সহিংসতা ঠেকাতে মাঠে নেমেছে জনতা। হরতালের সময় নগরের কয়েকটি স্থানে জামায়াত-শিবিরের কর্মীদের সহিংসতার চেষ্টা রুখে দিয়েছে সাধারণ মানুষ। ইতিমধ্যে গঠিত হয়েছে সর্বদলীয় প্রতিরোধ কমিটি। এ কমিটি পাড়ায় পাড়ায় সমাবেশ করছে। এদিকে, গত রোব ও সোমবারের হরতালে ভিন্ন চিত্র দেখল চট্টগ্রামবাসী। ওই দুই দিন রাজপথ ছিল হরতালবিরোধীদের দখলে।গত বৃহস্পতিবার মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার পরপরই নগরের বিপণিবিতান এলাকায় সহিংসতার চেষ্টা করে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এ সময় বিক্ষুব্ধ জনতা, ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা এবং পুলিশ হামলাকারীদের প্রতিহত করে। গত সোমবার বিকেলে স্থানীয় লোকজনের সহায়তায় নগরের বিভিন্ন এলাকা থেকে আট শিবিরকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার করা এক শিবিরকর্মীর কাছ থেকে পাওয়া যায় চট্টগ্রামের ১০ আলেমের নামের তালিকা। ওই আলেমদের হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে। এ ছাড়া সোমবার রাতেই চট্টগ্রাম রেলস্টেশনে ট্রেনে আগুন দেওয়ার চেষ্টা করে শিবিরকর্মীরা। সেখানে ককটেল ফাটিয়ে পালিয়ে যাওয়ার সময় এক শিবিরকর্মীকে আটক করে জনতা। জানা যায়, গত শুক্রবার রাতেই চট্টগ্রামের সর্বদলীয় প্রতিরোধ কমিটি গঠিত হয়। আওয়ামী লীগ, ১৪ দল, কমিউনিস্ট পার্টি, বাসদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ঐক্যবদ্ধভাবে এই কমিটি গঠন করে। এরপর গত শনিবার চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে সর্বদলীয় কমিটি। গত রোব ও সোমবারও নগরের বিভিন্ন স্থানে সর্বদলীয় প্রতিরোধ কমিটি সমাবেশ করে। সর্বদলীয় প্রতিরোধ কমিটির অন্যতম উদ্যোক্তা খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, ‘ইসলাম ধর্মে সহিংসতা ও ভেদাভেদের স্থান নেই। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ জামায়াতে ইসলামীর সাম্প্রদায়িক ও সহিংস রাজনীতি পছন্দ করে না। আলেমদের হত্যার পরিকল্পনাকারীদের স্থানীয় লোকজনই ধরেছে।’ দেশব্যাপী সহিংসতার ঘটনায় জামায়াতে ইসলামীর একটি অংশ জড়িত দাবি করে তিনি বলেন, ‘সাঈদীর অনুসারীরাই এসব সহিংসতার ঘটনা ঘটিয়েছে। এর মধ্যে চট্টগ্রামের কয়েকজন জামায়াতনেতাও আছেন। সহিংসতার বিরুদ্ধে চট্টগ্রামের সাধারণ মানুষ ঐক্যবদ্ধ। জনতার ঐক্যের কারণে নগরে সহিংসতা-তাণ্ডব বন্ধ হয়ে গেছে।’ সর্বদলীয় প্রতিরোধ কমিটি সূত্র জানায়, তৃণমূলে দলমত-নির্বিশেষে সব শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধ করতে গতকাল বুধবার কমিটির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী শনিবার নগরের লালদীঘির মাঠে আয়োজন করা হয়েছে সর্বদলীয় প্রতিরোধ কমিটির সমাবেশ। এতে শীর্ষস্থানীয় আলেমরা উপস্থিত থাকবেন।