
চট্টগ্রামের মেরিনার্স সড়কের একাংশ যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এই সড়ক দিয়ে চট্টগ্রাম নগরের ফিরিঙ্গিবাজার সেতুঘাট থেকে চাক্তাইয়ের চামড়ার গুদাম পর্যন্ত গাড়ি চলাচল করছে। এতে নগরের কোতোয়ালি, পাথরঘাটা ও চাক্তাই এলাকার যানজট অনেকাংশে কমে গেছে। পাশাপাশি দক্ষিণ চট্টগ্রামে যাতায়াতেও দুর্ভোগ কমেছে যাত্রীদের।
চট্টগ্রাম সিটি করপোরেশন সরকারের অর্থায়নে এই সড়ক নির্মাণ করে। গত ২৩ জুলাই করপোরেশনের মেয়র মন্জুর আলম অনুষ্ঠানিকভাবে এই সড়ক উদ্বোধন করেন।
এ প্রসঙ্গে মন্জুর আলম বলেন, ‘মেরিনার্স সড়ক নির্মাণের ফলে দক্ষিণ চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারে যাতায়াত আগের তুলনায় আরও সহজ হবে। পাশাপাশি নগরের যানজটও কমে যাবে। এতে নাগরিকজীবনে শান্তি ও স্বস্তি ফিরে আসবে।’
মেরিনার্স সড়ককে চার লেনে উন্নীত করা হবে এবং এ প্রকল্প বাস্তবায়নে প্রায় ২৫ কোটি টাকা খরচ করা হবে বলে জানান মেয়র।
জানা গেছে, চট্টগ্রামের কোতোয়ািল মোড় থেকে শাহ আমানত সেতু এলাকায় যাওয়ার প্রধান মাধ্যম ছিল পাথরঘাটার আশরাফ আলী সড়ক। স্থানীয় লোকজন ও দক্ষিণ চট্টগ্রামের বাসিন্দারা মূলত এই সড়ক ব্যবহার করতেন। সরু সড়কে অত্যধিক যানবাহনের চাপে ১০ মিনিটের পথ পাড়ি দিতে প্রায় সময় আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা সময় লেগে যেত। ফলে যাত্রীদের অসহনীয় দুর্ভোগ পোহাতে হতো।
গত শনিবার সরেজমিনে দেখা গেছে, মেরিনার্স সড়ক চালু হওয়ার পর আশরাফ আলী সড়কের যানজটের চিরচেনা রূপ নেই। বেশ কিছু ব্যক্তিগত গাড়ি, রিকশা, টেম্পো ও অটোরিকশা কোতোয়ালি মোড় থেকে শাহ আমানত সেতু এলাকায় যাচ্ছে মেরিনার্স সড়ক হয়ে। এতে চাপ কমেছে আশরাফ আলী সড়কের ওপর। গন্তেব্য পৌঁছানো যাচ্ছে অনেক কম সময়ে। পাশাপাশি এ বিপণিবিতান এলাকাসহ আশপাশের সড়কগুলোতেও যানজট কমেছে।
পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের নির্বাহী সদস্য প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার জানান, ১৯৬১ সালের নগর মহাপরিকল্পনায় কালুরঘাট থেকে সদরঘাট পর্যন্ত একটি সড়ক করার প্রস্তাব ছিল। পরে ১৯৯৫ সালের মহাপরিকল্পনায়ও একই প্রস্তাব রাখা হয়েছিল।
বর্তমানে সড়ক উন্মুক্ত করে দেওয়া প্রসঙ্গে প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার বলেন, এটি খুবই ভালো উদ্যোগ। ইতিমধ্যে এর সুফল পেতে শুরু করেছে এলাকাবাসী। এখন দক্ষিণ চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার এলাকার যাত্রীদের পুরো শহর ঘুরে নিউমার্কেট কিংবা বিমানবন্দরে যেতে হবে না। এতে প্রায় ১৫-২০ কিলোমিটার দূরত্ব কমে যাবে। তিনি আরও বলেন, মহাপরিকল্পনা অনুযায়ী পুরো সড়কটি তৈরি করা দরকার। এটি তখন নগরের সার্কুলার রোড হিসেবে কাজ করবে।
মোহাম্মদ হালিম নামের একজন রিকশাচালক বলেন, রাস্তা চালু হওয়ায় খুব লাভ হয়েছে। এখন আর যানজট নেই। সময়ও নষ্ট হয় না।
সাতকানিয়ার বাসিন্দা ওমর ফারুক বলেন, ‘আশরাফ আলী সড়কে সব সময় যানজট লেগে থাকায় বহদ্দারহাট হয়ে বাড়ি যেতাম। এতে সময় ও টাকা দুটোই নষ্ট হতো। এখন মেরিনার্স সড়ক চালু হওয়ায় দ্রুত যাতায়াত করতে পারছি।’
সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক আনোয়ার হোছাইন প্রথম আলোকে বলেন, এই সড়ক চালু হওয়ায় কোতোয়ালি ও চাক্তাই এলাকায় যানজটের পরিমাণ অনেক কমে গেছে। শাহ আমানত সেতু থেকে পাঁচ মিনিটের মধ্যে কোতোয়ালি এলাকায় আসা সম্ভব হচ্ছে।
করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, নগরের ফিরিঙ্গিবাজারের সেতুঘাট এলাকা থেকে কর্ণফুলী সেতুর বশিরুজ্জামান চত্বর পর্যন্ত এই সড়কের নির্মাণকাজ সম্পূর্ণ শেষ হলে শাহ আমানত সেতু, বহদ্দারহাট, মুরাদপুর হয়ে বারিক বিল্ডিং মোড় পর্যন্ত সড়কে যানবাহনের চাপ আরও কমে আসবে। একই সঙ্গে দেশের অন্যতম বড় পাইকারি বাজার চাক্তাই-খাতুনগঞ্জ এলাকার যানজটও কমবে।
করপোরেশনের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, গত ২০১১ সালে অনুষ্ঠিত আইসিসি ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে নগরের অবকাঠামোগত সংস্কার ও উন্নয়ন প্রকল্পের আওতায় এই সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ২০১২ সালের শুরুর দিকে এ প্রকল্পের কাজ শুরু হয়। কিন্তু ওই বছরের মাঝপথেই অর্থসংকটের কারণে প্রকল্পের কাজ বন্ধ ছিল।
প্রায় তিন হাজার ৮০০ ফুট অর্থাৎ এক দশমিক ১৬ কিলোমিটার দৈর্ঘে্যর ও ৬০ ফুট প্রস্থের এই সড়ক নির্মাণে প্রথমে ব্যয় ধরা হয়েছিল আট কোটি টাকা।
বর্তমানে প্রকল্প ব্যয় ধরা হয়েছে ১২ কোটি ৫০ লাখ টাকা। ইতিমধ্যে প্রথম ধাপে নগরের ফিরিঙ্গিবাজার থেকে চাক্তাইয়ের চামড়ার গুদাম পর্যন্ত দুই হাজার ২০০ ফুট দৈর্ঘে্যর নির্মাণকাজ শেষে সড়কটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। চামড়ার গুদাম থেকে বশিরুজ্জামান চত্বর পর্যন্ত সড়কের এক হাজার ৬০০ ফুট দৈর্ঘে্যর নির্মাণকাজ দ্রুত শুরু হবে।