সহযাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা যাচ্ছি। ট্রেনে ওঠার পর দ্বিতীয়বারের মতো মেজাজটা খারাপ হয়ে গেল। প্রথমবার খারাপ হয়েছিল ভিড়ের কারণে। স্টেশনে ট্রেন দাঁড়ায় মাত্র পাঁচ মিনিটের জন্য। ঠিক সেই সময় জনসংখ্যা বৃদ্ধির কুফল বোঝা যায়। অনেক কষ্টে ভিড় ঠেলে উঠতে হয়েছে। আর এখন খারাপ হলো আমার সিট বেদখল হওয়া দেখে। জানালার পাশে ছাড়া বসতে পারি না আমি। অথচ একটা ছেলে আমার সিটে বসে দিব্যি বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখছে। তবে ছেলেটা সুন্দর। চোখে চশমা। উজ্জ্বল শ্যামলা গায়ের রং। মুখে হালকা খোঁচা খোঁচা দাড়ি। চোখেমুখে কপট রাগ দেখিয়ে বললাম, ‘আপনি আমার সিটে বসেছেন কেন? সিট নাম্বার পড়তে জানেন না?’ ‘সরি, কিছু মনে করবেন না। আমাকে এখানেই বসতে হবে।’ আরে! বলে কী? এ দেখি সুদর্শন মাস্তান! অবশ্য গলার স্বরে কোনো মাস্তানি ছিল না। তাই চুপচাপ পাশের সিটে বসে পড়লাম। মনে মনে টার্গেট—চান্দু তোমাকে ওঠাবই। জিজ্ঞেস করলাম, ‘কোথায় যাবেন?’ ‘জি, আমি ঈশ্বরদীতে নামব।’ নির্বিকারভাবে উত্তর দিল ছেলেটা। হায় খোদা! সে তো প্রায় ঢাকার কাছেই। তার মানে আমি জানালার পাশে বসতে পারব না? ছেলেটার ভাব বেশি। সে সারাক্ষণই মুখ গম্ভীর করে জানালার বাইরে তাকিয়ে রইল। সুন্দরী একটা মেয়ে পাশে বসে আছে অথচ পাত্তাই দিচ্ছে না! আমি মন খারাপ করে ব্যাগ থেকে হুমায়ূন আহমেদের ‘কৃষ্ণপক্ষ’ বের করে পড়া শুরু করলাম। ভাবলাম, কোনো স্টেশনে হয়তো ছেলেটা সিগারেট খেতে নামবে। তখন টুপ করে জানালার পাশে বসে পড়ব। তারপর মুখ গম্ভীর করে বলব, ‘আমাকে এখানেই বসতে হবে!’ আশ্চর্য, ছেলেটা কোনো স্টেশনেই নামল না। ছ্যাকাট্যাকা খেয়েছে কি না কে জানে! না হলে এত গম্ভীর থাকার কথা না...। খাক ছ্যাকা। এমন একরোখা বদছেলের ছ্যাকা খাওয়াই উচিত। আশ্চর্য হলাম, যখন দেখলাম ছেলেটা ঈশ্বরদীতে এসেও নামছে না। না বলে পারলাম না, ‘আপনি নামবেন না?’ ‘জি, আমার চাচা আসবেন আমাকে নিতে।’আমার অবাক হওয়ার সর্বোচ্চ সীমায় পৌঁছে দেখলাম, একজন মধ্যবয়সী লোক ছেলেটিকে একটি হুইলচেয়ারে বসিয়ে আরও দুই-তিনজনের সহায়তায় ট্রেন থেকে নেমে গেলেন। এতক্ষণ ধরে পাশে বসে থেকেও আমি বুঝিনি, ছেলেটির দুটি পা-ই হাঁটুর একটু নিচ থেকে কাটা! নিজেকে খুব ছোট মনে হলো। আরাধ্য সেই জানালার পাশের সিটটার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এল শুধু। বাকি পথটুকু শূন্যই পড়ে রইল সিটটা...।রেজওয়ানা আফরিনবিমানবন্দর, যশোর।