সাঁতার শেখা চাই-ই চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছোটবেলাতেই সাঁতার শিখে নেওয়া ভালো। ছবি: নকশা
ছোটবেলাতেই সাঁতার শিখে নেওয়া ভালো। ছবি: নকশা

ইট-কাঠ-পাথরের শহরে জলাধার দুষ্প্রাপ্য। কিন্তু গোটা দেশ তো নদীমাতৃক। শহর ছাড়লেই জল আর জলাভূমি। পরিবারের ছোট্ট শিশুটির নিরাপত্তার জন্য সাঁতার শেখাটা তাই জরুরি। শুধু শারীরিক নিরাপত্তা নয়, শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্যও সাঁতার শেখানো দরকার।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের অধ্যাপক সৈয়দ মোজাফফর আহমেদ বলেন, ‘নিয়মিত সাঁতারে হৃদ্পেশির কার্যক্ষমতা বাড়ে, সেই সঙ্গে বাড়ে ফুসফুসের অক্সিজেন ধারণক্ষমতা। পেশিগুলোও শক্তিশালী হয়ে ওঠে, হাড়ের জোড়াগুলো সবল হয়। শিশুর বাড়ন্ত শরীরের জন্য সাঁতার তাই অত্যন্ত ভালো ব্যায়াম।’ সাঁতার শরীরের মেটাবলিজম প্রক্রিয়া ত্বরান্বিত করে। মুটিয়ে যাওয়া শিশুর বাড়তি মেদ ঝরাতে সাঁতার অত্যন্ত কার্যকর। যেসব শিশু অ্যাজমায় ভুগছে, চিকিৎসকের পরামর্শে তাদের সাঁতারে অভ্যস্ত করলে ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে। শরীরের মাংশপেশিগুলো গঠনে সুন্দর ও শক্তিশালী হয়ে ওঠে সাঁতারে। সাঁতারে ঊর্ধ্বাঙ্গ ও নিম্নাঙ্গের সব ধরনের অঙ্গের সমন্বয় একসঙ্গে ঘটে বলে অল্প সময়ে পুরো শরীরেরই ব্যায়াম হয়ে যায়।
সাঁতারে নামার প্রস্তুতি হিসেবে, কিছুক্ষণ হাত-পা ছুড়ে আড়মোড়া ভাঙার পরে শিশুকে পানিতে নামতে দিন। পানিতে পেশি জমে যাওয়ার শঙ্কা কমে যাবে। সাঁতার কাটার জন্য হালকা পোশাকই ভালো। চুলের সুরক্ষার জন্য শিশুকে সুইমিং ক্যাপ পরিয়ে দিন। সাঁতারের সময় কানে পানি যাওয়ার শঙ্কা থাকে, দুর্ঘটনা এড়াতে শিশুর কানে ইয়ার প্লাগ ব্যবহার করতে পারেন। পুলের পানিতে সাঁতার শেষে শিশুকে অবশ্যই স্বাভাবিক পানিতে গোসল করাতে হবে।

সাঁতারের জন্য প্রয়োজনীয় অনুষঙ্গ
সাঁতার পোশাক, সুইমিং ক্যাপ, ইয়ার প্লাগ, লাইফ হুইলের মতো প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিতে পারেন গুলশান সিটি করপোরেশন মার্কেট, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি, গুলিস্তান স্পোর্টস সরঞ্জামের দোকান থেকে। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সাঁতার প্রশিক্ষক রায়হান উদ্দীন আহমেদ জানালেন, ‘সাঁতার ব্যায়াম হিসেবে সব বয়সের জন্যই উপযোগী। শিশুর মানসিক সাহস বৃদ্ধিতেও সাঁতারের বিশেষ গুরুত্ব আছে। এ ছাড়া শিশুকাল থেকে সাঁতারে অভ্যস্ত হলে শিশুর শারীরিক গঠনেও চমৎকার পরিবর্তন আসে।’

শেখাতে পারেন সাঁতার
ঢাকা স্টেডিয়াম সুইমিংপুল: সাত বছর বয়স হলেই শিশুকে এখানে সাঁতার শেখাতে পারেন। মঙ্গল ও বুধবার বাদে সব দিনই খোলা থাকছে পুলটি।
ঢাকা বিশ্ববিদ্যালয় সুইমিংপুল: ছেলে ও মেয়েশিশুদের জন্য এখানে আলাদা সাঁতার শেখানোর ব্যবস্থা আছে। শিশুর বয়স হতে হবে ন্যূনতম সাত বছর এবং উচ্চতা কমপক্ষে চার ফুট।
জাতীয় সুইমিং কমপ্লেক্স: মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে শিশুরা বড়দের সঙ্গে সাঁতার কাটতে পারে।
প্যান প্যাসিফিক সোনারগাঁও, ঢাকা: এখানে ৬ থেকে ১২ এবং ১২ বছর ঊর্ধ্বদের জন্য আলাদা সাঁতার শেখার ব্যবস্থা আছে। শিখতে পারবেন সপ্তাহে চার দিন।
র্যাডিসন ব্লু: চার বছর বয়স থেকেই এখানে শেখানো হয় সাঁতার। খোলা থাকছে সপ্তাহের সাত দিনই।
সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স: পাঁচ বছর বয়স থেকে এই সুইমিংপুলে শুধু মেয়েরাই সাঁতার শেখার সুযোগ পায়। তবে অনূর্ধ্ব সাত বছরের ছেলেরাও সাঁতার শিখতে পারবে এখানে।