১০ পৌষের সকালবেলা। আকাশে ধোঁয়ার মতো কুয়াশা। সেই কুয়াশা যেন বৃষ্টির ফোঁটা হয়ে টুপটাপ মাটিতে পড়ছে। কলেজ বন্ধ, কিন্তু তাতে কী? বরফ-ঠান্ডা শিশির উপেক্ষা করে শরীরে শীতের কাপড় আর গলায় মাফলার জড়িয়ে শত-সহস্র শিক্ষার্থী ক্যাম্পাসে ঢুকছেন। ততক্ষণে সূর্য ‘হলুদ রোদ্দুর’ ছড়িয়ে দিয়েছে। চারপাশ ঘিরে থাকা অসংখ্য গাছগাছালি আর টিলা ভেদ করে সেই রোদ্দুর নিমেষেই শীতের আড়ষ্টতা কাটিয়ে দেয়। জেগে ওঠে সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজের ক্যাম্পাস, শুরু হয় সহস্র প্রাণের হিল্লোল।পদার্থবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী টিটন কান্তি দাস বন্ধুবান্ধবদের নিয়ে কলেজের জারুলতলায় আড্ডা দিচ্ছিলেন। তিনি বলেন, ‘কলেজ খোলা থাকলে ক্লাসের ফাঁকে ফাঁকে আমরা আড্ডা-আনন্দে মেতে উঠি। এখন কলেজ বন্ধ, কিন্তু ঘরে কি আর মন থাকে? তাই চলে এলাম আড্ডা দিতে? দেখছেন না কত কত শিক্ষার্থী বন্ধ ক্যাম্পাসকে জাগিয়ে তুলেছে আড্ডা-ইয়ার্কিতে।’ লিপসি বেগম পড়াশোনা করছেন প্রাণিবিদ্যা বিভাগে, তৃতীয় বর্ষে। তিনি জানান, তাঁদের আড্ডার বিষয় থাকে সাহিত্য ও সংস্কৃতিকে ঘিরে। একটি সুখী ও সুন্দর বাংলাদেশের স্বপ্ন নিয়ে ওরা বন্ধুবান্ধবেরা মিলে শুদ্ধ সংস্কৃতি ও সাহিত্যচর্চা করে থাকেন।পুকুরপাড়ে বসে আড্ডা দিচ্ছিলেন পাঁচ সহপাঠী সানিয়া, লাবণী, নাসির, কবির ও আলমগীর। বন্ধ ক্যাম্পাসে আড্ডা দিচ্ছেন নাকি? প্রশ্নের উত্তরে লাবণী তাৎক্ষণিক উত্তর দেন এভাবেই, ‘আড্ডা ইনফিনিটিভ। এটা চলছে, চলবে। যে যেখানেই থাকি না কেন, কখনো কারও সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করব না।’সমাজবিজ্ঞান বিভাগের সেমিনার কক্ষের সামনে কথা হয় ওই বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী লিংকন দাস, ইসরাত জাহান স্বর্ণা ও প্রাণিবিদ্যা বিভাগের প্রথম বর্ষের সৃষ্টি প্রিয়া চৌধুরীর সঙ্গে। নিজেকে তাঁদের সবার ‘প্রতিনিধি’ আখ্যা দিয়ে লিংকন দাস বলেন, ‘সুযোগ পেলেই কলেজের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত বন্ধুবান্ধবদের নিয়ে আশপাশের টিলা, সুন্দর পুকুরপাড়, টিলাগড় পয়েন্টসহ বিভিন্ন স্থানে আড্ডা দিই। বিকেল পর্যন্ত আড্ডা শেষে মেসে ফিরে পড়াশোনা। আবার সকাল, আবার ক্লাস, আবার আড্ডা—চলছে দিন, ভালোই চলছে।’কলেজ মিলনায়তনে চলছিল গণিত বিভাগের শিক্ষার্থীদের প্রতিষ্ঠিত সংগঠন ‘ধ্রুবক ক্লাব’-এর অনুষ্ঠান। খুদে শিক্ষার্থীদের মধ্যে গণিতপ্রেম তৈরি করতে এই সংগঠনের সদস্যরা কিছুদিন আগে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের দেড় হাজার শিক্ষার্থীর মেধা যাচাই পরীক্ষা নিয়েছিলেন। তাদের মধ্য থেকে ৩৭৮ জন খুদে গণিতবিদকে ২৪ ডিসেম্বর পুরস্কৃত করা হয়। সংগঠনের সাংগঠনিক সম্পাদক শিক্ষার্থী রুহুল আমীন রাসেল বলেন, ‘গণিতকে সর্বত্র ছড়িয়ে দিতে আমরা কয়েকজন বন্ধুবান্ধব মিলে এই উদ্যোগ নিয়েছি। এ সংগঠনের সব সদস্য সিদ্ধান্ত নিয়েছে—পড়াশোনার ফাঁকে গণিতকে সর্বত্র ছড়িয়ে দিতে কাজ করে যাব।’ গল্প-আড্ডায় সকাল গড়িয়ে দুপুর। সাতসকালে যে ফটক দিয়ে শিক্ষার্থীরা ঢুকেছিলেন, ভরদুপুরে সেই ফটক দিয়েই শিক্ষার্থীরা বের হয়ে যাচ্ছেন। ফটকের সামনে প্রায় ৩০-৪০টি রিকশা। রিকশাচালকেরা শিক্ষার্থীদের উদ্দেশে বলছেন, ‘ভাইজান, চলেন? কই যাইবেন?’ নির্দিষ্ট গন্তব্য জানিয়ে শিক্ষার্থীরা রিকশায় ওঠেন। ক্রিং ক্রিং শব্দ করে কালো পিচঢালা রাস্তা মাড়িয়ে তিন চাকার গাড়ি ক্রমশ চলতে থাকে সামনের দিকে।