সহিংসতার আশঙ্কা ভোটার ও প্রার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোয়ালখালীর সাত ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৫ জুন। নির্বাচনকে ঘিরে বিভিন্ন এলাকায় বিশেষ করে আহলা-করলডেঙ্গা ও শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নে সহিংসতার আশঙ্কা করছেন প্রার্থীরা। এ নিয়ে এলাকার ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে প্রশাসন বলছে, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। দুটি ইউনিয়ন প্রশাসনের বিশেষ নজরদারিতে থাকবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে থাকবে বাড়তি নিরাপত্তা। বোয়ালখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম জানান, সাত ইউনিয়নের ভোটার সংখ্যা ৮৬ হাজার ৫৫৫ জন। এর মধ্যে পুরুষ ৪২ হাজার ৩৮৭ জন ও মহিলা ভোটার ৪৪ হাজার ১৬৮ জন। ৬৫টি ভোটকেন্দ্রের মধ্যে ২৭টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। ২৩০টি বুথে ভোটারদের ভোট দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। নির্বাচন অনুষ্ঠানের জন্য ৬৫ জন প্রিসাইডিং, ২৩০ জন সহকারী প্রিসাইডিং ও ৪৬০ জন পোলিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।নির্বাচনে চেয়ারম্যান পদে ৬০ জন, সংরক্ষিত সদস্য পদে ৬১ ও সাধারণ সদস্য পদে ২৯৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে প্রার্থীরা আহলা-করলডেঙ্গা ও শ্রীপুর-খরণদ্বীপে সহিংসতা, ভোটকেন্দ্র দখল ও ভোট ডাকাতির আশঙ্কা করছেন। উপজেলায় এ দুই ইউনিয়ন সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। শুধু এ দুই ইউনিয়নে রয়েছে ১১টি ঝুঁকিপূর্ণকেন্দ্র। এ ছাড়া আমুচিয়া, চরণদ্বীপ ও পোপাদিয়া ইউনিয়নে সহিংসতার আশঙ্কা করেছেন প্রার্থী ও ভোটাররা। নদী ও পাহাড়বেষ্টিত এসব ইউনিয়নে সন্ত্রাসী, দাগি আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ইতিমধ্যে শ্রীপুর-খরণদ্বীপ, আহলা-করলডেঙ্গা ও চরণদ্বীপ ইউনিয়নে বহিরাগত লোকজনের আনাগোনা ও প্রার্থীদের পক্ষে তৎপরতা চালানোর কথা জানান এলাকাবাসী।খরণদ্বীপ এলাকার ভোটার অধ্যক্ষ সেকান্দর আলম জানান, খরণদ্বীপ এলাকায় দুই প্রার্থীর পক্ষে অপরিচিত কিছু লোক প্রচারণায় অংশ নিচ্ছেন। এতে বিজন বিবি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রের ভোটাররা আতঙ্কে রয়েছেন। শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের প্রার্থী ও ইউপি চেয়ারম্যান আজিজুল হক অভিযোগ বলেন, ‘মসজিদবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শেখপাড়া মাদ্রাসা, জ্যৈষ্ঠপুরা সিনিয়র মাদ্রাসা ও রমণী মোহন উচ্চবিদ্যালয়েকেন্দ্র দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের আশঙ্কা রয়েছে। এসব কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ইতিমধ্যে অবৈধ অস্ত্রের মহড়া ও কর্মী-সমর্থকদের হুমকি দিচ্ছেন।’ একই ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মোকারম দাবি করেন, মসজিদবাড়ি প্রাথমিক বিদ্যালয়, খরণদ্বীপ উচ্চবিদ্যালয়, শ্রীপুর দরবার দীঘি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়, শ্রীপুর কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয়, শেখপাড়া মাদ্রাসা ও শ্রীপুর-খরণদ্বীপ কৃষি বীজাগারকেন্দ্রে সহিংসতা ও ভোট ডাকাতির আশঙ্কা রয়েছে। প্রার্থী মো. আবদুল্লাহও একই রকম অভিযোগ করেন। আহলা-করলডেঙ্গা ইউনিয়নের প্রার্থী হামিদুল হক অভিযোগ করেন, উত্তর ভূর্ষি এলাকার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনছুর আহমদ সংখ্যালঘু ভোটারদের কেন্দ্রে না যেতে প্রকাশ্যে গুলি ছুড়ে ভয়ভীতি প্রদর্শন ও তাঁর (হামিদুল হকের) কাছারি-গোয়ালঘর ভাঙচুর করেছেন।মনছুর আহমদও ২০ জুন চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে হামিদুল হকের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে ধরে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন। এদিকে করলডেঙ্গার উত্তর ভূর্ষি এলাকার অর্ধশতাধিক সংখ্যালঘু ভোটারের সই করা প্রশাসনের কাছে দেওয়া এক অভিযোগপত্রে দাবি করা হয়, চেয়ারম্যান পদপ্রার্থী মনছুর আহমদ সংখ্যালঘু ভোটারদের হুমকি দিচ্ছেন। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল হক প্রথম আলোকে বলেন, ‘দুটি ইউনিয়নে প্রার্থীদের হীনমানসিকতা দূর করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বেগ পেতে হচ্ছে। সারাক্ষণ পুলিশ মোতায়েন করে বিশেষভাবে নজর রাখতে হচ্ছে।’ তিনি জানান, প্রতিটি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে একজন উপপরিদর্শকের (এসআই) নেতৃত্বে পুলিশ ও আনসার বাহিনীর ২৩ জন সদস্য থাকবেন। প্রতি ইউনিয়নে একজন ওসির নেতৃত্বে দুটি করে ভ্রাম্যমাণ দল, স্ট্রাইকিং ফোর্স, এপিবিএন ফোর্স, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) টহল থাকবে। বহিরাগত প্রবেশ ঠেকাতে করলডেঙ্গার মৌলভীবাজার ও কর্ণফুলী নদীপথে নৌটহল-পুলিশের দুটি দল সার্বক্ষণিক নিয়োজিত থাকবে বলেও তিনি জানান।উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলসাদ বেগম প্রথম আলোকে বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে ব্যবস্থা নেওয়া হয়েছে। গোলযোগের আশঙ্কা দেখা দিলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও রয়েছে।’