‘হেইয়া রে হেইয়া হো, হেইয়া রে হেই...’ কখনো সুরেলা গলায় সুরের মেলা, কখনো বেসুরো ঢেউ। গানখানি শুনে সামনে এগোলে স্বাগত জানায় ঢিমঢিমে আলোর জানালা, কক্ষের ভেতরে উঁকি দিয়ে দেখা গেল সুরের ছন্দে চলছে নৃত্যের আনন্দ। খুব যে নৃত্যপটীয়সী তা নয়, জনাচারেক ছেলেমেয়ে গানের তালে নেচে চলেছেন। আর গম্ভীর চেহারায় তাঁদের নির্দেশনা দিচ্ছেন মোসলেমউদ্দিন সিকদার। এখানে আসলে উত্তরাধিকার নাট্যদলের সাম্পাননাইয়া নাটকের মহড়া চলছে। গত সোমবার নগরের জেলা শিল্পকলা একাডেমীর ২ নম্বর মহড়াকক্ষের সাঁঝবেলার দৃশ্য এটি। প্রতিদিন সন্ধ্যা হতেই হরেক রকম মানুষের ভিড়ে সরগরম হয়ে ওঠে শিল্পকলা একাডেমীর আঙিনা। হরেক মানুষের হরেক কাজ, এ যেন ‘হৈ হৈ কাণ্ড রৈ রৈ ব্যাপার, নাচে গানে মন মাতল সবার...।’ কেউ আসে নাচ, গান, আবৃত্তির মহড়ায় অংশ নিতে, কেউ চিত্র প্রদর্শনী, মঞ্চনাটক কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শকের আসন দখল করতে, কেউ বা আসে আঙিনায় প্রাচীন বৃক্ষের নিচে গোলচত্বরে বসে নিছক আড্ডা দিতে। মহড়া শেষে আড্ডারত উত্তরাধিকারের কর্মী শিহাব খান বলেন, ‘উপকূলীয় জনগোষ্ঠীর জীবনালেখ্য নিয়েই সাম্পাননাইয়া নাটকটি রচিত। দায়বদ্ধতা থেকেই দলের সবাই মহড়ায় খুব গুরুত্ব নিয়ে কাজ করে। ফাঁকে ফাঁকে মজাও হয়। সংস্কৃতিচর্চার সঙ্গে সঙ্গে সমাজের অপ্রাসঙ্গিকতা নাটকে তুলে ধরি, এরই মধ্য দিয়ে বিনোদনের মজাও উঠে আসে।’১ নম্বর মহড়াকক্ষে থিয়েটার ওয়ার্কশপ নাট্যদলের বেধুয়া নাটকের মহড়া চলছে। পরদিন মঙ্গলবার এটির মঞ্চায়ন হবে, তাই সবার মধ্যে দারুণ উত্তেজনা। মহড়ায় কেউ বেশ সাবলীল, আবার কেউ কেউ ছোটখাটো ভুলও করে ফেলছিলেন। একটা দৃশ্যে আবহসংগীতে বিভিন্ন প্রাণীর ডাক শোনা গেলে নির্দেশক কমল বড়ুয়া ধমকের সুরে বলে উঠলেন, ‘অন্য প্রাণী এল কোথা থেকে? শুধু কুকুরের ডাক হবে।’ কথা শেষ না হতেই সজোরে ‘ঘেউ ঘেউ ঘেউ উ...।’ নাটকের চরিত্র যীশু মহানন্দে সংলাপ বলছেন, ‘সাহেব, একটা মিনতি করছি...।’ নির্দেশকের খ্যাপা চেহারার দিকে চোখ পড়তেই একটু থেমে সংলাপের পুনরাবৃত্তি এবং এবার মিনতির সুরে...। নির্দেশকের চেহারায় ‘ক্ষণেক রোদ্দুর ক্ষণেক মেঘে’র মধ্য দিয়ে শেষ হলো মহড়া। মহড়ার বিরতিতে দলের নাট্যকর্মী মো. জাবের বলেন, ‘সিলেটের বাউরি সম্প্রদায়ের জীবনের গল্প নিয়েই এ নাটক। বেধুয়া বা যাঁদের জন্মপরিচয় নেই, সমাজে তাঁদের অবস্থান এতে উপজীব্য। আমরা চেষ্টা করি মজা করে কাজ করতে। আনন্দ নিয়ে অভিনয় করি বলে একঘেয়েমি আসে না, কাজ বলে মনে হয় না।’নাট্যাধারের কর্মীদের মহড়া চলছিল ৩ নম্বর কক্ষে। শরৎচন্দ্রের ছোটগল্প মামলার ফল অবলম্বনে কাল বোধন নাটকের মহড়ায় অভিনেতারা সংলাপ ভুল করে নিজেরাই হাসছেন আবার পরক্ষণেই নির্দেশক রাহাত কবিরের ভয়ে কুণ্ঠিত। টিং টিং টিং টিং শব্দে ঘণ্টা বেজেই চলেছে। শব্দের উৎস খুঁজতেই দেখা গেল মিলনায়তনের সামনে আঙিনায় লম্বা সারিতে দাঁড়িয়ে আছেন শতাধিক দর্শক। গণায়ন নাট্যসম্প্রদায়ের অদ্ভুত সম্প্রদায় নাটক দেখতে আসা দর্শকের কোলাহলে মুখর একাডেমীর আঙিনা। আরেক পাশে চলছে সাগরচন্দ্র দাশের পোড়ানো কাদামাটি (সিরামিক) শিল্পের প্রদশর্নী ‘ক্লে লাইফ’। বিখ্যাত শফির দোকানের ভিড়ও ছিল দেখার মতো। কেউ দোকানের সামনে টুলে বসে, কেউ বা দাঁড়িয়ে চা খাচ্ছেন, সিগারেটে সুখটান দিচ্ছেন। থিয়েটার ওয়ার্কশপ নাট্যদলের কর্মী অর্ণব বলেন, ‘আমরা প্রায় প্রতিদিনই এখানে আসি মহড়ার কাজে, কাজ না থাকলেও আড্ডা দিতে আসি। আর সঙ্গে শফি ভাইয়ের দোকানের চা-এর লোভ তো আছেই।’ নাট্যকর্মী পরিতোষ দাশ বলেন, ‘সন্ধ্যায় এখানকার পরিবেশটাই অন্য রকম লাগে। সবসময়ই কিছু না কিছু অনুষ্ঠান হচ্ছে। প্রমায় আবৃত্তির কোর্স করি, আর জমপেশ আড্ডা দিই।’