সহজে শান্ত হচ্ছে না ইউক্রেন

ইউক্রেন নিয়ে আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে, একদিকে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, আরেক দিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ব।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে কঠিন নিষেধাজ্ঞার বেড়াজালে রাশিয়াকে আটকাতে তৎপর হয়েছে, যাতে তারা ইউক্রেন নিয়ে আর মাথা না ঘামায়, আগ না বাড়ায়। কিন্তু এ পদক্ষেপ থোড়াই কেয়ার করে পুতিন তাঁর লক্ষ্যে অটল থাকার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ।
মার্কিন সাম্রাজ্যবাদের আধিপত্য বিস্তারের ধারায় ওবামা তাঁর দুই মেয়াদের শাসনামলের প্রথম ভাগে মধ্যপ্রাচ্যসহ এশিয়া ও আফ্রিকার দেশগুলোয় পুরোমাত্রায় খবরদারি, নজরদারি ও মাতবরি করেছেন। কিন্তু দ্বিতীয় মেয়াদে এসেই মুখোমুখি হয়েছেন শক্ত প্রতিদ্বন্দ্বী পুতিনের।
২০১২ সালের ৭ মে তৃতীয়বারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেন পুতিন। এসেই ওবামার দুনিয়াজুড়ে ছড়ি ঘোরানোর পথে বাধা হয়ে দাঁড়ান তিনি। ওই সময় তিউনিসিয়া, মিসর, লিবিয়া ও ইয়েমেনের একনায়কদের উৎখাতের পর সিরিয়ায় স্বৈরশাসক বাশার আল-আসাদকে উৎখাতে বিদ্রোহীদের আন্দোলন তুঙ্গে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও তাদের সহযোগীরা মদদ দিয়ে যাচ্ছিল বিদ্রোহীদের এ আন্দোলনে। কিন্তু পুতিন গিয়ে পুরোনো বন্ধু বাশারের পাশে গিয়ে সর্বতোভাবে সহযোগিতা করতে থাকেন। এতে ওবামা তথা পশ্চিমা বিশ্ব শিগগিরই কাঙ্ক্ষিত পরিণতি দেখার সুযোগ থেকে বঞ্চিত হয়। এখন গৃহযুদ্ধকবলিত সিরিয়ার পরিস্থিতি রীতিমতো অনিশ্চয়তার মুখে। বাশারই টিকে থাকবেন, না গণতন্ত্রকামী বিদ্রোহীরা আন্দোলনে জয়ী হবে—নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না।
ওবামা যেমন তাঁর প্রভাবশালী পশ্চিমা মিত্রদের নিয়ে বিশ্বের কৌশলগত অবস্থানগুলো আধিপত্য ও প্রভাব বিস্তারে সচেষ্ট, পুতিনও তেমনি এর বিপরীতে অবস্থান নিয়েছেন। অবস্থাদৃষ্টে স্পষ্টতই তিনি চান না, ধারেকাছে কেউ জুত করে বসে নাকের ডগায় তর্জনী নাচাক। এটাও চান না সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে বের হয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করা কোনো দেশ বৈরিতা দেখাক। পুতিনের আরেকটি সুস্পষ্ট লক্ষ্য হচ্ছে, কৃষ্ণসাগর এলাকায় রাশিয়ার আধিপত্য বিস্তার ও সুসংহত করা।
গত মার্চে ইউক্রেনের কবল থেকে ক্রিমিয়া দখল করে রাশিয়ার অঙ্গীভূত করা হয়েছে। ঘটনা এখানেই থেমে নেই। ইউক্রেনের পূর্বাঞ্চলে অবস্থানরত রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সরাসরি সমর্থন দিয়ে যাচ্ছে পুতিনের সরকার। ওই এলাকায় এর মধ্যে শক্ত ঘাঁটি বানিয়ে বসেছে বিচ্ছিন্নতাবাদীরা।
