সাঁকোতে কষ্টে পারাপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেতু ভেঙে গেছে, নড়বড়ে সাঁকোই এখন ভরসা। নাইক্ষ্যংছড়ির বা​ইশারীর তিন গ্রামের বাসিন্দাদের ফারির খাল পারাপার করতে হয় ঝুঁকি নিয়ে l প্রথম আলো
সেতু ভেঙে গেছে, নড়বড়ে সাঁকোই এখন ভরসা। নাইক্ষ্যংছড়ির বা​ইশারীর তিন গ্রামের বাসিন্দাদের ফারির খাল পারাপার করতে হয় ঝুঁকি নিয়ে l প্রথম আলো

নড়বড়ে বাঁশের সাঁকো। মানুষ উঠলেই দুলতে থাকে। তার পরও ঝুঁকি নিয়ে প্রতিদিন এই সাঁকো পািড় দেন হাজারো মানুষ। এই চিত্র বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের। এখানকার ফারির খালের ওপর নির্মিত সেতুটি ভেঙে যাওয়ায় গত তিন বছর ধরে এভাবেই যাতায়াত করছেন তিন গ্রামের মানুষ। এই তিন বছরে সাঁকো থেকে পানিতে পড়ে একজনের মৃত্যু এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফাইল আহমদ জানান, ২০১০ সালের দিকে চাক সম্প্রদায়ের লোকজনের যাতায়াতের সুবিধার্থে বান্দরবান জেলা পরিষদ ফারির খালের ওপর একটি সেতু তৈরি করে। ২০১২ সালের ২৬ জুন প্রবল বর্ষণে পাহাড়ি ঢলের পানিতে সেতুটি ধসে পড়ে। এরপর ধসে পড়া সেতুর সঙ্গে বাঁশের সাঁকো তৈরি করে লোকজন ঝঁুকি নিয়ে চলাচল করছেন। গত ৯ এপ্রিল রাতে সাঁকো পারাপার করতে গিয়ে খালে পড়ে মারা যান স্থানীয় হেডম্যানপাড়ার বাসিন্দা মাং ওয়াই চাক। অন্য সময় সাঁকো থেকে পড়ে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন নারী-শিশু। তবে খালের ওপর আরেকটি বিকল্প সেতু তৈরির চেষ্টা চলছে।
সরেজমিনে দেখা গেছে, খালের এক পাশে পড়ে আছে ভাঙা সেতুর কিছু অংশ। ভাঙা ওই অংশের সঙ্গে জুড়ে দিয়ে নির্মাণ করা হয়েছে বাঁশের সাঁকো। এর ওপর দিয়ে পার হচ্ছে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থীরাও। ঝুঁকিপূর্ণ এই সাঁকোতে একসঙ্গে দু্জনের বেশি উঠলেই দোলনার মতো দুলতে থাকে। এ জন্য এক পাশে লোক উঠলে অপর পাশে অপেক্ষায় থাকতে হয়।
নিহত মং ওয়াই চাকের ছেলে অংজারী চাক জানান, সাঁকো দিয়ে দিনের বেলায় যেখানে পারাপার করতে সমস্যা, সেখানে শত শত মানুষকে রাতের অন্ধকারে ঝঁুকি নিয়ে সাঁকো পার হতে হচ্ছে। বৃষ্টির সময় সাঁকো পারাপারে পা পিছলে অনেকে খালের পানিতে পড়ে আহত হয়।
স্থানীয় লোকজন জানায়, সেতুর দক্ষিণ পাশে চাক হেডম্যানপাড়া, উত্তর পাশে মধ্যম চাকপাড়া ও উপর চাকপাড়া। এই তিন গ্রামে চাক সম্প্রদায়ের চার হাজার মানুষের বসতি। গ্রামের পাশে রয়েছে ব্যক্তি মালিকানাধীন কয়েক হাজার একরের শতাধিক রাবার বাগান। সাঁকোর ওপর দিয়ে দৈনিক কয়েক শ শ্রমিক রাবার বাগানে যাতায়াত করেন। কিন্তু তার পরও সাঁকোটি তৈরির গরজ কেউ অনুভব করছেন না।
স্থানীয় বাসিন্দা উ চাহা চাক জানান, গত ২৩ এপ্রিলের বৃষ্টিতে খালের পানি বৃদ্ধি পেলে বাঁশের সাঁকোর একটি অংশ বিলীন হয়। পরে কোনোমতে সাঁকোটি জোড়া লাগানো হলেও এখনো ভাঙা অংশ নড়বড়ে। তাই বর্ষা শুরুর আগে সাঁকোটি সংস্কার জরুরি। না হলে কয়েক শ শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ হয়ে যাবে। এ প্রসঙ্গে মৌজা হেডম্যান মংছানু চাক বলেন, ভাঙা সেতুর পাশে আরেকটি নতুন সেতু নির্মাণের জন্য সম্প্রতি চাক সম্প্রদায়ের পক্ষ থেকে পার্বত্য বান্দরবান জেলা পরিষদ ও পার্বত্য উন্নয়ন বোর্ডের কাছে আবেদন করা হয়েছে। কিন্তু এখনো সাড়া মেলেনি।