সহযোগিতা পেলে প্রকৌশল পেশায় নারীরা এগিয়ে যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পরিবার ও সহকর্মীদের সহযোগিতা পেলে নারীরা প্রকৌশল পেশায় অনেক দূর এগিয়ে যেতে পারবে। এ ছাড়া প্রকৌশলবিষয়ক কর্মশালায় অংশ নিলে নারীরা নিজেদের অধিকার সম্পর্কে আরও সচেতন হতে পারবে।’চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ‘ওয়াটার ও জেন্ডার’ শীর্ষক কর্মশালায় এ অভিমত দেন বুয়েটের পানি-বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের শিক্ষক সোনিয়া বিনতে মুরশেদ। প্রকৌশল কর্মজীবনে নারীদের অংশগ্রহণ সম্পর্কিত এ কর্মশালায় তিনি তাঁর উপস্থাপিত মূল প্রবন্ধের ওপর আলোচনা শেষে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছিলেন। ২৫ জুন চুয়েটের পুরকৌশল বিভাগের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে কর্মজীবনে নারীদের অনীহা, নিরাপত্তাহীনতা, সহকর্মীদের দৃষ্টিভঙ্গি ও পারিবারিক মূল্যবোধের নানা দিক নিয়ে আলোচনা করা হয়। কর্মশালায় স্থিরচিত্রের মাধ্যমে সামাজিক সমস্যা সমাধানে নারীর মতামত প্রকাশে নানা বাধার কথাও তুলে ধরা হয়। এতে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের প্রাক্তন শিক্ষিকা ফৌজিয়া মান্নান, নেদারল্যান্ডসের ওয়েগেননিংগেন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপিকা দীপা জোশি, পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক আয়শা আক্তার প্রমুখ।