সহিংস ঘটনা থাকবে না এটা অনেকের পছন্দ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব নিয়েই ক্যাম্পাসে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন অধ্যাপক আবু ইউসুফ। এরপরও একের পর এক সহিংস ঘটনা ঘটছে। অস্থিতিশীল হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ। এসব বিষয়ে প্রথম আলোর মুখোমুখি হয়েছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন: নাসির উদ্দিন হায়দার ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি কী?আবু ইউসুফ: ক্যাম্পাস এখন শান্ত। তেমন কোনো সমস্যা নেই। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। তবে ছাত্রাবাসে যারা আছে তাদের মধ্যে একটু অনিশ্চয়তা আছে, ক্লাস পরীক্ষা কখন শুরু হবে তা নিয়ে। শহরের ছাত্রছাত্রীরাও খোঁজ নিচ্ছে। আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবরোধ হলে বা কোনো ঘটনা ঘটলে শিক্ষার্থীরা দুই-এক দিন পরিস্থিতি পর্যবেক্ষণ করে। তাদের মানসিকতা জানি। আমরা হতাশ না। আশা করছি শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে।  আগে অপরাধের ঘটনাগুলো ছিল ক্যাম্পাসকেন্দ্রিক, এখন শাটল ট্রেনকেন্দ্রিক। এটা কেন হচ্ছে? আবু ইউসুফ: না, আসাদ হত্যার ঘটনা শাটল ট্রেনে ঘটেনি, রেললাইনে ঘটেছে। আগে ঘটনাগুলো বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঘটত ছাত্রসংগঠনগুলোর ক্লেশের কারণে। কিন্তু আমি তো ছাত্ররাজনীতি বন্ধ করে দিয়েছি। তাই তারা ক্যাম্পাসের ভেতরে এসব করতে পারছে না, বাইরে করছে। ছাত্ররাজনীতি উন্মুক্ত থাকলে ক্যাম্পাসের ভেতরে মিছিল-মিটিং হতো, অঘটন ঘটত। সেটা পারছে না বলে বাইরে অপরাধ করছে সন্ত্রাসীরা।  একটা খুনের ঘটনা ঘটে যাওয়ার পর ট্রেন ও রেললাইনে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব ছিল না? আবু ইউসুফ: হ্যাঁ, আমি তো পুলিশকে বলেছি, নিরাপত্তার ব্যবস্থা করার জন্য। এটা তো জিআরপি পুলিশের দায়িত্ব। আমি তো কম্পার্টমেন্টে গিয়ে বসে থাকতে পারব না। সাবেক ছাত্রনেতারা বলছেন ছাত্ররাজনীতি বন্ধ থাকায় সহশিক্ষা কার্যক্রমও বন্ধ। সে কারণে ছাত্ররা অপরাধে জড়িয়ে পড়ছে। আবু ইউসুফ: না সহশিক্ষা কার্যক্রম বন্ধ নয়, পুরোপুরি চলছে। বিভিন্ন বিভাগ সাংস্কৃতিক অনুষ্ঠান করছে, বিতর্ক করছে, নবীনবরণ হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনও নানা অনুষ্ঠান করছে। পয়লা বৈশাখের বিশাল অনুষ্ঠান হয়ে গেল।  ব্ল্যাক জুয়েলসহ ছাত্রলীগ নেতাদের অভিযোগ, জোট সরকারের সময়ে আপনি তাঁদের আন্দোলনে নামিয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ে অবরোধ করে তাঁরা জেলও খেটেছেন। কিন্তু উপাচার্য হওয়ার পর তাঁদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।