সহপাঠীদেরও পড়িয়েছে মাসুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারার বরুমচড়া গ্রামের লেয়াকত আলীর কুঁড়েঘরে সেদিন আনন্দের ঝরনাধারা বয়ে গেছে। শত অভাব-অনটনের মধ্যেও ছেলে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চবিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা শাখায় জিপিএ-৫ পাওয়া মাসুম ফরহাদের সাফল্যে উচ্ছ্বসিত বিদ্যালয়ের শিক্ষক ও তার সহপাঠীরা।মাসুদ জানায়, ‘পড়াশোনার খরচ জোগাতে আমাকে সকাল-বিকেল গৃহশিক্ষকতা করতে হয়েছে। এমনকি আমার পাঁচজন সহপাঠীকেও পড়িয়েছি। অভাবের সংসারে মা-বাবা আমার পড়াশোনা অব্যাহত রেখেছেন। ভালো ফল করে নিজেরও ভালো লাগছে।’ বাবা লেয়াকত আলী দিনমজুর। আর মা জিন্নাত সুলতানা বোনেন শীতলপাটি। বোন চাকরি করেন শহরের পোশাককারখানায়। সংসারের টানাটানিতেও দমেনি মাসুম। অভাবকে জয় করেছে।জিন্নাত সুলতানা বলেন, ‘ছেলেকে ঠিকমতো খাবার পর্যন্ত দিতে পারিনি। সারা দিন বিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি করতে হয়েছে গৃহশিক্ষকতা। এখন কীভাবে তার পড়াশোনার খরচ চালাব তা ভাবছি।’ তিনি জানান, ‘ছাত্র পড়িয়ে সে আমাদের টানাপোড়েনের সংসারে অনেক সময় টাকা-পয়সা দিয়ে সাহায্য করেছে।’বাবা লেয়াকত আলী বলেন, ‘পরের বাড়িতে কাজ করি। যখন কাজ থাকে না তখন সংসারে অন্ধকার নেমে আসে। আমার ছেলে অনেক খাটুনি করে পড়াশোনা করেছে।’ মাসুমের সহপাঠী মো. মামুন বলেন, ‘পরীক্ষার আগে আমাদের পাঁচজনকে মাসুম গণিত ও ইংরেজি পড়াত। সেখান থেকে আমরা চারজন পাস করেছি। সে খুব পরিশ্রমী ছেলে।’‘তুমি কী হতে চাও?’—জানতে চাইলে মাসুম জানায়, ‘আমার পরিবারে খুব অভাব। তার পরও মা-বাবা ও এক বোন আমার পড়াশোনার জন্য খুব কষ্ট করেছে। আগামী দিনে কী পড়ব তা এখনো ঠিক করিনি।’ শহীদ বশরুজ্জমান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুজ্জমান প্রথম আলোকে জানান, অসাধারণ জ্ঞানের অধিকারী মাসুম। সে অভাবের সঙ্গে যুদ্ধ করে জয়ী হয়েছে। সবার একটু সহযোগিতা পেলে আগামী দিনে আরও ভালো করবে।