গত শুক্রবার ন্যাটোর মধ্যস্থতায় ১২ দফা শর্ত দিয়ে বেলারুশের রাজধানী মিনস্কে দোনেৎস্কের বিচ্ছিন্নতাবাদী ও ইউক্রেন সরকারের সেনাদের মধ্যে যদিও বা একটি যুদ্ধবিরতি চুক্তি হয়, তবে তা ৪৮ ঘণ্টার মধ্যেই ভেস্তে যায়। গত রোববার রাতে বিচ্ছিন্নতাবাদীরা পূর্বাঞ্চলের শেষ প্রান্তে অবস্থিত বন্দরনগর মারিউপোলের সরকার নিয়ন্ত্রিত চৌকিতে বোমা হামলা চালিয়েছে।
এদিকে এস্তোনিয়া আশঙ্কা করছে, রাশিয়া তাদের ভূখণ্ডেও ইউক্রেনের মতো বাইরে থেকে নাক গলাতে পারে। গত শনিবার এস্তোনিয়ার এক পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে রাশিয়া। রুশ কৌঁসুলিরা বলছেন, এসতোন কোহভার নামের ওই কর্মকর্তাকে চরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। কিছু বিশ্লেষক মনে করছেন, রাশিয়া ওই কর্মকর্তাকে পরিকল্পিতভাবে আটক করেছে। আর তা করা হয়েছে পশ্চিমা বিশ্বের প্রতিক্রিয়া পরখ করার জন্য। ইউরোপীয় দেশগুলো যদি রাশিয়ার এ ধরনের পদক্ষেপ ও কর্মকাণ্ডের জুতসই জবাব দিতে না পারে, তাহলে এস্তোনিয়ার দিকেও পুতিন হাত বাড়াতে পারেন বলে আশঙ্কা করছেন সেখানকার পণ্ডিত ব্যক্তিরা।
ইউক্রেন ও রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের প্রকাশ্য বিরোধ ও রক্তক্ষয়ী লড়াই এর মধ্যে পাঁচ মাস পার করেছে। এতে ঝরে গেছে আড়াই হাজারের বেশি প্রাণ। এ মুহূর্তে যুদ্ধবিরতির বিষয়টি সামনে থাকলেও তা বাস্তবে পুরোপুরি কার্যকর হওয়ার বিষয়ে যথেষ্ট সংশয়ের অবকাশ রয়েছে। ঘটনার সঙ্গে ন্যাটো জড়িত হওয়ায় তা যেন সমস্যাকে আরও জটিল করে তুলেছে। ইউক্রেন ন্যাটোর ২৮ সদস্যের মধ্যে নেই। এর পরও ওবামা দেশটির সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভূখণ্ডের অখণ্ডতা অক্ষুণ্ন রাখতে সর্বতোভাবে সহায়তা করার আশ্বাস দিয়েছেন।
পরিস্থিতি এই আভাস দিচ্ছে যে, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা প্রথমে রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে রাশিয়াকে ইউক্রেন থেকে নজর ফেরাতে চেষ্টা চালাবে। নিষেধাজ্ঞা আরোপসহ হুমকি-ধমকিতে কাজ না হলে প্রয়োজনে সামরিক কৌশল প্রয়োগে পিছপা হবে না।
এদিকে রাশিয়ার ভাবগতিক দেখে মনে হচ্ছে, ইউক্রেন সরকারকে ক্রমে চাপের মুখে ফেলে বিচ্ছিন্নতাবাদীদের দিয়ে সেখানে স্থায়ী প্রভাব প্রতিষ্ঠা করে আঞ্চলিক নেতৃত্ব জোরদারে তৎপর রাশিয়া। এমন পরিস্থিতিতে ন্যাটো ও ইউরোপীয় মিত্ররা যদি ইউক্রেনের সরকারকে ক্রমাগত সমর্থন দিয়ে যায় এবং রাশিয়া যদি বিচ্ছিন্নতাবাদীদের পেছন থেকে সরে না যায়, তাহলে দুই পক্ষের সংঘাত অনিবার্য। সে ক্ষেত্রে ইউক্রেনের পরিস্থিতি শান্ত না হয়ে বরং উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কাই বেশি।