সহস্রধারার আনন্দধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবুজ পাহাড়ে যাওয়ার আগে একটু কান পাতলেই শোনা যাবে সাগরের গর্জন। পাহাড় কোলে সাগর এল কোত্থেকে! সাগর নয়, এ গান পাহাড়ি ঝরনার। সীতাকুণ্ডের বারৈয়াঢালা পাহাড়ের এ জলপ্রপাতের নাম—সহস্রধারা। অনেকের কাছে এটি লবণাক্ষী ঝরনা নামেও বেশ পরিচিত।সীতাকুণ্ড পৌরসদর থেকে পাঁচ কিলোমিটার উত্তরে বারৈয়াঢালা পাহাড়ে অবিরাম ঝরছে সহস্রধারা। পর্বতচূড়া থেকে জলধারা পড়ে ৩০০ ফুট নিচে শিলায় ভরা গর্তে। ঝরনাধারার পানি দিয়ে নানা জাতের সবজি ফলিয়েছে স্থানীয় চাষিরা। এই জলপ্রপাতের রূপ দেখার জন্য প্রতিদিন অনেক মানুষ সেখানে যান। শীত মৌসুমে দর্শকসংখ্যা কয়েকগুণ বাড়ে।জানা যায়, আশির দশকের শুরু থেকে ভ্রমণপিপাসু মানুষের কাছে আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিতি পায় এটি। সহস্রধারায় যেতে ফি লাগে না। কৈফিয়ত দিতে হয় না কাউকে। তবে এখানে দর্শকদের জন্য নিরাপত্তাব্যবস্থা নেই। খাওয়ার কোনো ব্যবস্থা নেই, নেই বিশ্রামাগার। তা ছাড়া পাহাড়ি ছড়া দিয়ে পাঁচ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। স্থানীয় বাসিন্দারা জানান, উঁচু-নিচু দুর্গম টিলা পাড়ি দিয়ে পৌঁছাতে হয় সহস্রধারায়। ঝরনা থেকে ৫০ গজ দূরে পুরাকীর্তি সজ্জিত লবণাক্ষ মন্দিরে রয়েছে একটি শিবলিঙ্গ। সনাতন সমপ্রদায়ের লোকজন এটিকে চন্দ্রনাথ তীর্থধামের একটি অংশ মনে করেন। প্রতিবছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে শিবচতুদর্শী পূজায় আসা তীর্থযাত্রীরা চন্দ্রনাথ মন্দির দর্শন শেষে সহস্রধারার লবণাক্ষ মন্দির দর্শনে যান। ৩ ফেব্রুয়ারি দেখা গেছে, দর্শকদের কেউ কেউ বিপদের কথা ভুলে দুর্গম টিলা বেয়ে উঠে পড়েন পানি নির্গমের স্থানে। তাতে দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে স্থানীয় লোকজন মন্তব্য করেছেন। এমন পরিস্থিতিতে সতর্কতামূলক বাণী বা ফলক স্থাপনের কথা বলেছেন তাঁরা। একাধিক নিরাপত্তাকর্মীর প্রয়োজন বলে জানান দর্শকেরা। মিরসরাইয়ের বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা মো. হায়দার আলী সহস্রধারা দেখে দারুণ খুশি। তিনি বলেন, ‘পাহাড়ের ভেতর এত সুন্দর ঝরনা আছে সেটা অনেকে জানে না। যোগাযোগব্যবস্থা উন্নত করা গেলে এটি দেখতে পর্যটকেরা ভিড় করবেন।’ সীতাকুণ্ডের শিল্পকারখানার চাকরিজীবী সাভারের জসিমউদ্দিন স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে জেনে ঝরনা দেখতে আসেন, সঙ্গে ছিলেন স্ত্রী ও শিশুপুত্র। তাঁরা জলপ্রপাত দেখে মুগ্ধ। তবে আঁকা-বাঁকা গহিন বনের মধ্যে শিশু ও মহিলাদের নিয়ে চলাচল করা কষ্টকর বলে জানান তিনি। বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেহান উদ্দিন পর্যটনকেন্দ্র গড়ে তোলার ভালো সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেন।বারৈয়াঢালা রেঞ্জের বিট কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ বলেন, ‘পাহাড়বেষ্টিত সহস্রধারা জলপ্রপাত এলাকা হতে পারে আকর্ষণীয় পর্যটনকেন্দ্র। পর্যটকদের সুবিধার জন্য দ্রুত উদ্যোগ নেওয়া প্রয়োজন।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রউফ জানান, ‘সহস্রধারা জলপ্রপাতের কথা শুনেছি কিন্তু এখনো যাওয়া হয়নি। সীতাকুণ্ডের পাহাড়ে কয়েকটি জলপ্রপাত রয়েছে। ওই স্থানগুলো পর্যটনকেন্দ্র করতে বেসরকারিভাবে কেউ উদ্যোগ নিলে আমরা সহযোগিতা করব।’