সহায়তা করতে গিয়ে ধরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য কতিপয় শিক্ষার্থী জালিয়াতির আশ্রয় নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এসব শিক্ষার্থী স্নাতক শ্রেণীতে ভর্তি হতে অবলম্বন করছেন নানা অবৈধ পন্থা। তাঁদের সঙ্গে যুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরাও। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় পড়ুয়া কিছু শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন ভর্তি-পরীক্ষার্থীদের সহযোগিতা করার জন্য। অনেকে পরীক্ষার হলে বসেই ভর্তি-পরীক্ষার্থীদের উত্তরপত্র ঠিক করে দেন। এ ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এবার ভর্তি-পরীক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ১০ জনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আটককৃত ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও ছিলেন। তাঁদের মধ্যে নয়জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছিল কর্তৃপক্ষ। এ অপকর্মের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আইন বিভাগের এক শিক্ষার্থীর ভর্তি বাতিলের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য অধ্যাপক মো. আলাউদ্দিন প্রথম আলোকে এ প্রসঙ্গে বলেন, ‘শিক্ষার্থীদের এ ধরনের অবক্ষয় সমাজ, জাতি ও দেশের জন্য ক্ষতিকর। তাঁদেরকে এ ধরনের পন্থা থেকে বেরিয়ে আসতে হবে।’ সহউপাচার্য আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভর্তিপ্রক্রিয়া জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’ জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ২০০৯-২০১০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ৫০ শিক্ষার্থীকে আটক করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে পরের বছর অনলাইন পদ্ধতি চালু করার ফলে জালিয়াতি অনেকাংশে কমে যায়। প্রশাসন সূত্র জানায়, এবার ‘ই’ ইউনিট (আইন অনুষদ) থেকে সবচেয়ে বেশি—আট শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এর মধ্যে চারজনকে আটক করা হয়েছে পরীক্ষার হলে উত্তরপত্র পরিবর্তন করার অভিযোগে। অন্য চারজনকে আটক করা হয়েছে ভর্তি হতে অভিনব জালিয়াতির কারণে। এর মধ্যে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রী তাঁর ভাইয়ের হয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তির শেষ ধাপে এসে ধরা পড়ে যান। পরে আইন বিভাগে ভর্তি হতে এসে ধরা পড়েন আরও দুই শিক্ষার্থী। এ ছাড়া ২৬ নভেম্বর অনুষ্ঠিত ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষায় উত্তরপত্র পরিবর্তনের অভিযোগে বুয়েটের এক শিক্ষার্থীসহ একজন ভর্তি-পরীক্ষার্থীকে আটক করেন কর্তৃপক্ষ। বুয়েটের এই শিক্ষার্থী হচ্ছেন ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের গোলাম জাকারিয়া। আইন বিভাগের সভাপতি মুহাম্মদ জাফর উল্লাহ তালুকদার প্রথম আলোকে বলেন, ‘আইন বিভাগে ভর্তি হতে এসে জালিয়াতির অভিযোগে দুইজন আটক হন। তাঁদের একজনের সহযোগী ছিল বিভাগের প্রথম বর্ষের এক ছাত্র। বিশ্ববিদ্যালয়ে তাঁর ভর্তি বাতিলের বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।’