সহায়তা পেল শিকলবাহার সেই প্রাথমিক বিদ্যালয়টি
অবশেষে সরকারি সহায়তা পেল শিকলবাহা সরকারি প্রাথমিক বিদ্যালয়। শ্রেণীকক্ষের অভাবে ত্রিপলের নিচে পাঠদান করা হচ্ছিল এই বিদ্যালয়ে। গত ১৩ এপ্রিল বিদ্যালয়টি নিয়ে প্রথম আলোর চট্টগ্রামবিষয়ক ক্রোড়পত্র আলোকিত চট্টগ্রামে প্রতিবেদন প্রকাশিত হলে পটিয়া উপজেলা চেয়ারম্যান বিদ্যালয়টি পরিদর্শন করে এক লাখ টাকা অনুদান মঞ্জুর করেন।
পটিয়া উপজেলা চেয়ারম্যান মোজাফ্ফর আহমেদ বলেন, ‘আমি গত ১৩ এপ্রিল প্রথম আলোয় ‘ত্রিপলের নিচে পাঠদান’ শিরোনামে প্রতিবেদন পড়ে সঙ্গে সঙ্গে বিদ্যালয়টি পরিদর্শন করতে যাই। ফিরে এসে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে জরুরি ভিত্তিতে সরকারি উন্নয়ন তহবিল থেকে এক লাখ টাকা অনুদান মঞ্জুর করি। পরবর্তী সময়ে সরকারি বরাদ্দ পেলে আরেকটি কক্ষ নির্মাণের জন্য বিদ্যালয়টিকে পাঁচ লাখ টাকা অনুদান দেওয়া হবে।’
এতদিন পর বিদ্যালয়টির প্রতি প্রশাসনের নজর পড়ায় খুশি শিক্ষক শিক্ষিকারা। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাতেমা রোকসার বলেন, জরুরিভিক্তিতে বরাদ্দ দেওয়া টাকা দিয়ে টিনের ছাউনি দেওয়া হবে। এতে অন্তত রোদ-বৃষ্টিতে খোলা মাঠে ত্রিপলের নিচে বসে পড়ালেখা করার দুর্ভোগ থেকে শিক্ষার্থীরা রক্ষা পাবে।