আবু ইউসুফ: আমি বিশ্ববিদ্যালয়ে চাকরি করছি ৩৯ বছর ধরে। এসব কেন বলা হচ্ছে আমি বুঝি। যারা এসব বলছে তারা জোট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে এটা কেউ শোনেনি। আমি নিজে রাস্তায় দাঁড়িয়ে জোট সরকারের বিরুদ্ধে অবরোধে অংশ নিয়েছি। কই তাদের তো কখনো দেখিনি? যাদের নাম তুমি বললে, তাঁরা তো ২০০৩ সাল থেকে ছাত্র নয়। তারা জোট সরকারের বিরুদ্ধে আন্দোলন করে কীভাবে? আসলে আমি বিশ্ববিদ্যালয়ে স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে ১৯ হাজার শিক্ষার্থীর স্বার্থে কাজ করছি। সেশনজট কমবে, সহিংস ঘটনা ঘটবে না—এটা অনেকের পছন্দ নয়। সেশনজটকে বিদায় জানাতে ২০১০ সালের ডিসেম্বর টার্গেট করেছিলাম আমি। ভেবেছিলাম বিশ্ববিদ্যালয়কে সেশনজট মুক্ত করে ছাত্র-শিক্ষক সবাইকে নিয়ে একটা উৎসব করব; সেটা অনেকের পছন্দ হচ্ছে না।কাদের পছন্দ না এটা?আবু ইউসুফ: যারা ডিস্টার্ব করছে, গাড়ি পোড়াচ্ছে তাদের।  ছাত্র উপদেষ্টা, প্রক্টর ও আপনি—তিনজনই হাটহাজারীর। এর বাইরে যেতে পারছেন না কেন? বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে অন্যদের দরকার নেই?এরপর পৃষ্ঠা ২ কলাম ২আবু ইউসুফ: প্রক্টরের দায়িত্ব সাধারণত শিক্ষকেরা পালন করতে চান না। কারণ যে ছাত্ররা শিক্ষকদের বাবা ডাকে, তারাই আবার তাঁদের ‘শালা’ ডাকে। এখন যাঁরা এই কঠিন দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন, আইনের মধ্যে থেকে কাজ করছেন, কারও পক্ষ নিচ্ছেন না, তারা হাটহাজারীর হয়ে গেছেন, তারা মদনহাটের হয়ে গেছেন। এটা ১৯ হাজার শিক্ষার্থী বলছে না, ৩০-৪০ জন বলছে। যারা অপরাধ করছে তারাই বলছে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক আছেন ৬৫০-৭০০, তাঁরাও তো এমনটি বলছেন না। আমি মনে করি, আঞ্চলিকতার ধুয়া তোলা একটা ঘৃণ্য কাজ। আপনার বিরুদ্ধে অভিযোগ, তুচ্ছ ঘটনায় বহিষ্কার করা হয়েছে অনেক ছাত্রকে। একদিকে ছাত্ররাজনীতি বন্ধ, অন্যদিকে বহিষ্কার হচ্ছেন ছাত্রলীগ নেতা-কর্মীরা। এর সুবিধাটা কি শিবির পাচ্ছে না?আবু ইউসুফ: শিবির কোনো সুবিধা পাচ্ছে না। ক্যাম্পাসে তাঁদের তো কোনো কর্মকাণ্ডই নেই। আমি তো তাদেরই বহিষ্কার করেছি যারা ধামা, কিরিচ নিয়ে অপরাধ করেছে। শিবির এ কাজ করলে তিন গুণ শাস্তি পেত। বিশ্ববিদ্যালয়ের ছাত্র আর জোবরা গ্রামবাসীর মধ্যে দ্বন্দ্বের বিষয়ে আপনার মন্তব্য কী?আবু ইউসুফ: হ্যাঁ, এটা একসময় ছিল। আশির দশকে এমনটি ছিল যখন ভিন্ন একটি রাজনৈতিক দলের কর্মীরা ওখানে থাকতেন। এখন এ সমস্যা নেই। ছাত্র ও গ্রামবাসীর মধ্যেই তো ঘটনা ঘটে গেল।আবু ইউসুফ: বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও জোবরা গ্রামের মানুষ নিয়ে যেসব কথা বলা হচ্ছে, সেসব ঠিক নয়। আসলে যারা বিশ্ববিদ্যালয়ের ভালো চায় না, অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে তারাই এসব কথা বলছেন। একটি বিশেষ গোষ্ঠী বিশেষ উদ্দেশ্য নিয়ে একেক সময়ে একেকটি বিষয়কে সামনে আনছে, কখনো জোবরা গ্রাম, কখনো মদনহাট বা হাটহাজারী।ক্যাম্পাসে ছাত্ররাজনীতি কখন উন্মুক্ত হবে?আবু ইউসুফ: সব ছাত্রসংগঠন যখন অঙ্গীকার করবে তারা উসকানিমূলক বক্তব্য দেবে না, অপ্রীতিকর ঘটনা ঘটাবে না, মিছিল মিটিংয়ের নামে ক্লাস-পরীক্ষার ক্ষতি করবে না তখন আমি ছাত্ররাজনীতি উন্মুক্ত করে দেব।