২০১৯ সালের ২৭ জুলাই। দিনটা যে প্রীতির (ছন্মনাম) জীবনে অন্ধকার এনে দেবে, এটা তিনি ভাবতেই পারেননি। সেদিন দুপুরে নিজেদের বাড়িতেই সৎ বাবার দ্বারা ধর্ষণের শিকার হন প্রীতি। লালমনিরহাট জেলার পাটগ্রামের একটি এলাকায় নিজের বাড়িতেই এমন জঘন্য ঘটনা ঘটে মেয়েটির সঙ্গে। ধর্ষণের ফলে প্রীতি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন, জন্ম দেন একটি ছেলেসন্তান। পরে শিশুটিকে নিঃসন্তান এক দম্পতি দত্তক নিয়েছেন। প্রীতি তাঁর এক আত্মীয়ের বাড়িতে থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। ধর্ষক সৎবাবা প্রীতির মাকে নিয়ে বর্তমানে রংপুরে থাকেন।
ধর্ষণের শিকার হয়ে সন্তান জন্ম দেওয়া এমন ৮ জন নারী এসেছিলেন গত ২৫ ও ২৬ সেপ্টেম্বর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তন ও জেলা পুলিশ লাইনস মিলনায়তনে। এ ছাড়া আরও ২ জন নারী ছিলেন, যাঁদের একজন ধর্ষণের শিকার হয়ে গর্ভপাত করান, আরেকজন যৌতুকের দাবি মেটাতে না পেরে নির্যাতনের শিকার হন। খুঁজে খুঁজে এই ১০ জন নারীর পাশে এসে দাঁড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের একটি সংগঠন। বিশ্ববিদ্যালয়ের স্নাতক ১৯৯১–৯২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের গড়া ‘ডিইউ অনার্স ৯১–৯২’ সংগঠনের সদস্যরা মিলে এই নারীদের সাহায্য করেছেন নগদ অর্থ এবং সেলাই মেশিন কিনে দিয়ে।
ধর্ষণের ফলে সন্তান জন্ম দেওয়া লালমনিরহাট সদর উপজেলার একটি গ্রাম থেকে এসেছিলেন রোজিনা বেগম (ছদ্মনাম)। স্বামীর বাড়িতে থেকেই ২০১৫ সালের নভেম্বরে এক গভীর রাতে ধর্ষণের শিকার হন। ধর্ষণের ফলে তিনি গর্ভবতী হন। ২০১৬ সালে তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন। স্বামীর বাড়ি ছাড়তে হয় তাঁকে। বর্তমানে রোজিনা বেগম তাঁর সেই চার বছরের শিশুসহ বড় ভাইয়ের বাড়িতে থাকেন। রোজিনার স্বামী প্রায় ১০ মাস আগে ডাকঘরের মাধ্যমে তালাকনামা পাঠিয়ে দেন। রোজিনা পরবর্তী সময়ে আর কাউকে বিয়ে করেননি। তাঁর চার সন্তানের মধ্যে সাবেক স্বামীর ঘরের তিনটি সন্তান থাকে বাবার সঙ্গে। রোজিনার বাবার বসতভিটা ছাড়া আর কোনো সম্পদ নেই। তাই সেলাই মেশিন পেয়ে তিনি নিজে কিছু করার প্রেরণা পাচ্ছেন। ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন।
ধর্ষণের শিকার হয়ে সন্তান জন্ম দেওয়া মায়েদের মধ্যে নতুন আশার আলো জ্বালাতে এই উদ্যোগ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্তন শিক্ষার্থীদের এই সংগঠন। সংগঠনটির সদস্য লালমনিরহাটের পুলিশ সুপার আবিদা সুলতানাও। তাঁর আহ্বানে সাড়া দিয়েই লালমনিরহাটে ছুটে আসেন সংগঠনের আরও কয়েকজন সদস্য। পারিপার্শ্বিক ও সামাজিক পরিবেশ–পরিস্থিতি বিবেচনা করে অনুষ্ঠানটি আয়োজন করা হয় সীমিতসংখ্যক লোক নিয়ে। বিশেষ অতিথি লালমনিরহাটের মার্শাল আর্ট খেলোয়াড় শান্তনা রানী রায়। এই নারীদের শক্তি ও সাহস জোগাতে অনুষ্ঠানে শান্তনা রানী রায় মঞ্চে না বসে আসন নেন নির্যাতিত মায়েদের পাশে। তাঁদের উদ্দেশে বলেন, জীবন এখানেই শেষ নয়। নিজেকে নারী না ভেবে, ‘মেয়ে মানুষ’ না ভেবে আগে মানুষ ভাবতে শিখতে হবে। নিজের উন্নতি করে এগিয়ে যেতে হবে।
রোজিনা বেগম ও প্রীতির মতো পায়ে চালিত সেলাই মেশিন ও অর্থসহায়তা পেয়ে খুশি সবাই। তাঁদের প্রায় সবাই বলেন, ‘আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই, আয়রোজগার করতে চাই। আমরা যে নির্যাতনের শিকার হয়েছি, সে জন্য তো আমরা দায়ী নই। কিন্তু পুলিশ সুপার আবিদা সুলতানা মহোদয় এবং তাঁদের সংগঠন ছাড়া আর কেউ আমাদের পাশে দাঁড়ায়নি।’
আবিদা সুলতানা জানান, ধর্ষণের শিকার মায়েরা যাতে সমাজে মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বাঁচতে পারেন, সেই চেষ্টার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অন্তত একজন ধর্ষণের শিকার বা নির্যাতিত মা বা নারী যদি এই সেলাই মেশিন ব্যবহার করে নিজের পায়ে দাঁড়াতে পারেন, উদ্যোক্তা হিসেবে পরিচিতি পান, তবে সংগঠনের সদস্যরা খুশি হবেন।
অনুষ্ঠানে উপস্থিত এটিএন বাংলার বার্তা সম্পাদক নাদিরা কিরণ বলেন, ‘আমাদের সংগঠনের সদস্য আবিদা সুলতানা যখন তাঁর মানবিক ভাবনার কথা বলেছেন, আমরা তাতে সাড়া দিয়েছি। আমরা এই দশ মাকে আরও সহায়তা করতে চাই, প্রশিক্ষণ দিতে চাই। যাতে তাঁরা আরও শক্তভাবে নিজের অবস্থান নিশ্চিত করতে পারেন। নিজের ও সন্তানের যত্ন নিতে পারেন, সন্তানকে মানুষ করতে পারেন।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিরেন জাতীয় পার্টির ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আল মাহমুদ, রাজনীতিবিদ সুমন জাহিদ, ব্যবসায়ী আনোয়ার হোসেন, হুমায়ুন কবির, এডিশন গ্রুপের পরিচালক ও মবিকেয়ার লিমিটেডের চেয়ারম্যান শাহীনুল হক ও ঢাকার উত্তরা আইডিয়াল কলেজের অধ্যাপক শাহনাজ ইসলাম।