সাঁতার কেটে বিদ্যালয়ে যাওয়া...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়িতে বোয়ালখালী ছড়ার বুকসমান পানি পেরিয়ে মায়াফাপাড়া বিদ্যালয়ে আসছে শিক্ষার্থীরা  প্রথম আলো
খাগড়াছড়িতে বোয়ালখালী ছড়ার বুকসমান পানি পেরিয়ে মায়াফাপাড়া বিদ্যালয়ে আসছে শিক্ষার্থীরা প্রথম আলো

দীঘিনালা উপজেলার জামতলি থেকে তিন-চার কিলোমিটার দূরে পাহাড়ঘেরা দুর্গম এলাকা মায়াফাপাড়া। পাড়ার পাশ দিয়ে বয়ে গেছে স্রোতস্বিনী বোয়ালখালী ছড়া। এই পাড়ার অন্তত দেড় শ ফুট উঁচু পাহাড়ের চূড়ায় অবস্থিত প্রাথমিক বিদ্যালয়ে পড়তে আসে ১২০ জন শিক্ষার্থী। অর্ধেকেরও বেশি শিক্ষার্থী সাঁতার কেটে ছড়া পার হয়ে, সংকীর্ণ পাহাড়ি রাস্তা দিয়ে বিদ্যালয়ে আসে।
বিদ্যালয়ের চার পাশই খাড়া ঢাল। শিক্ষার্থীদের খেলার জন্য কোনো জায়গা নেই। দেড় শ ফুট উঁচু পাহাড়ে ওঠার জন্য কোনো সিঁড়ির ব্যবস্থাও নেই। বৃষ্টি হলে ওঠা-নামা করা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। সম্প্রতি মায়াফাপাড়ায় গিয়ে এমন চিত্র দেখা যায়।
জানা গেছে, বিদ্যালয়ে চারজন শিক্ষক ও ১২০ জন শিক্ষার্থী রয়েছে। সম্প্রতি সরকার দেশের ২৬ হাজার বিদ্যালয়ের সঙ্গে এই বিদ্যালয়টিও জাতীয়করণের ঘোষণা দিয়েছে। বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকের আশা, জাতীয়করণ করার পর পরিস্থিতি পাল্টাবে।
বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, মায়াফাপাড়া, তৈদুপাড়া ও রাজেন্দ্র কারবারিপাড়ার শিশুরা এই বিদ্যালয়ে পড়তে আসে। এর মধ্যে ৬০-৭০ শতাংশ শিক্ষার্থী মায়াফাপাড়া ও তৈদুপাড়া থেকে আসে। বিদ্যালয়ে আসতে হলে বোয়ালখালী ছড়া পার হয়ে আসতে হয় তাদের। শিক্ষকেরা জানান, বেশি বৃষ্টি হলে ছাত্রছাত্রীদের ছড়া পাড় হওয়ার কথা বিবেচনা করে ছুটি দিয়ে দেওয়া হয়। বিদ্যালয়ে বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই। আশপাশে কোনো নলকূপও নেই। পাহাড়ের পাথরের ফাঁক দিয়ে আসা পানি কিংবা ছড়ার ধারে অবস্থিত কুয়া থেকে পানি সংগ্রহ করেই তৃষ্ণা মেটায় শিশুরা।
ছড়া পার হওয়ার সময় বই, খাতা ও পোশাক একটি ব্যাগে নিয়ে নেয় শিক্ষার্থীরা। এরপর ছড়া পার হয়ে আবার পোশাক পরে। ছড়া পারাপারের জন্য কোনো সাঁকোর ব্যবস্থাও নেই।
বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষক তারেকেশ্বর ত্রিপুরা ও খোরশেদ ইসলাম জানান, বিদ্যালয়টির চার পাশ মাটি দেবে যাওয়ায় ঝুঁকির মধ্যে রয়েছে। বিদ্যালয়ে নলকূপ ও ওঠার সিঁড়ি না থাকাটা প্রধান সমস্যা বলে জানান তাঁরা।
দীঘিনালা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ঝর্ণা চাকমাও বিদ্যালটির এই অবস্থা জানেন বলে স্বীকার করেন।
বিদ্যালয়টি সরকারীকরণের আগে নতুন একটি সুবিধাজনক জায়গায় সরিয়ে নেওয়ার দাবি জানান কয়েকজন অভিভাবক। তাঁরা বলেন, নতুন কোনো অবকাঠামো গড়ে তুলতে হলে বিপজ্জনক পাহাড়চূড়া থেকে বিদ্যালয়টি সরাতে হবে। শিক্ষার্থীদের ছড়া পারাপারের ব্যবস্থা করতে হবে এবং বিশুদ্ধ পানির সংকট দূর করতে হবে।