সাঁকোর কলোগ্রাফ প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কলোগ্রাফ’ প্রদর্শনীতে স্থান পাওয়া শিল্পী কনক চাঁপা চাকমার আঁকা ছবি।
‘কলোগ্রাফ’ প্রদর্শনীতে স্থান পাওয়া শিল্পী কনক চাঁপা চাকমার আঁকা ছবি।

নারী শিল্পীদের সংগঠন সাঁকোর উদ্যোগে রাজধানীতে একটি কলোগ্রাফ প্রদর্শনী শুরু হচ্ছে। কিবরিয়া প্রিন্ট মেকিং স্টুডিওর সহযোগিতায় আয়োজিত কর্মশালা শেষে ১২ শিল্পীর এই যৌথ চিত্র প্রদর্শনীর উদ্বোধন হচ্ছে আগামীকাল শুক্রবার। মোহাম্মদপুরে কলাকেন্দ্রের গ্যালারিতে আগামী ২২ আগস্ট পর্যন্ত এই প্রদর্শনী চলবে।

শুক্রবার সন্ধ্যার এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাক্ষিক অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খ্যাতনামা চিত্রশিল্পী বীরেন সোম।

নারী শিল্পীদের সংগঠন সাঁকো গত ১৩ বছর ধরে নিজেদের সদস্য ও অতিথি শিল্পীদের অংশগ্রহণে নানা শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় এবার সাঁকোর ছয় সদস্য শিল্পী এবং ছয়জন অতিথি শিল্পীর অংশগ্রহণে একটি কলোগ্রাফ কর্মশালার আয়োজন করা হয়। ছাপচিত্রের এই বিশেষ মাধ্যমটির প্রশিক্ষণ দেন খ্যাতনামা চিত্রশিল্পী বীরেন সোম।

‘কলোগ্রাফ’ প্রদর্শনীতে স্থান পাওয়া শিল্পী ফারিহা জেবার আঁকা ছবি।
‘কলোগ্রাফ’ প্রদর্শনীতে স্থান পাওয়া শিল্পী ফারিহা জেবার আঁকা ছবি।



মোহাম্মদপুরের ইকবাল রোডে নব প্রতিষ্ঠিত ‘কলাকেন্দ্র’-এর স্টুডিওতে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ১০ দিনব্যাপী এই কর্মশালা আয়োজনের সার্বিক সহায়তা দিয়েছে কিবরিয়া প্রিন্ট মেকিং স্টুডিও। কর্মশালায় সহজলভ্য উপকরণ দিয়ে সাশ্রয়ী এই শিল্পমাধ্যমটির নানা কৌশল সম্পর্কে শিল্পীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন-নাঈমা হক, কনক চাঁপা চাকমা, ফারিহা জেবা, সুলেখা চৌধুরী, রেবেকা সুলতানা, ফারজানা ইসলাম, ইশরাত জাহান, ফারজানা রহমান, সামিনা শারমিন, শাম্মী ইয়াসমিন, ফরহাদ হোসেন ও বীরেন সোম।

কলাকেন্দ্রে ‘কলোগ্রাফ’ কর্মশালায় অংশগ্রহণকারী শিল্পীদের প্রশিক্ষণ দিচ্ছেন শিল্পী বীরেন সোম।
কলাকেন্দ্রে ‘কলোগ্রাফ’ কর্মশালায় অংশগ্রহণকারী শিল্পীদের প্রশিক্ষণ দিচ্ছেন শিল্পী বীরেন সোম।

সাঁকোর যৌথ প্রদর্শনী ‘কলোগ্রাফ’
প্রদর্শনী: ৩১ জুলাই, ২০১৫ থেকে ২২ আগস্ট, ২০১৫।
গ্যালারি খোলা: প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৯টা ৩০ পর্যন্ত।
গ্যালারির ঠিকানা: কলাকেন্দ্র, ১/১১ ইকবাল রোড, (চতুর্থ তলা) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।
বিস্তারিত জানতে ভিজিট করুন: https://www.facebook.com/events/695201290584985