজ হমু, এই জন্য। বাংলা পড়ি মুখ চালু রাখার জন্য।’ ‘ভাইয়েরা কী করে?’‘বড় ভাই আর আমি দোকান করি। অন্য দুই ভাই পড়ালেখা করে। মাঝে মাঝে দোকানে বসে। আমাদের দোকানের নাম চার ভাই এন্টারপ্রাইজ। ’‘দুপুরে খাও কী?’‘বাসায় মাছ রান্না করে। ডাইল রান্না করে। নিজে গো সবজি আছে। সেই সবজি রান্না করে।’‘থাকো কোথায়?’‘মীরেরবাগ। ঢাকা জুট মিলসে।’মোহাম্মদ আরফিন এরপর ব্যস্ত হয়ে পড়ে। কাজের মধ্যেই ওর মুখের হাসি নজর কাড়ে আমাদের। ওকে দেখে মনে হয়, হায়! কত সহজেই না মানুষ সুখী হতে পারে!