সহমত ভাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেতা কয়, ‘দেশ স্বর্গরাজ্য, চারিদিকে শুধু শান্তি’
চামচারা বলে, ‘সহমত, এতে নেই কোনো বিভ্রান্তি!’
নেতার ভাষায়, ‘বিরোধীরা শুধু ষড়যন্ত্রেই লিপ্ত’
‘সহমত, ভাই’, চামচা দিচ্ছে উত্তর সংক্ষিপ্ত!
‘রাস্তায় কোনো গর্তও নেই, দুর্ঘটনাও নাই আর’—
এই কথাতেও চামচারা দেখি সহমত হয় ভাইয়ার!
‘দুর্নীতি নাই কোনোখানে আজ, ঝান্ডা উড়ছে সততার’—
বললেন নেতা। চামচার দল হয়ে যায় সহমতও তার!
‘গুম, খুন কিছু হয় না এখন, নেই তো দমন, পীড়নও’—
সহমত হয়ে চামচারা কয়, ‘যায় শান্তিতে জিরোনো!’
নেতা যেই কন, ‘ভোটগুলো আজ অবাধ এবং সুষ্ঠু’
চামচারা হয় সহমত, কয়, ‘গুজব ছড়ায় দুষ্টু!’
‘সূর্য এখন পশ্চিমে ওঠে, অস্ত যাচ্ছে পূর্বে’
চামচারা কয়, ‘ভাইয়া যেমন বলবে তেমনই ঘুরবে!’
‘একপাল গাধা চামচা পেয়েছি, ওপরওয়ালার রহমত’—
নেতার কথায় সায় দিয়ে কয় চামচারা, ‘ভাই, সহমত!’