বাবা ছাপাখানার শ্রমিক, মা কাজ করেন পোশাক কারখানায়। অভাব-অনটনের সঙ্গে লড়াই করে টিকে থাকতে হয় তাদের। পাহাড়তলীর ওয়্যারলেস কলোনির ছোট্ট বাসায় এমন সংগ্রামমুখর পরিবেশে বেড়ে উঠতে উঠতেও বড় হওয়ার স্বপ্ন দেখা ছাড়েনি তারানা আক্তার। কালুরঘাট এ কে খান ইউসেপ টেকনিক্যাল বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী তারানা মেকানিক্যাল বিষয়ে ডিপ্লোমা কোর্স করে শিক্ষক হতে চায়। চার ভাই-বোনের মধ্যে দ্বিতীয় তারানার বড় বোন এবং ভাইও ইউসেপ বিদ্যালয়ে পড়াশোনা শেষ করেছে। কেবল তারানা নয়, সহায়-সম্বলহীন পরিবারের অনেক শিশুকে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখতে শিখিয়েছে ইউসেপ বাংলাদেশ। মূলত নিউজিল্যান্ডের সমাজকর্মী লিন্ডসে অ্যালান চেইনির পরিকল্পনা ও প্রচেষ্টায় বাংলাদেশে ইউসেপ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। আন্ডারপ্রিভিলেজড চিলড্রেনস এডুকেশন প্রোগ্রাম—এ শব্দগুলোর সংক্ষেপিত রূপ ইউসেপ। ১৯৭২ সালে শহরাঞ্চলের দরিদ্র, সুবিধাবঞ্চিত শিশুদের কারিগরি প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে এ দেশে ইউসেপ বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল। কালুরঘাটের একে খান ইউসেপ টেকনিক্যাল বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৯২ সালে। এটি ইউসেপের প্রথম কারিগরি বিদ্যালয়। এর আগে নগরের আমবাগানে সাধারণ শিক্ষা ও বাণিজ্য বিষয়ে ইউসেপ বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল। এরপর একে একে প্রতিষ্ঠিত হয়েছে ইউসেপের মোট নয়টি সাধারণ বিদ্যালয়।দুই বছর ধরে এ কে খান টেকনিক্যাল বিদ্যালয় এসএসসিতে ভালো ফলাফল করছে। ২০১১ সালের এসএসসি (কারিগরি) পরীক্ষায় এ বিদ্যালয়ের ৫৭ পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ২৫ জন। আর বাকি ৩২ জনই জিপিএ-৪ পেয়েছে। মেধাতালিকায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সেরা ১০ বিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে এ বিদ্যালয়। ইউসেপ সূত্রে জানা গেছে, চট্টগ্রামে ইউসেপের নয়টি বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুসরণ করা হয়। পরবর্তী সময়ে এসব বিদ্যালয় থেকে পাস করা শিক্ষার্থীর মধ্য থেকে ভর্তি পরীক্ষার মাধ্যমে বাছাই করে নবম শ্রেণীতে ভর্তি করানো হয়। এতে মেধাতালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস এবং জেনারেল মেকানিকস নামে দুটি কারিগরি বিভাগে পড়ার সুযোগ দেওয়া হয়। অন্যদিকে, যারা এ পরীক্ষায় অকৃতকার্য হয়, তাদের জন্যও রয়েছে বছরব্যাপী বিভিন্ন বাণিজ্যিক কোর্সে প্রশিক্ষণ নেওয়ার সুবিধা। ইউসেপ বিদ্যালয়ে দরিদ্র শিশুরা শুধু বিনা খরচে লেখাপড়ার সুযোগই পায় না, আর্থিক সহায়তাও পায় বলে জানালেন প্রতিষ্ঠানের মেকানিক্যাল বিভাগের প্রধান মো. সোলায়মান আলী। তিনি বলেন, ‘আর্থিক সহযোগিতা হিসেবে প্রত্যেক শিক্ষার্থীকে মাসে ৪০০ টাকা করে দেওয়া হয়। এ ছাড়াও নাশতার খরচ বাবদ জনপ্রতি মাসে ৩০ টাকা করে দেওয়া হয়। যাতায়াতের জন্য রয়েছে বাস সার্ভিস। শিক্ষা শেষে তাদের কর্মসংস্থানেরও ব্যবস্থা করে দেওয়া হয় ইউসেপের পক্ষ থেকে। বিদ্যালয়ের ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন বিভাগের প্রশিক্ষণার্থী মোহাম্মদ হোসেন বলে, ‘ইউসেপ বিদ্যালয়ে লেখাপড়া শেষ করে কাজে লেগে যাব। পরিবারের হাল ধরতে হবে। পাশাপাশি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়েও ভর্তি হব।’ চট্টগ্রাম ইউসেপের আঞ্চলিক সমন্বয়কারী জয় প্রকাশ বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘ইউসেপ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করে। এসব শিশুকে কেবল বিনা মূল্যে কারিগরি শিক্ষাই দেওয়া হয় না, তাদের কর্মসংস্থানের ব্যবস্থাও করা হয়। এ প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নেওয়া শিক্ষার্থীরা বর্তমানে দেশের বিভিন্ন কলকারখানায় সম্মানজনক অবস্থানে কাজ করছে।’